খুঁজুন
                               
, ,
           

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো বাংলাদেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের (ভ্যালু অ্যাডেড) টেক্সটাইল পণ্য তৈরির পরিকল্পনা করছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সানকোর প্রতিনিধি দলের বৈঠকে এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানানো হয়। বৈঠকে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকে সানকোর প্রতিনিধিরা জানান, বাংলাদেশে তাদের বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তুরস্ক থেকে টেক্সটাইল পণ্য সরবরাহ করা হলেও বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, সম্ভাবনাময় বাজার এবং রপ্তানি সক্ষমতার কারণে এখানে উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তারা বলেন, প্রস্তাবিত প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর কাপড় উৎপাদন, ফ্যাব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য তৈরি করা হবে। এতে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে মানসম্পন্ন পণ্য উৎপাদনের সক্ষমতা আরও বাড়বে।

সানকোর প্রতিনিধিরা বলেন, বাংলাদেশে তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রেতা রয়েছে। স্থানীয় উৎপাদন শুরু হলে নতুন আন্তর্জাতিক ক্রেতাদেরও বাংলাদেশে আনা সম্ভব হবে। একই সঙ্গে দেশের বিদ্যমান টেক্সটাইল কারখানাগুলো প্রযুক্তি, দক্ষতা এবং বাজার সম্প্রসারণের সুযোগ পাবে।

তারা আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্য স্থান নির্বাচন এবং অংশীদারদের সঙ্গে আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত হলে আগামী কয়েক মাসের মধ্যে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। নির্মাণকাজ শুরু হওয়ার ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রকল্পটি উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে সানকোর পক্ষ থেকে গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানি সুবিধা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন দ্রুত নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই উৎপাদনব্যবস্থা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিষ্ঠানটি জানায়, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা অনুযায়ী কয়লাবিহীন ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

প্রতিনিধিরা বলেন, আধুনিক এ টেক্সটাইল উৎপাদন কেন্দ্র বাস্তবায়িত হলে শুধু বিনিয়োগ ও কর্মসংস্থানই বাড়বে না, বরং বাংলাদেশের বস্ত্র খাত উচ্চমূল্যের পণ্য উৎপাদনের দিকে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে এবং নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তুলে ধরে সানকোকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করছে এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

চা-শ্রমিকদের পাশে সরকার, ২০ হাজার রেইনকোট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
চা-শ্রমিকদের পাশে সরকার, ২০ হাজার রেইনকোট বিতরণ

মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষায় বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য মোট ২০ হাজার রেইনকোট দেওয়া হচ্ছে।

এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ। সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রেইনকোট গ্রহণকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন। এ সময় চা-শ্রমিকদের পক্ষ থেকে শান্তি উড়িয়া, মুন্নী কুর্মি, জ্যোৎস্না আক্তার, রিনা তাঁতী, শশিকা ব্যানার্জি, কবিতা কর্মকার, সুজাতা বিশ্বাস, রিতা রাণী বাউরী ও আফখাতুন নাহার উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে বাপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন, উপদেষ্টা তপন চৌধুরী, কার্যকরী সদস্য মিজ সিমিন রহমান ও নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম; শেভরন বাংলাদেশের পরিচালক মো. ইমরুল কবির, আশিক শেহজাদ রহমান ও হেড অব কমিউনিটি এনগেজমেন্ট এ কে এম আরিফ আখতার এবং পাণ্ডুঘর গ্রুপের পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ সহকারী প্রসিকিউটর নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ সহকারী প্রসিকিউটর নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ জন সহকারী প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটি অস্থায়ী এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ১৬৮ টাকা, যা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

আবেদনকারীদের ৩০০×৩০০ পিক্সেল ছবি ও ৩০০×৮০ পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে যুক্ত করতে হবে। দেশের যেকোনো জেলায় কর্মস্থলে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা
আবেদন ওয়েবসাইট: dnc.teletalk.com.bd

কালের আলো/এসএ

 

 

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিকেল ৪টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন। এদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা ব্যালট পেপার ছাপিয়ে ওইদিনই নিয়ে যাবো। ভোটগ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।আপনারা দেখবেন আমরা কত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে পারি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য (আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন এখনো শূন্য রয়েছে)। ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটগ্রহণ করা হবে।

এর আগে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। যদিও জামায়াত মনোনীত প্রার্থী অলি আহমদের অন্য আবেদনটি অবৈধ ঘোষণা করা হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ