আবার এক হচ্ছেন শাকিব-মেহেদী, নতুন সিনেমায় কি থাকছেন সাবিলা নূর?
‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান। নতুন এই সিনেমাকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনেত্রী সাবিলা নূরের নাম ঘুরে বেড়াচ্ছে।
ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছিল মেহেদী হাসানের পরিচালনায় প্রথম চলচ্চিত্র। ছবিটি দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য—দুই ক্ষেত্রেই আলোচিত হয়। এরপর কিছু সময় বিরতি থাকলেও প্রায় দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই নির্মাতা ও শাকিব খান।
নতুন সিনেমা প্রসঙ্গে মেহেদী হাসান বলেন, ‘আমরা একসঙ্গে সিনেমাটি করছি, এটা সত্য। “বরবাদ”–এর পর দর্শক ও হলমালিকদের প্রত্যাশা অনেক বেড়েছে। তাই এবার দায়িত্বও বেশি। তবে এবারের গল্প আরও শক্তিশালী হবে।’
তবে সিনেমার নাম বা গল্প সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। শোনা যাচ্ছে, ছবিটির নাম হতে পারে ‘নিঃস্ব’ বা ‘হায়েনা’। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পরিচালক জানিয়েছেন, বর্তমানে তাঁরা প্রি-প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত। ‘বরবাদ’-এর মতো এবারও এটি একটি অ্যাকশনধর্মী সিনেমা হবে এবং দর্শক নতুনভাবে শাকিব খানকে দেখতে পাবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নায়িকা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবিলা নূর। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় কাজ করেছেন তিনি। ফলে অনেকের ধারণা, নতুন ছবিতেও তাঁকেই দেখা যাবে।
তবে এ বিষয়ে পরিচালক বলেন, এখনো কোনো নায়িকা চূড়ান্ত হয়নি। স্ক্রিপ্ট লক হওয়ার পরই কাস্টিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার জানান, আগামী অক্টোবরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যও রয়েছে। নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, গল্পের সঙ্গে যিনি সবচেয়ে মানানসই হবেন, তাঁকেই নির্বাচন করা হবে।
সাবিলা নূরকে নিয়ে চলা জল্পনা সম্পর্কে প্রযোজক বলেন, ‘এই সিনেমার জন্য আমরা এখনো সাবিলাকে ভাবছি না। তবে পরবর্তী একটি প্রজেক্টে তাঁকে নিয়ে পরিকল্পনা রয়েছে। সবকিছুই গল্পের প্রয়োজন অনুযায়ী ঠিক করা হবে।’
এদিকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নতুন সিনেমাটিতে দুইজন নায়িকা থাকতে পারেন। তাঁদের একজন কলকাতার এবং অন্যজন বাংলাদেশের অভিনেত্রী হতে পারেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array