বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামি গৌতম
বলিউডে অভিষেকের পর প্রথম সিনেমা সফল হলেও ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না অভিনেত্রী ইয়ামি গৌতমের। কাঙ্ক্ষিত কাজের সুযোগ বারবার হাতছাড়া হওয়ায় একসময় অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে কৃষিকাজে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেন ইয়ামি। তিনি জানান, ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন। তবে ‘উরি’ এবং পরবর্তীতে ‘বালা’ সিনেমার সাফল্য তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। ছবিটি ব্যবসায়িকভাবে সফল হলেও পরবর্তী সময়ে প্রত্যাশিত কাজের সুযোগ পাননি তিনি। প্রচলিত নায়িকার ছাঁচে নিজেকে না মেলানোর কারণে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাবই বেশি পেয়েছেন বলে জানান অভিনেত্রী।
একপর্যায়ে হতাশ হয়ে হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন ইয়ামি। সেখানে পরিবারের কৃষিজমিতে কাজ করে সম্পূর্ণ ভিন্ন জীবন শুরু করতে চেয়েছিলেন তিনি। এমন সিদ্ধান্তে তার বাবা-মাও পূর্ণ সমর্থন জানিয়েছিলেন।
ইয়ামি বলেন, “ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’”
বলিউডে পারিবারিক পরিচিতি ছাড়া কাজ করার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, তারকাসন্তানদের তুলনায় বহিরাগত শিল্পীদের নিজেদের প্রমাণ করার সুযোগ অনেক কম থাকে।
তিনি বলেন, “প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হতো। অনেক সময় মনে হতো, আমি কোনো চরিত্রের জন্য প্রস্তুত, কিন্তু সেই সুযোগ এমন কাউকে দেওয়া হচ্ছে, যিনি আগে থেকেই এই ইন্ডাস্ট্রির অংশ। তখন ভাবতাম, আমাকেও যদি একই রকম সুযোগ দেওয়া হতো, হয়তো নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করতে পারতাম।”
তবে সময়ের সঙ্গে বলিউডে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তার ভাষায়, এখন দর্শক একজন শিল্পীর পারিবারিক পরিচয়ের চেয়ে তার অভিনয় ও কাজকেই বেশি গুরুত্ব দেন।
দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন ইয়ামি গৌতম। বর্তমানে বেছে বেছে চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীকে আগামীতে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে দেখা যাবে।
কালের কালো/এসএ



আপনার মতামত লিখুন
Array