খুঁজুন
                               
, ,
           

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ট্রাম্পের বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ট্রাম্পের বিশেষ দূত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররতর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা এবং অংশীদারিত্ব আরও বাড়ানোর সুযোগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন তথ্যই দেন সার্জিও গর।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং তার প্রতি দৃঢ় আস্থা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের।

সার্জিও গর বলেন, যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন হিসেবে বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে মার্কিন বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা যাবে যে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।

আগামী সপ্তাহেই বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করতে আসছে জানিয়ে এরপর তিনি বলেন, আমরা যে বার্তাটি নিশ্চিত করতে চাই তা হচ্ছে, আমাদের দুই পক্ষের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। সেটা ওষুধ শিল্পের সঙ্গে বা অন্য কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হোক না কেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এ সম্পর্ক তৈরি করতে এবং পরবর্তী স্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম এক্সেও একটি পো‌স্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের এই বিশেষ দূত। সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্ব আরও দৃঢ় করার জন্য বিদ্যমান চমৎকার সুযোগগুলো নিয়ে আলোচনা করেছি। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারবো।

কালের আলো/এসএকে

জুলাই মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
জুলাই মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জুলাই এমন একটি মাস, যা এ দেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না।

শনিবার (০১ আগস্ট) দুপুরে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এদেশকে ধ্বংস করতে চেয়েছিল। এই জুলাই-আগস্ট মাসে আমাদের নবপ্রজন্ম সেখান থেকে দেশকে ফিরিয়ে আনে। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে ফিরে পেয়েছি।

মন্ত্রী আরও বলেন, আমাদেরকে শুধুমাত্র গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানব সম্পদের পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস।

তাদেরকে যদি আমরা দক্ষ করে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য কারিগরি শিক্ষায় আরও অধিক গুরুত্ব দিতে হবে। ‌এ লক্ষ্যে আমরা বাংলাদেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে যাচ্ছি। ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের আরও উদ্ভাবনী সক্ষমতা অর্জন করতে হবে। ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তাদেরকে কাজ করতে হবে।

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসন ১৬ এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহিদ কুমিল্লা সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী শহিদ হামিদুর রহমান মজুমদার (সাদমান) ও কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী শহিদ সামিদ হোসেনের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আহত শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেন।

এর আগে মন্ত্রী  কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমরা ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়টি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর আমাদের শিক্ষার্থীরা। তারা শিক্ষাঙ্গণে যে সময়টা কাটাচ্ছে তা অত্যন্ত মূল্যবান। জীবনের এই সময়টিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি, দেশ গড়ার শপথ নিয়ে আগামী দিনে আন্তরিকভাবে কাজ করতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আবার এক হচ্ছেন শাকিব-মেহেদী, নতুন সিনেমায় কি থাকছেন সাবিলা নূর?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
আবার এক হচ্ছেন শাকিব-মেহেদী, নতুন সিনেমায় কি থাকছেন সাবিলা নূর?

‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান। নতুন এই সিনেমাকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনেত্রী সাবিলা নূরের নাম ঘুরে বেড়াচ্ছে।

ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছিল মেহেদী হাসানের পরিচালনায় প্রথম চলচ্চিত্র। ছবিটি দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য—দুই ক্ষেত্রেই আলোচিত হয়। এরপর কিছু সময় বিরতি থাকলেও প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই নির্মাতা ও শাকিব খান।

নতুন সিনেমা প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, ‘আমরা একসঙ্গে সিনেমাটি করছি, এটা সত্য। “বরবাদ”–এর পর দর্শক ও হলমালিকদের প্রত্যাশা অনেক বেড়েছে। তাই এবার দায়িত্বও বেশি। তবে এবারের গল্প আরও শক্তিশালী হবে।’

তবে সিনেমার নাম বা গল্প সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। শোনা যাচ্ছে, ছবিটির নাম হতে পারে ‘নিঃস্ব’ বা ‘হায়েনা’। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পরিচালক জানিয়েছেন, বর্তমানে তাঁরা প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত। ‘বরবাদ’-এর মতো এবারও এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা হবে এবং দর্শক নতুনভাবে শাকিব খানকে দেখতে পাবেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নায়িকা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবিলা নূর। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন তিনি। ফলে অনেকের ধারণা, নতুন ছবিতেও তাঁকেই দেখা যাবে।

তবে এ বিষয়ে পরিচালক বলেন, এখনো কোনো নায়িকা চূড়ান্ত হয়নি। স্ক্রিপ্ট লক হওয়ার পরই কাস্টিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার জানান, আগামী অক্টোবরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যও রয়েছে। নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, গল্পের সঙ্গে যিনি সবচেয়ে মানানসই হবেন, তাঁকেই নির্বাচন করা হবে।

সাবিলা নূরকে নিয়ে চলা জল্পনা সম্পর্কে প্রযোজক বলেন, ‘এই সিনেমার জন্য আমরা এখনো সাবিলাকে ভাবছি না। তবে পরবর্তী একটি প্রজেক্টে তাঁকে নিয়ে পরিকল্পনা রয়েছে। সবকিছুই গল্পের প্রয়োজন অনুযায়ী ঠিক করা হবে।’

এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নতুন সিনেমাটিতে দুইজন নায়িকা থাকতে পারেন। তাঁদের একজন কলকাতার এবং অন্যজন বাংলাদেশের অভিনেত্রী হতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

কালের আলো/এসএ

চুক্তি নবায়নে অনড় রিয়াল, সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে ছাড়তে প্রস্তুত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
চুক্তি নবায়নে অনড় রিয়াল, সমঝোতা না হলে ভিনিসিয়ুসকে ছাড়তে প্রস্তুত

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আর ছাড় দিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। আলোচনায় সমঝোতা না হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাঁকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন–এর তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রতিনিধিদের রিয়াল ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ক্লাবের দেওয়া সর্বশেষ প্রস্তাবই চূড়ান্ত। এর বাইরে নতুন কোনো প্রস্তাব দেওয়া হবে না।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ভিনিসিয়ুস প্রস্তাব গ্রহণ করলে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানো হবে। অন্যথায় আগামী মৌসুমে চুক্তির শেষ বছরে প্রবেশের আগেই তাঁকে বিক্রির পথ সহজ করে দেবে ক্লাব। বিনা মূল্যে (ফ্রি ট্রান্সফার) তাঁকে হারানোর ঝুঁকি নিতে চায় না রিয়াল।

এদিকে ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ইএসপিএনের দাবি, ব্রাজিলিয়ান তারকা রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিলে তাঁকে দলে টানার দৌড়ে সুবিধাজনক অবস্থানে থাকতে চায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এখনো আর্সেনালের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে আগামী সোমবার রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে প্রাক্-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভিনিসিয়ুসের। যদিও তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

সূত্রগুলোর দাবি, রিয়াল কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের পরবর্তী বৈঠকের তারিখও এখনো নির্ধারিত হয়নি। ক্লাবের অবস্থান পরিষ্কার—চুক্তি নবায়ন করবেন নাকি নতুন ঠিকানা খুঁজবেন, সেই সিদ্ধান্ত এখন ভিনিসিয়ুসের।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, দুই পক্ষের মূল মতবিরোধ বেতন নয়, বরং চুক্তির সাইনিং বোনাস নিয়ে। বর্তমানে ব্যক্তিগত বোনাসসহ ভিনিসিয়ুসের বার্ষিক আয় প্রায় ১ কোটি ৮৫ লাখ ইউরো। রিয়ালের সর্বোচ্চ বেতনসীমা ২ কোটি ইউরো হওয়ায় বেতন বড় বাধা নয় বলে মনে করা হচ্ছে।

রিয়ালের যুক্তি, ক্লাবে আগে থেকেই থাকা কোনো খেলোয়াড়ের সাইনিং বোনাস ফ্রি ট্রান্সফারে যোগ দেওয়া ফুটবলারের চেয়ে বেশি হওয়া উচিত নয়। অন্যদিকে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের দাবি, তাঁর বিকল্প খুঁজতে রিয়ালকে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হতো, সে তুলনায় তাঁদের দাবি যৌক্তিক।

২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়া ভিনিসিয়ুস ইতোমধ্যে ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। দুটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি’অর ভোটে রানার্সআপ হন তিনি।

তবে চলতি দলবদলে রিয়াল আক্রমণভাগে নতুন খেলোয়াড় যুক্ত করছে। নতুন মৌসুমে প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি চুক্তি-সংক্রান্ত জটিলতা অব্যাহত থাকলে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

সূত্র: ইএসপিএন

কালের আলো/এসএ