খুঁজুন
                               
, ,
           

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বাতিলে ফিফাকে স্বাগত জানাল এএফসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বাতিলে ফিফাকে স্বাগত জানাল এএফসি

বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে আসায় ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তবে ভবিষ্যতে বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে এমন যেকোনো উদ্যোগ নেওয়ার আগে সর্বোচ্চ স্বচ্ছতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথাযথ আলোচনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা এক বিবৃতিতে বলেন, ভবিষ্যতে বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ যেকোনো পরিকল্পনা সময়মতো, স্বচ্ছ ও কার্যকরভাবে বিভিন্ন কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীজনের সামনে উপস্থাপন করা উচিত। পাশাপাশি এসব বিষয়ে যথাযথ আলোচনারও প্রয়োজন রয়েছে।

ফিফার পরিকল্পনা ছিল একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে এর প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এ উদ্যোগের মাধ্যমে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল। নতুন ইউনিটটি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করত।

তবে গত মঙ্গলবার পরিকল্পনাটি প্রকাশের পরই এএফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে পড়ে ফিফা। তাদের অভিযোগ ছিল, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করা হয়নি।

বিরোধিতার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পরে ঘোষণা দেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনায় নিয়ে পরিকল্পনাটি আর এগিয়ে নেওয়া হবে না।

পরিকল্পনা বাতিলের পর এএফসির ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে শেখ সালমান বলেন, বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ যৌথ সংলাপ, পারস্পরিক আস্থা এবং বিদ্যমান ফুটবল কাঠামোর প্রতি সম্মান রেখেই গড়ে তোলা উচিত।

এর আগে গত বৃহস্পতিবার সদস্য সংস্থাগুলোকে পাঠানো এক চিঠিতে তিনি ফিফার প্রস্তাব উত্থাপনের পদ্ধতিকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছিলেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার অধীন ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের একটি। সংস্থাটি এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া অঞ্চলের জাতীয় দল এবং ক্লাব ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনা করে।

সূত্র: এএফসি

কালের আলো/এসএ

দুদক সচিব হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
দুদক সচিব হিসেবে যোগ দিলেন সাইদুর রহমান

দীর্ঘ ৫ মাস শূন্য থাকার পর দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইদুর রহমান খান। যোগ দিয়েই তিনি সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ের মধ্যে দুদক কমিশন গঠন করা হবে।

রোববার (২ আগস্ট) তিনি দুদক সচিব হিসেবে যোগদান করেন।

তিনি বলেন, আমরা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এর অংশ হিসেবে এখানে যোগ দিয়েছি। ‎দ্রুততম সময়ে কমিশন গঠন হবে। নতুন সরকার গঠন হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার আছে। সংস্কারে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি গত ৫ জানুয়ারী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য।

কালের আলো/আরডি/এমডিএইচ

জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২.৮৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২.৮৬ বিলিয়ন ডলার

দেশে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ২.৮৬ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ বা প্রায় ৩৮ কোটি ডলার। এ সময়ে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। সেই হিসাবে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ কোটি ডলার। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ১৬১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মাসের প্রথম পাঁচ দিনে আসে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। পরে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। ২১ দিনে মোট প্রবাসী আয় দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে, ২৭ দিনে তা বেড়ে হয় ২৫২ কোটি ৪০ লাখ ডলার এবং মাস শেষে তা পৌঁছে প্রায় ২৮৬ কোটি ডলারে।

ব্যাংকভিত্তিক হিসাবে জুলাইয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ৫৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২০৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ২০ হাজার ডলার।

তবে জুলাই মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। এছাড়া বিদেশি ব্যাংকের মধ্যে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।সংশ্লিষ্টদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রণোদনা এবং প্রবাসীদের আগ্রহ বৃদ্ধির ফলে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও প্রবাসী আয় উচ্চ অবস্থানে থাকবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় নির্বাহ এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
হামলার শিকার ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপি

উত্তরখানে পরিচ্ছন্নকর্মীদের ওপর হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় তাদের উপস্থিতিতেই গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে।

রোববার (২ আগস্ট) দুপুরে ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে এসটিএসে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা চালায়। এতে চারজন গুরুতর আহতসহ অন্তত ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ওই হামলার ঘটনা পরিদর্শনে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের এমপি জাহাঙ্গীর হোসেন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ সদস্যরা। এসময় পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষের আবারও বাকবিতণ্ডা ও দুর্ব্যবহার শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে প্রশাসক ও এমপির সামনেই গার্মেন্টস মালিকপক্ষের লোকেরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নকর্মীদের খোঁজখবর নেন। এসময় প্রশাসক বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

পরিচ্ছন্নকর্মীদের অভিযোগ, এসটিএসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গার্মেন্টস মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে তাদের ওপর হামলা চালানো হয়। পরে ঘটনাটি পরিদর্শনে গেলে আবারও হামলার ঘটনা ঘটে।

কালের আলো/আরডি/এমডিএইচ