খুঁজুন
                               
, ,
           

রাজধানীর কাঁঠালবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
রাজধানীর কাঁঠালবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী-শাশুড়ি নিহত

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়িকে হত্যা করেছে জামাতা হৃদয় ওরফে শিপন (৩০)। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) সকালে কাঁঠালবাগানের আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফারজানা বেগম (২১) এবং তার মা ফিরোজা বেগম (৩৮)।

 তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বটগাঁও এলাকায়।

ফারজানা বেগমের বাবা এবং ফিরোজা বেগমের স্বামী ফারুক হোসেন জানান, সকালে তিনি ফোনে জানতে পারেন কাঁঠালবাগানে তার বাসায় মেয়ের জামাইয়ের সঙ্গে মেয়ে এবং শাশুড়ির ঝগড়াঝাঁটি হচ্ছে।

নয়টার দিকে বাসায় পৌঁছে দেখেন রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছে তার মেয়ে ফারজানা। আর মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন তার স্ত্রী ফিরোজা বেগম।

তখন তিনি মেয়ে ফারজানার মরদেহ রেখে ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফিরোজা বেগমকে মৃত ঘোষণা করে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক জানান, অভিযুক্ত শিপনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘পাখি’ নয়, বাংলাদেশে ‘চামেলি’ হিসেবেই পরিচিত হতে চান মধুমিতা সরকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
‘পাখি’ নয়, বাংলাদেশে ‘চামেলি’ হিসেবেই পরিচিত হতে চান মধুমিতা সরকার

প্রথমবারের মতো বাংলাদেশে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্র দিয়ে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন। পরিচালক মোহাম্মদ ইকবাল নির্মিত ‘গুলশানের চামেলি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

শনিবার (১ আগস্ট) ঢাকায় পৌঁছানোর পর সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে অংশ নেন মধুমিতা। প্রথমবার বাংলাদেশে এসে পাওয়া উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত বলে জানান।

অনুষ্ঠানে মধুমিতা বলেন,
‘এই এক বেলার মধ্যেই এত আন্তরিকতা পেয়েছি যে মনেই হচ্ছে না আমি প্রথমবার কোনো জায়গায় এসেছি। সবাই আমাকে যেভাবে আদর করে স্বাগত জানিয়েছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এই ছবির জন্য এসেছি, এত সুন্দর একটা টিমের সঙ্গে কাজ করতে পারছি—নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে।’

নতুন সিনেমার গল্প ও নিজের চরিত্র নিয়েও দারুণ আশাবাদী এই অভিনেত্রী। তাঁর ভাষায়,
‘ছবিটির গল্প খুবই আলাদা এবং ইউনিক। এমন ধরনের চরিত্র কলকাতায় আমি আগে করিনি। তাই সিনেমাটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। এত সুন্দর একটি টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত।’

শুটিংয়ের সময় আবার বাংলাদেশে ফিরে এসে এখানকার মানুষ, সংস্কৃতি ও পরিবেশকে আরও কাছ থেকে জানার আগ্রহও প্রকাশ করেন তিনি। মধুমিতার বিশ্বাস, বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতা তাঁর এই নতুন যাত্রাকে আরও স্মরণীয় করে তুলবে।

তবে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ‘পাখি’ চরিত্র প্রসঙ্গে তাঁর আবেগঘন মন্তব্য। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দিলেও বাংলাদেশে তিনি নতুন পরিচয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চান।

এ প্রসঙ্গে মধুমিতা বলেন,
‘সেই “পাখি” চরিত্রটির জন্য আমি এত ভালোবাসা পেয়েছি, যা সত্যিই অভাবনীয়। আপনারা সবাই আমাকে “পাখি” বলে ডাকেন। কিন্তু আমি চাই, বাংলাদেশে এমন একটি কাজ করি, যার কারণে আপনারা আমাকে নতুন নামে চিনবেন। যেমন “চামেলি”। আলাদা করে যেন “পাখি” বলে পরিচয় করিয়ে দিতে না হয়। আমি চাই এই সিনেমার চামেলি হয়ে সবার ভালোবাসা পেতে। এখানকার দর্শক যেন আমাকে নতুন একটি পরিচয় উপহার দেন।’

‘গুলশানের চামেলি’ সিনেমাটি নির্মিত হচ্ছে অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা এবং একজন যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এতে মধুমিতা সরকারের পাশাপাশি অভিনয় করছেন রোজিনা, আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসসহ আরও অনেক শিল্পী।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। নির্মাতাদের আশা, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে ‘গুলশানের চামেলি’ দুই বাংলার দর্শকদের কাছেই বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

কালের আলো/এসএ

দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াচ্ছেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াচ্ছেন খায়রুল বাসার

দৃষ্টিশক্তি না থাকলেও জীবনযুদ্ধ থামিয়ে দেননি মুকলেসুর রহমান। নিজের শ্রমে উপার্জন করে বৃদ্ধ মায়ের মুখে খাবার তুলে দিতে প্রতিদিন সংগ্রাম করে চলেছেন তিনি। গাছের ছাল ছাড়িয়ে যে সামান্য আয় হয়, তা দিয়েই কোনোভাবে চলছে তাঁদের সংসার।

সম্প্রতি একটি সংবাদ প্রতিবেদনে উঠে আসে মুকলেসুরের এই কঠিন সংগ্রামের গল্প। প্রতিবেদনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। তাঁর জীবনসংগ্রাম অনেকের হৃদয় স্পর্শ করে। সেই তালিকায় যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারও।

মুকলেসুরকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে খায়রুল বাসার লেখেন, “মুকলেসুর রহমান আমার ভাই। আমি প্রতি মাসে অল্প করে হলেও আমার পরিবারের দায়িত্ব নিতে চাই। কেউ আমাকে এই পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।”

অভিনেতার এই মানবিক ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঢল নেমেছে। অনেকেই তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন মানসিকতাকে অনুসরণীয় বলে মন্তব্য করেছেন।

জানা গেছে, ইতোমধ্যে মুকলেসুর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন খায়রুল বাসার। দেশে ফিরেই তিনি মুকলেসুর ও তাঁর পরিবারের সঙ্গে সরাসরি দেখা করবেন এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে খায়রুল বাসারের ভূমিকা নতুন নয়। বিভিন্ন সময় ব্যক্তিগত উদ্যোগে নানা মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি প্রশংসিত হয়েছেন।

সম্প্রতি কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার জীবিকার একমাত্র অবলম্বন ঘোড়াটি হত্যার ঘটনায়ও তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। মনু মিয়ার জন্য নতুন একটি ঘোড়া কিনে দেওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

মুকলেসুর রহমানের পাশে দাঁড়ানোর এই উদ্যোগও সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। অনেকের প্রত্যাশা, খায়রুল বাসারের এ উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

কালের আলো/এসএ

এনআইডি সংশোধন সহজ করতে কমিটি গঠন ইসির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
এনআইডি সংশোধন সহজ করতে কমিটি গঠন ইসির

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনের সাথে সংযুক্ত/দাখিলকৃত প্রমাণক নিরীক্ষা করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হলো।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সদস্য হিসাবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটির কার্যক্রম পরিধি হিসাবে এতে বলা হয়েছে-

১. চাহিত পরিবর্তনের ধরন কেমন হয় তার শ্রেণীকরণ এবং নিষ্পত্তির জন্য প্রমাণক হিসেবে কী কী দলিল প্রয়োজন তার তালিকা প্রস্তুত করতে হবে।

২. ‘ঘ’ ক্যাটাগরি হতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল করে নিষ্পত্তিকৃত এবং পুনঃদাখিলকৃত আবেদনে পর্যাপ্ত প্রমাণক দাখিল করা হলে সে সব আবেদন নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সুপারিশ।

৩. দ্রুত নিষ্পত্তি করার জন্য করণীয় বিষয়ে সুপারিশ প্রদান।

৪. আবেদন electronically action নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে cms portal-এ কোন ধরনের modification প্রয়োজন, সে বিষয়ে মতামত প্রদান।

৫. NID lock-unlock এবং rollback এর justification বিষয়ে সুপারিশ প্রদান।

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

কালের আলো/আরডি/এমডিএইচ