গুলিতে নিহত ব্রাজিলের কিশোর ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো
ব্রাজিলের সাও পাওলোর যুব দলের সাবেক ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো (১৫) প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায়।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, ম্যাচ চলার সময় বন্দুকধারীদের গুলিতে আহত হন মিকায়েল। গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মিকায়েল হামলার মূল লক্ষ্য ছিলেন না। স্থানীয় দুই অপরাধী গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে ভুলবশত তিনি গুলিবিদ্ধ হন।
আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন। পরে নিজ শহরে ফিরে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো (সিএসএ)-এর অনূর্ধ্ব-১৫ দলে অনুশীলন করছিলেন।
মিকায়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিএসএ। ক্লাব এক বিবৃতিতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এদিকে, হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের কর্মকর্তারা ঘটনাটির তদন্ত শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্তকারীরা স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলোর সংঘর্ষের সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array