খুঁজুন
                               
, ,
           

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ আগস্ট 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১০ আগস্ট 

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গত ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু ফলাফল প্রস্তুত না হওয়ায় তা প্রকাশ করা যায়নি।

সকালে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, আমরা ২৮ জুলাই পর্যন্ত ফলাফল প্রস্ততের সময় চেয়েছিলাম। এরপর যেকোনো দিন ফল প্রকাশ করা যাবে।

২০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হয়েছে। সাধারণত ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।

সারাদেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ছিল।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী এবং ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে। যার মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

কালের আলো/এসকে/এমএসআইপি

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

একটি বড় দুর্ঘটনার কারণে এলএনজিকে গ্যাসিফাই করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে না পারার কারণে গ্যাস সংকট হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ও পরের সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংকটের কারণ আমাদের সবার জানা, গত সপ্তাহ থেকে সংকট শুরু হয়েছে, দিনের সঙ্গে সঙ্গে কিছুটা হয়তবা তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

ইন্ডাস্ট্রিতে বলি অথবা পাওয়ার প্লান্টে বলি, আমরা বাসাবাড়িতে যে গ্যাস সাপ্লাইটা দিয়ে থাকি সেটা আমাদের নিজস্ব দেশীয় উৎপাদন। এর সঙ্গে আমদানি করা এলএনজি রিগ্যাসিফাই করে ন্যাশনাল গ্রিডের মাধ্যমে আমরা সাপ্লাই দিয়ে থাকি।

আমরা এলএনজি এনে থাকি আমদানি করে সেটা দুটি এফএসআরইউর মাধ্যমে…। আমাদের এই মুহূর্তে প্রতিদিন গ্যাসের চাহিদা হচ্ছে ৩৮০০ মিলিয়ন কিউবিক ফিট পার ডে।

আমরা সেখানে আমদানি করা এলএনজি ও আমাদের দেশীয় উৎপাদন মিলে প্রায় ২৭০০ পর্যন্ত মিলিয়ন ঘনফুট সাপ্লাই দিয়ে থাকি, অর্থাৎ এরপরও একটা ডেফিসিট থেকে যায়।

‘এর মধ্যে এই যে আমরা যেই ২৭০০ সাপ্লাই করে থাকি, তার মধ্যে অ্যারাউন্ড ১৬০০-১৬৫০ হচ্ছে আমাদের দেশীয় উৎপাদন, অর্থাৎ প্রতিদিন ১৬০০ মিলিয়ন ঘনফুট। আর আমদানি করা এলএনজির মাধ্যমে আমরা ১০০০ থেকে ১০৫০ অথবা ১১০০ পর্যন্ত আমরা সাপ্লাই দিয়ে থাকি। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানি করা এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউর মাধ্যমে রিগ্যাসিফাই করে ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি।

তার মধ্যে একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় গত সপ্তাহে। যার ফলে ওই এফএসআরইউ থেকে আমরা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। সেক্ষেত্রে আমদানি করা এলএনজির যে সাপ্লাইটি ছিল তার ৫০ শতাংশ এই মুহূর্তে কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে।’

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এই দুটি এফএসআরইউ অপারেট করে  একটা হচ্ছে এক্সিলারেট, ইউএস কোম্পানি। আরেকটা হচ্ছে সামিট। এটা মূলত এক্সিলারেট এনার্জির, যেটা এফএসআরইউ সেটাতে ত্রুটি দেখা দিয়েছে। এরপর থেকে পেট্রোবাংলা, আরপিজিসিএল ও মন্ত্রণালয় তাদের সঙ্গে কাজ করছে। প্রথম দিকে তারা মনে করেছিল যে ২৪ ঘণ্টার মধ্যে এটা তারা রিস্টোর করতে পারবে।

এটার টেকনিক্যাল পিপলও তাদের, অর্থাৎ প্রাইভেট কোম্পানির। পরবর্তীতে যখন তারা ৪৮ ঘণ্টার মধ্যে প্রবলেমটা সলভ করতে পারেনি তখন আমাদের জ্বালানি বিভাগের অনুরোধে তখন বাইরের থেকে তাদের বিশেষজ্ঞ আনে। তাদের ইউকে থেকে বিশেষজ্ঞ এসেছে, ইউএই থেকে বিশেষজ্ঞ এসেছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই মুহূর্তে পেট্রোবাংলার, আরপিজিসিএল ও আমাদের জ্বালানি বিভাগের টেকনিক্যাল পিপল এবং আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ কেউ এফএসআরইউ অর্থাৎ সংশ্লিষ্ট জাহাজে অবস্থান করছে।

তিনি বলেন, আমরা এরপরও রিজিওনাল তাদের যে হেড, ইউএই থেকে, তাদেরকে আমরা ডেকেছি, আগামীকাল উনারা আসবেন। প্রাথমিকভাবে যেটুকু আমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, ইন ডেপথ, আমরা আশা করছি গ্যাস সাপ্লাই সংকটটা আগামী সপ্তাহ থেকে কিছুটা কাটা শুরু করবে ইনশাআল্লাহ। তাদের কথার ওপর আমরা শুধু নির্ভর না করে, এখানে আমাদের টেকনিক্যাল লোকজন তাদের টেকনিক্যাল লোকজনদের সঙ্গে কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হয়তবা আরও কিছুদিন লাগবে। টোটাল সাপ্লাইটা ওরা অ্যারাউন্ড ৫০০ থেকে ৫৫০ করত, আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে হয়তবা ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা বুঝতে পারছি যে মানুষের কষ্ট হচ্ছে, আমরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে আমাদের ন্যূনতম কোনো দ্বিধা নেই। যেটা বললাম যে, সরকারি প্রতিষ্ঠান নয় বলে দায় স্বীকার করব না ব্যাপারটা এরকম কিছু না, যেহেতু জনগণের প্রত্যাশার জায়গায় সরকার রয়েছে, আমরা এই দায়িত্বটা নিয়েই সমাধান করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমরা মনে করছি আগামী সপ্তাহে যদি তারা ৫০% সাপ্লাই রিস্টোর করতে পারে, তার পরের সপ্তাহে ইনশাআল্লাহ ১০০% তারা রিস্টোর করতে পারবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

রাস্তা কেটে দেওয়া বা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো সম্পূর্ণ ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’ বল মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেছেন, দেশের ও সরকারের বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এসব অপরাধীর বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আলীনগরের যৌথ বাহিনীর ক্যাম্পে র‌্যাব, বিজিবি ও পুলিশ মিলিয়ে প্রায় তিনশ সদস্য রয়েছেন। তাদের জন্য পাশের ডিপটিউবওয়েলের সংযোগস্থলে বিষ বা বিষজাতীয় কিছু পুশ করেছিল দুর্বৃত্তরা। পরে অপারেটর সকালে পানি ও টাংকি চেক করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে সবাইকে সতর্ক করেন।

তিনি আরও বলেন, রাস্তা কেটে দেওয়া বা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো এই ধরনের বারবার ঘটনা সম্পূর্ণ অন্তর্ঘাতমূলক কার্যক্রম (সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ)। দেশের ও সরকারের বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এসব অপরাধীর বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসছে সিইসি নেতৃত্বাধীন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসছে সিইসি নেতৃত্বাধীন কমিশন

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (২৭ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই আলোচনার প্রেক্ষিতেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

চিঠি থেকে আরও জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য সব নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়াও সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে অবস্থান করবেন। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।

কালের আলো/এসএকে