বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব পরিকল্পনা ঘিরে ফিফাকে আইনি নোটিশ উয়েফার
ফিফা বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা বাতিল করলেও বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর তথ্য অনুযায়ী, উয়েফা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’–সংক্রান্ত সব নথি ও ডিজিটাল তথ্য সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এ-সংক্রান্ত কোনো তথ্য ধ্বংস, পরিবর্তন বা মুছে না ফেলারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিঠিতে উয়েফা উল্লেখ করেছে, তারা এফএফই পরিকল্পনা নিয়ে আইনি ব্যবস্থা, সালিসি কার্যক্রম কিংবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ দায়েরের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তাই সংশ্লিষ্ট সব নথি ও ইলেকট্রনিক তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি।
উয়েফা আরও সতর্ক করে জানিয়েছে, নোটিশ পাওয়ার পর কোনো প্রমাণ নষ্ট করা হলে তা আইনি প্রক্রিয়ায় গুরুতর বিষয় হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণ চাওয়ার অধিকার সংস্থাটির থাকবে।
শুধু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নন, সংস্থাটির গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম, প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোরসহ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রাসঙ্গিক নথি সংরক্ষণের নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে উয়েফা।
এ ছাড়া সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত জশুয়া কুশনার, গ্রেগ ম্যাফেই, জেপি মরগান এবং ওপেনইকোনমিকসের কাছেও একই ধরনের আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই ফিফা ঘোষণা দিয়েছিল, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি স্বতন্ত্র কোম্পানি গঠন করে এর একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। ফিফার দাবি ছিল, এতে সংস্থার ২১১টি সদস্যদেশ আর্থিকভাবে লাভবান হবে।
তবে পরিকল্পনাটি প্রকাশের পরই তীব্র বিরোধিতা করে উয়েফা। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)ও এতে সমর্থন দেয়নি। ব্যাপক সমালোচনার মুখে ১ আগস্ট পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে ফিফা।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও এ ইস্যুতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনা অব্যাহত রেখেছেন। তাঁর মতে, বিতর্কিত এই পরিকল্পনা বিশ্ব ফুটবলের জন্য ক্ষতিকর ছিল এবং এমন ঘটনার পর বিষয়টি উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া উচিত নয়। তিনি পুনরায় দাবি করেন, বিশ্ব ফুটবলকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো আর উপযুক্ত ব্যক্তি নন।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array