হরমুজে নৌমাইনের আঘাতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা খেয়ে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান-অনুমোদিত নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার পর জাহাজটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
তবে এ ঘটনায় এখনো ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি পার হওয়ার সময় ট্যাংকারটি বিস্ফোরণের শিকার হয়।
তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত নৌপথ থেকে বিচ্যুত হওয়ার পর তেলবাহী জাহাজটি একটি নৌমাইনে আঘাত করে। এর ফলেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ইরান একাধিকবার সতর্ক করেছিল যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। নির্ধারিত পথ থেকে সরে গেলে এর দায় সংশ্লিষ্ট জাহাজকেই নিতে হবে বলেও সতর্ক করা হয়েছিল।
এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কয়েকটি জাহাজ আটক ও হামলার ঘটনার পর জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি ইরান নির্ধারিত নৌপথ ব্যবহারের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
কালের আলো/এসএ



আপনার মতামত লিখুন
Array