২৩ বছর পর অস্ট্রেলিয়া সফর, এবার জয়ের লক্ষ্য বাংলাদেশের: হাবিবুল বাশার
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবারের সফরের প্রেক্ষাপট আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ২০০৩ সালে যখন বাংলাদেশ প্রথম অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন বিশ্ব ক্রিকেটে নবীন দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করছিল টাইগাররা। আর এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থেকে শক্ত আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের লক্ষ্য এবার শুধু প্রতিদ্বন্দ্বিতা করা নয়, ভালো ফল অর্জন করা। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
গতকাল রাতে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয়। যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সুমন বলেন, “চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনো আছে। তবে তখন লক্ষ্য এক রকম ছিল, এখন ভিন্ন। তখন মূল লক্ষ্য ছিল টিকে থাকা। এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।”
অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ নিয়ে ক্রিকেটাররা রোমাঞ্চিত বলেও জানান তিনি। সুমনের ভাষ্য, “যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই খুব এক্সাইটেড। সবাই অস্ট্রেলিয়ায় বিশেষ কিছু করে ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি চ্যালেঞ্জ অনেক বেশি। অস্ট্রেলিয়া অবশ্যই শক্তিশালী দল, তবে কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সিরিজ হলেও জয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিসিবির প্রধান নির্বাচক। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়কে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, “আমরা এর আগে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছি। সেটিও কঠিন সফর ছিল। সেখানেও সেরা একাদশ ছিল না, অনেকে ইনজুরিতে ছিল। কিছুই অসম্ভব নয়। কঠিন, তবে অসম্ভব নয়।”
অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ডারউইনে ১৩ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
২৩ বছর আগের সফরের তুলনায় এবার অনেক বেশি অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ায় নামছে বাংলাদেশ। এখন লক্ষ্য, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array