খুঁজুন
                               
, ,
           

ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
ট্রাইব্যুনালে ফেরদৌস-শাওন-সোমা ও আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ

Oplus_131072

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উসকানির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম, দুই সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলামসহ দেশের ২৭ জন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসেকিউটর বরাবর রাষ্ট্রসংলাপ ফোরামের (SDF) কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগপত্র জমা দেন। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও গণহত্যার ঘটনার পেছনে এসব ব্যক্তিদের উসকানি, সমর্থন ও প্রত্যক্ষ/পরোক্ষ ইন্ধন ছিল।

অভিযুক্ত ২৭ জনের তালিকা-

১. ফেরদৌস আহমেদ (চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য, ঢাকা-১০), ২. মেহের আফরোজ শাওন (অভিনেত্রী ও নির্মাতা), ৩. রিয়াজ আহমেদ (চিত্রনায়ক), ৪. অরুণা বিশ্বাস (অভিনেত্রী), ৫. শামীম আরা নিপা (নৃত্যশিল্পী), ৬. রোকেয়া প্রাচী (অভিনেত্রী ও নির্দেশক), ৭. মাহিয়া মাহি (চিত্রনায়িকা), ৮. নিপুন আক্তার (চিত্রনায়িকা), ৯. তানভীন সুইটি (অভিনেত্রী), ১০. হৃদি হক (নাট্যব্যক্তিত্ব), ১১. জ্যোতিকা জ্যোতি (অভিনেত্রী), ১২. সাজু খাদেম (অভিনেতা), ১৩. সোহানা সাবা (অভিনেত্রী), ১৪. পিয়া জান্নাতুল (মডেল ও আইনজীবী), ১৫. শামীমা তুষ্টি (অভিনেত্রী), ১৬. হিরো আলম (অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর), ১৭. আশনা হাবীব ভাবনা (অভিনেত্রী), ১৮. সাইমন সাদিক (চিত্রনায়ক), ১৯. সুজাতা আজিম (অভিনেত্রী), ২০. জায়েদ খান (চিত্রনায়ক), ২১. অজিজুল হাকিম (অভিনেতা), ২২. চন্দন রেজা (অভিনেতা), ২৩. আসাদুজ্জামান নূর (অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী), ২৪. মারিয়া কিশপট্টা (মডেল), ২৫. শান্তা ফারজানা, ২৬. সোমা ইসলাম (উপস্থাপিকা, চ্যানেল আই), ২৭. আনিস আলমগীর (সাংবাদিক)।

অভিযোগকারী আল নূর মোহাম্মদ আয়াস বলেন, গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন নির্যাতন চালানো হচ্ছিল, তখন অভিযুক্তরা অপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে উসকানি দিয়েছেন। পাশাপাশি জুলাইয়ে গণঅভ্যুত্থানের পরও তারা জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে উসকানিমূলক স্ট্যাটাস, বক্তব্য ও ষড়যন্ত্র করে যাচ্ছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

কালের আলো/এসএকে

ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
ইসিতে নতুন জনসংযোগ পরিচালক নিয়োগ

Oplus_131072

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। সংস্থাটির নতুন জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) হিসেবে নিয়োগ পেয়েছেন এনআইডি অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকার।

রোববার (২৬ জুলাই) ইসির সহকারী সচিব (মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ শাহিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের উপসচিব মো. আব্দুল মমিন সরকারকে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক (পিআর) হিসেবে বদলি করা হলো।

একইসঙ্গে নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) রুহুল আমিন মল্লিককে নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে, সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবকে চিঠি দেয় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

কালের আলো/এসএকে

জনবান্ধব সরকার-দেশ গড়া শেখাচ্ছেন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
জনবান্ধব সরকার-দেশ গড়া শেখাচ্ছেন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমাদের সামাজিক, মানবিক, জনবান্ধব সরকার ও দেশ গড়ার জন্য কাজের শিক্ষা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 রোববার (২৬ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​বিমানমন্ত্রী বলেন, একজন দেশপ্রেমিক মানুষ কখনও দুর্নীতিবাজ হতে পারে না। তাই আমাদের মূল লক্ষ্য হতে হবে দেশপ্রেম।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সততা ও নিষ্ঠার সঙ্গে পথ চলতে শিখিয়েছেন।

এই তিনটি শিক্ষা আমাদের আগামীর পথচলা ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।

তিনি বলেন, নিজেকে সুন্দর রাখতে হলে দেশকেও সুন্দর রাখতে হবে।

দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষার্থীর জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে কাজ করে যাচ্ছেন।

​শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের উদ্দেশে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, যে অনুপ্রেরণা ও আন্তরিকতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, আমি কখনোই তা ভুলব না। আপনাদের আস্থা ও বিশ্বাসের কারণেই প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়েছেন। আপনাদের প্রতিটি দাবি পূরণের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।

​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

এসডিজি অর্জনে বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
এসডিজি অর্জনে বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনে আগামী পাঁচ বছরে বাংলাদেশের আরও প্রায় ৪২১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের প্রয়োজন হবে। সরকারের এসডিজি অর্থায়ন কৌশলের পর্যালোচনায় এই বিশাল অঙ্কের অর্থ ঘাটতির তথ্য উঠে এসেছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীতে ‘ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যাসেসমেন্ট (ডিএফএ) ও এসডিজি অর্থায়ন বিষয়ক জাতীয় ভ্যালিডেশন কর্মশালা’ অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে পরিচালিত ইউএনডিপি ক্লাইমেট ফাইন্যান্স নেটওয়ার্ক কর্মসূচির সহায়তায় অনুষ্ঠিত এ আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, ব্যাংকিং খাত, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানান হয়, ২০২৬-২৭ থেকে ২০২৯-৩০ অর্থবছর পর্যন্ত অতিরিক্ত এই অর্থের বড় একটি অংশ দেশীয় সরকারি-বেসরকারি উৎস, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে সংস্থান করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী জানান, এসডিজি বাস্তবায়নের অবশিষ্ট সময় অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ হাতে সময় সীমিত এবং বৈশ্বিক পরিস্থিতিও অনিশ্চিত। তবে সুস্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ, সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইআরডি সচিবের পাশাপাশি সেশনের সভাপতি ও অতিরিক্ত সচিব এ.এইচ.এম. জাহাঙ্গীর উল্লেখ করেন যে, স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের এই সন্ধিক্ষণে বাংলাদেশের জন্য একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক অর্থায়ন পরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত জরুরি।

বিশ্বজুড়ে উন্নয়ন অর্থায়নের সুযোগ সংকুচিত হয়ে আসছে উল্লেখ করে অনুষ্ঠানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরজনিয়াক দেশীয় সম্পদ ব্যবহারের ওপর জোর দেন। বিশেষ করে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি করা এবং বেসরকারি খাতকে টেকসই উন্নয়নে উৎসাহিত করার মধ্য দিয়ে নিজস্ব অর্থায়ন বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। একই সুর মিলিয়ে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে বলেন, বর্তমান বাস্তবতায় অর্থায়ন কেবল সম্পদ সংগ্রহের বিষয় নয়, বরং পরিকল্পনা প্রণয়নের শুরু থেকেই উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সক্রিয় অংশীদার করা প্রয়োজন।

কর্মশালার মূল উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বাংলাদেশের পরিবর্তিত অর্থায়ন পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারি-বেসরকারি উভয় খাত থেকে অর্থ সংগ্রহের পথরেখা তুলে ধরেন। কর্মশালায় সংগৃহীত বিভিন্ন মতামতের আলোকেই সরকারের ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যাসেসমেন্ট এবং এসডিজি অর্থায়ন কৌশল চূড়ান্ত রূপ পাবে বলে জানানো হয়।

কালের আলো/এসএকে