খুঁজুন
                               
, ,
           

স্বামীর মদ্যপানের আসক্তিতেই ভেঙেছে ২২ বছরের সংসার, জানালেন শুভাঙ্গী আত্রে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
স্বামীর মদ্যপানের আসক্তিতেই ভেঙেছে ২২ বছরের সংসার, জানালেন শুভাঙ্গী আত্রে

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে, যিনি ‘ভাবিজি ঘর পার হ্যায়!’ ধারাবাহিকে ‘অঙ্গুরি ভাবি’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত, সাবেক স্বামী পীযূষ পুরের মদ্যপানের আসক্তির কারণে তাঁদের ২২ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার বিষয়ে আবারও মুখ খুলেছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদ করেন শুভাঙ্গী ও পীযূষ। বিচ্ছেদের মাত্র দুই মাস পর লিভার সিরোসিসে মারা যান পীযূষ। অভিনেত্রীর দাবি, স্বামীর দীর্ঘদিনের অ্যালকোহল আসক্তিই তাঁদের সম্পর্ক ভাঙার অন্যতম প্রধান কারণ ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভাঙ্গী জানান, বিয়ের শুরুর দিকে তিনি স্বামীর আসক্তির গভীরতা বুঝতে পারেননি। তাঁর ভাষায়, শুরুতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও সময়ের সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পীযূষ এতটাই দক্ষতার সঙ্গে বিষয়টি লুকিয়ে রাখতেন যে অনেক সময় তিনি বুঝতেই পারতেন না স্বামী মদ্যপ অবস্থায় আছেন কি না।

তিনি বলেন, আসক্তির প্রভাব ধীরে ধীরে পীযূষের আচরণ ও স্বাস্থ্যে পড়তে শুরু করে। যদিও তিনি কখনো তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেননি, তবু ধীরে ধীরে সম্পর্কটি আর সুস্থভাবে এগোচ্ছে না—এমন উপলব্ধি হয় শুভাঙ্গীর।

অভিনেত্রীর মতে, একটি দাম্পত্য সম্পর্ক মানে একসঙ্গে মানসিক, আর্থিক, আধ্যাত্মিক ও ব্যক্তিগতভাবে এগিয়ে যাওয়া। কিন্তু সময়ের সঙ্গে পীযূষ নিজের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং মদ্যপানই তাঁর জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তখনই তিনি বুঝতে পারেন, এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।

শুভাঙ্গী আরও জানান, একপর্যায়ে পুরো পরিবারের আর্থিক দায়িত্বও তাঁর কাঁধে এসে পড়ে। সংসার ভাঙার সিদ্ধান্ত নিতে তাঁদের প্রায় দুই বছর সময় লেগেছিল। কারণ তিনি চেয়েছিলেন, তাঁদের মেয়ে যেন মা-বাবার সঙ্গে একই ছাদের নিচে বড় হতে পারে।

বিবাহবিচ্ছেদের পর অনেকেই ধারণা করেছিলেন, অভিনয়জীবনে সফল হওয়ার পরই তিনি স্বামীকে ছেড়ে গেছেন। তবে সেই অভিযোগ নাকচ করে শুভাঙ্গী বলেন, সংসার বাঁচানোর জন্য তিনি সব ধরনের চেষ্টা করেছিলেন। এমনকি পীযূষকে পুনর্বাসন কেন্দ্রেও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রচেষ্টাই তাঁদের সম্পর্ক রক্ষা করতে পারেনি।

শুভাঙ্গীর ভাষ্য, ২০১৮-১৯ সালের দিকে পীযূষের মদ্যপানের আসক্তি আরও বেড়ে যায় এবং সেখান থেকেই তাঁদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হতে শুরু করে। দীর্ঘ চেষ্টা-সংগ্রামের পর ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর মাত্র দুই মাসের ব্যবধানে লিভার সিরোসিসে মারা যান পীযূষ।

কালের আলো/এসএ

ইয়েমেনে হুতিদের হামলায় ৫৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
ইয়েমেনে হুতিদের হামলায় ৫৮ সেনা নিহত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত চার বছরের মধ্যে দেশটিতে এক দিনে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং সৌদি সীমান্তসংলগ্ন হাদ্রামাউত প্রদেশের আল-আবর ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মারিবের একটি সেনা ক্যাম্পে সকালের সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৫ সেনা নিহত হন।

হুতি গোষ্ঠী দাবি করেছে, ‘সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধি’র জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সরকারি বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবর এলাকার নাম উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা মোকাবিলার জন্য হুতি বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে, সংঘাতের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের চলমান সংঘাতও নতুন করে তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

পল্লবীতে সন্ত্রাসীর গুলিতে মাদক কারবারি আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
পল্লবীতে সন্ত্রাসীর গুলিতে মাদক কারবারি আহত

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ‘আলমগীর’ নামে এক চিহ্নিত মাদক কারবারি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে মিরপুরের মিল্লাত ক্যাম্প এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বসির বলেন, ‘ঘটনা সঠিক। গুলিতে আলমগীর নামে একজন আহত হয়েছেন। তবে আমরা ঘটনাস্থলে এসে তাকে পাইনি। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।’

তবে কে বা কারা গুলি করেছে তা তিনি জানাতে পারেনি। আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান ওসি।স্থানীয় সূত্র জানায়, কয়েকজন মিলে মিল্লাত ক্যাম্পে এসে আলমগীরকে প্রকাশ্যে গুলি করে পালানোর চেষ্টা করেন।

এসময় মোটরসাইকেলটি আটকও করা হয়। কিন্তু পরে এলাকাবাসী ভয় পেয়ে তাদের ছেড়ে দেন। এরপর তাদের একজন পুলিশে খবর দিলে সেখানে ‍পুলিশ আসে। কিন্তু কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, গুলিতে আহত হওয়া আলমগীর ‍পুরান ঢাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড ১৪৫টি কাঠের বাক্সে করে টিয়ার গ্যাস শেলের চালানটি বাংলাদেশে পাঠায়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ইন্টারন্যাশনাল।

খালাস শেষে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়। সেখানে সংরক্ষণের পর আগামী ৯ আগস্ট ঢাকার উদ্দেশে পাঠানোর কথা রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল বেনাপোল বন্দরে এসেছে। বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় শুল্ক ও আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে চালানটি খালাস দেওয়া হয়েছে। এটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে। আগামী ৯ আগস্ট সেখান থেকে ঢাকায় নেওয়া হবে।

তিনি বলেন, রোববার চালানটি গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) পাঠানো হবে।

চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। পরে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি