খুঁজুন
                               
, ,
           

রিয়াল অধ্যায়ের ‘ক্ষত’ ভুলে চেলসিতে নতুন স্বপ্ন দেখছেন জাবি আলোনসো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
রিয়াল অধ্যায়ের ‘ক্ষত’ ভুলে চেলসিতে নতুন স্বপ্ন দেখছেন জাবি আলোনসো

রিয়াল মাদ্রিদে হতাশাজনক অধ্যায় শেষে নতুন উদ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন জাবি আলোনসো। তবে সাবেক ক্লাব লিভারপুল নয়, এবার চেলসির প্রধান কোচ হিসেবে স্ট্যামফোর্ড ব্রিজে নতুন যাত্রা শুরু করেছেন স্প্যানিশ এই কোচ।

অস্ট্রেলিয়ায় চেলসির প্রাক্-মৌসুম সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলোনসো জানান, রিয়াল মাদ্রিদে কাটানো সময়কে তিনি ব্যর্থতা নয়, বরং মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

তিনি বলেন, “ভাগ্যক্রমে আমার ক্যারিয়ারে খুব বেশি ক্ষত নেই। একটি ক্ষত ছিল, কিন্তু সেটি সেরে গেছে। আমি দারুণ অনুপ্রাণিত এবং দৃঢ়প্রতিজ্ঞ। মাদ্রিদে দায়িত্ব নেওয়ার সময় যেমন উপভোগ করেছিলাম, তেমনি এই নতুন অধ্যায়ও উপভোগ করতে চাই।”

খেলোয়াড়ি জীবনে লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের হয়ে সফল ক্যারিয়ার গড়ার পর কোচিংয়ে নাম লেখান আলোনসো। বায়ার লেভারকুসেনকে ইতিহাসের প্রথম বুন্দেসলিগা শিরোপা জেতানোর পর বিপুল প্রত্যাশা নিয়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তবে সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারের পর মাত্র সাত মাসের কিছু বেশি সময় দায়িত্ব পালন করেই বিদায় নিতে হয় তাকে। দায়িত্বে থাকাকালে কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তার সম্পর্কের অবনতির গুঞ্জনও ছড়িয়েছিল।

রিয়ালে কাটানো সময়ের মূল্যায়ন করতে গিয়ে আলোনসো বলেন, “পেছনে তাকালে আমি ইতিবাচক দিকগুলো দেখি। আবার যেগুলো কাজ করেনি, সেগুলোও দেখি। আমি নিজেকে সমালোচনার চোখে বিশ্লেষণ করেছি। ভেবেছি, কী করলে আরও ভালো করতে পারতাম, কারণ সবকিছু প্রত্যাশামতো হয়নি।”

তার মতে, রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা তাকে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, খেলোয়াড় পরিচালনা এবং কৌশলগত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

চার বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নেওয়া আলোনসোর সামনে এখন ক্লাবটিকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ। গত মৌসুমে তিনজন কোচ বদল করেও প্রিমিয়ার লিগে দশম স্থানে শেষ করেছিল লন্ডনের ক্লাবটি। ফলে আসন্ন মৌসুমে ইউরোপীয় কোনো প্রতিযোগিতায় খেলছে না চেলসি।

চেলসিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে আলোনসো বলেন, “সিদ্ধান্তটা মাথা এবং মনের—দুই জায়গা থেকেই এসেছে। আমি মনে করেছি, ক্লাবের জন্যও সময়টা ঠিক ছিল, আমার জন্যও। এটি ভালো একটি সুযোগ।”

নতুন মৌসুমে ২৪ আগস্ট ফুলহামের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে চেলসি। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে জুভেন্টাস, এসি মিলান, জোহর দারুল তাজিম ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে আলোনসোর দল।

কালের আলো/এসএ

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন আনসার-ভিডিপির ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন আনসার-ভিডিপির ডিজি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর ও গৌরবোজ্জ্বল পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান, নতুন পদায়নপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সদর দপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ উপমহাপরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. আসাদুজ্জামান গনীসহ চাকরিজীবনের ২০ বছর পূর্ণ করে পরিচালক ও উপপরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপসচিব পদে নতুন কর্মস্থলে পদায়নপ্রাপ্ত মোহা. ইয়াছিন আরাফাত এবং চাকরিজীবন শেষে অবসরে যাওয়া বিদায়ী কর্মকর্তা পরিচালক মো. আব্দুস সামাদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে অর্জিত এই পদোন্নতি কর্মকর্তাদের আগামী দিনের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট, ঢাকা মহানগরের ৪ জোনের অধিনায়ক এবং পদোন্নতিপ্রাপ্ত ও বিদায়ী কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ইসির সঙ্গে বৈঠক করা হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল, তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফিং করবে।

বৈঠকে মূল আলোচ্য বিষয় পানি সরবরাহে ডেনমার্কের সহায়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা করবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না।

এ প্রকল্প বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে।

রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কালের আলো/আরডি/এমডিএইচ

ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
ডিএমপির সাঁড়াশি অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ২৩, ওয়ারীতে ৭২, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৫৩, মিরপুরে ১২৭, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৭০ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযানকালে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১টি ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, দুই গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্যের ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি