খুঁজুন
                               
, ,
           

হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ২:১৭ পূর্বাহ্ণ
হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর

উগ্রবাদী সংগঠনের সদস্য বা দূস্কৃতিকারীদের দ্বারা পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।

মাঠপর্যায়ের সব ইউনিটকে অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য/দূস্কৃতিকারী কতৃক পুলিশের ব্যাবহৃত যানবাহন জীপ, পিক-আপ, বাস ইত্যাদি আক্রান্ত হতে পারে। এরকম ঘটনা প্রতিরোধে ডিউটিরত কোন যানবাহন সাময়িক বিরতিতে রাখলে অবশ্যই যথাসম্ভব নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে।

এছাড়া ডিউটি শেষে থানা, অফিস কম্পাউন্ড, পুলিশ লাইন্সে পার্ক করা গাড়ীসমূহের নিরাপত্তাও একইভাবে জোরদার করতে হবে।

এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

যদিও এব্যাপারে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ সদর দপ্তরের এআইজি(মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ মাঝেমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেয়। এই বার্তা সেই কাজেরই অংশ। পুলিশকে সক্রিয় রাখতে ও সতর্ক করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

যদিও আতঙ্কত ছড়ানোর মতো ঘটনা গেলো এক সপ্তাহে ঘটেছে খোদ রাজধানীতে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করা হয়।

পরে পুলিশ জানায়, সেই বোমাটি (আইইডি) ছিল খুবই শক্তিশালী। যা পুলিশ নিষ্ক্রিয় করেছে, বোমাটি সেখানে রাখা হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার পথে। রথযাত্রার শোভাযাত্রাটি যখন সেই বোমা রাখা স্থান অতিক্রম করছিল তখন পুলিশ সেটি ঘিরে রেখেছিল। আর শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে পুলিশের ভাষ্য ছিল, এখানে শর্ট সার্কিট হয়েছে।

একই ঘটনার পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা পড়ে থাকা নিয়ে আতঙ্ক ছড়ায়। বোমা উদ্ধারের ঘটনায় মতিঝিল থানার এসআই মো. মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছেন।

এসবের মধ্যে গতকাল দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় সন্দেহজনক ব্যাগ এবং একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়। ব্যাগ ও বস্তায় বোমা থাকতে পারে সন্দেহে পুলিশে খবর দেওয়া হয়। যদিও ডিএমপি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।

এসব ঘটনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, এসব ঘটনা বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

চা-শ্রমিকদের পাশে সরকার, ২০ হাজার রেইনকোট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
চা-শ্রমিকদের পাশে সরকার, ২০ হাজার রেইনকোট বিতরণ

মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষায় বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জনকল্যাণমূলক কাজে অংশ নিতে চায়, সরকার সর্বদা তাদের পাশে থাকবে।’

অনুষ্ঠানে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সার্বিক খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে নেওয়া এ কর্মসূচির আওতায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য মোট ২০ হাজার রেইনকোট দেওয়া হচ্ছে।

এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট সরবরাহ করছে।

অনুষ্ঠানে বেসরকারি খাতের প্রতিনিধিরা বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ। সরকারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও চা-শ্রমিকসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান ও নিরাপদ কর্মপরিবেশ উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

রেইনকোট গ্রহণকালে শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা হিসেবে চা-পাতা উপহার দেন। এ সময় চা-শ্রমিকদের পক্ষ থেকে শান্তি উড়িয়া, মুন্নী কুর্মি, জ্যোৎস্না আক্তার, রিনা তাঁতী, শশিকা ব্যানার্জি, কবিতা কর্মকার, সুজাতা বিশ্বাস, রিতা রাণী বাউরী ও আফখাতুন নাহার উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট ও সুনামগঞ্জ বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে বাপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসাদ্দেক হোসেন, উপদেষ্টা তপন চৌধুরী, কার্যকরী সদস্য মিজ সিমিন রহমান ও নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম; শেভরন বাংলাদেশের পরিচালক মো. ইমরুল কবির, আশিক শেহজাদ রহমান ও হেড অব কমিউনিটি এনগেজমেন্ট এ কে এম আরিফ আখতার এবং পাণ্ডুঘর গ্রুপের পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স চিফ গোলাম হাবিব উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ সহকারী প্রসিকিউটর নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ সহকারী প্রসিকিউটর নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ জন সহকারী প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটি অস্থায়ী এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদন ফি ১৬৮ টাকা, যা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

আবেদনকারীদের ৩০০×৩০০ পিক্সেল ছবি ও ৩০০×৮০ পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে যুক্ত করতে হবে। দেশের যেকোনো জেলায় কর্মস্থলে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা
আবেদন ওয়েবসাইট: dnc.teletalk.com.bd

কালের আলো/এসএ

 

 

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে মির্জা ফখরুল ও কর্নেল অলি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিকেল ৪টায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর নির্বাচন ভবনে ইসি সচিব বলেন, আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন। এদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা ব্যালট পেপার ছাপিয়ে ওইদিনই নিয়ে যাবো। ভোটগ্রহণ শেষে তখনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।আপনারা দেখবেন আমরা কত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করতে পারি। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ জন সংসদ সদস্য (আদালতের নির্দেশে নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ আসন এখনো শূন্য রয়েছে)। ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে এবার ভোটগ্রহণ করা হবে।

এর আগে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। যদিও জামায়াত মনোনীত প্রার্থী অলি আহমদের অন্য আবেদনটি অবৈধ ঘোষণা করা হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ