খুঁজুন
                               
, ,
           

বেরোবিতে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

রংপুর প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
বেরোবিতে ছাত্রদল-শিবির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

ঘটনার পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও নিরাপত্তা জোরদার করা হয়।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যাম্পাসে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বিভিন্ন রাজনৈতিক ঘটনার পাশাপাশি জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন বলে দাবি করা কয়েকজন নেতার ছবি প্রদর্শন করা হয়।

এ সময় ওই ছবিগুলোর কয়েকটি নিয়ে আপত্তি তোলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের নেতারা দাবি করেন, মহান মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকা থাকা কয়েকজন ব্যক্তির ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

তারা এসব ছবি অবিলম্বে অপসারণের দাবি জানান।

অন্যদিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ওই দাবি প্রত্যাখ্যান করেন।

তাদের বক্তব্য, প্রদর্শনীতে প্রদর্শিত ছবি ও তথ্য তারা সরাবেন না। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা উত্তেজনায় রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর উভয় সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা দিয়েও একে অপরের ওপর হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে উভয় সংগঠনের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। তবে রাত পর্যন্ত তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নেন। রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, ‘একটি প্রদর্শনীকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী এবং প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেই না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।’

এ বিষয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জড়িতদের ভূমিকা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে নজরদারি বাড়ানো হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড, স্বল্পদৈর্ঘ্য নির্মাতাদের জন্য দারুণ সুযোগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড, স্বল্পদৈর্ঘ্য নির্মাতাদের জন্য দারুণ সুযোগ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা)। নতুন পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকা প্রোডাকশন ফান্ড দেবে সংগঠনটি।

অ্যাসেন কমিউনিকেশনের সঙ্গে যৌথভাবে ‘অ্যাডফা শর্ট ফেস্ট-সিজন-১’ আয়োজন করছে অ্যাডফা। ‘দিস ইজ ইউর শট’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই উদ্যোগে নির্বাচিত হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প। প্রতিটি প্রকল্পের জন্য দেওয়া হবে নির্ধারিত প্রোডাকশন ফান্ড। পাশাপাশি নির্বাচিত নির্মাতারা পাবেন অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ।

চলচ্চিত্র নির্মাতা ও অ্যাডফার ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, এই উদ্যোগের লক্ষ্য কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা। তাঁর মতে, নতুন গল্প ও প্রতিভার অভাব নেই, প্রয়োজন শুধু সুযোগ ও সহযোগিতা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন। প্রস্তাবিত চলচ্চিত্র অবশ্যই ফিকশন হতে হবে এবং দৈর্ঘ্য হতে হবে ৫ থেকে ১৫ মিনিট।

গল্পের ভাষা নিয়ে থাকছে না কোনো বাধ্যবাধকতা। বাংলা, ইংরেজি কিংবা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় প্রকল্প জমা দেওয়া যাবে। একইভাবে গল্পের ঘরানার ক্ষেত্রেও থাকছে না কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা।

আবেদনের জন্য একটি পিডিএফ ফাইলে জমা দিতে হবে- চলচ্চিত্রের শিরোনাম, সর্বোচ্চ ৫০ শব্দের লগলাইন, ১ হাজার শব্দের মধ্যে পূর্ণাঙ্গ গল্প বা সিনপসিস, সর্বোচ্চ ৩০০ শব্দের ডিরেক্টরস নোট, জনর ও সম্ভাব্য দৈর্ঘ্য, আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য

এর পাশাপাশি চাইলে ভিজ্যুয়াল রেফারেন্স ও নির্মাতার আগের কাজের লিংকও যুক্ত করা যাবে।

প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার নিজস্ব দৃষ্টিভঙ্গি, গল্প বলার শক্তি, সিনেমাটিক সম্ভাবনা এবং নির্ধারিত বাজেট ও সময়ের মধ্যে কাজটি বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

নির্বাচিত পাঁচ নির্মাতা শুধু অর্থসহায়তাই পাবেন না, মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগও পাবেন। ফলে নতুন নির্মাতাদের জন্য নিজেদের গল্প ও নির্মাণশৈলী তুলে ধরার এটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬।

কালের আলো/এসএ

ডারউইনের পর ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ঘিরে উত্তেজনা, ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
ডারউইনের পর ম্যাকাইয়ে বাংলাদেশের টেস্ট ঘিরে উত্তেজনা, ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ যে চমক দেখিয়েছে, তার প্রভাব এবার দেখা যাচ্ছে ম্যাকাইয়েও। প্রথম টেস্টে বাংলাদেশের দাপুটে জয়ের পর অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট ঘিরে অস্ট্রেলিয়ার দর্শকদের আগ্রহও বেড়ে গেছে।

আগামী শনিবার ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাচের প্রথম দিনের সাধারণ শ্রেণির সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে প্রথম দিনের টিকিট শেষ হয়ে যাওয়াকে বাংলাদেশ–অস্ট্রেলিয়া টেস্ট নিয়ে বাড়তে থাকা আগ্রহের বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

ডারউনে হারের পর সিরিজে টিকে থাকতে ম্যাকাই টেস্টে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। ফলে ম্যাচটি ঘিরে স্থানীয় দর্শকদের আগ্রহ তৈরি হওয়াটা স্বাভাবিক। প্রথম দিনের টিকিট শেষ হলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট এখনো পাওয়া যাচ্ছে।

অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয়দের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’-এর প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় দিনের টিকিটও দ্রুত শেষ হয়ে আসছে। প্রথম দিনের সাধারণ আসনের পাশাপাশি ওই দিনের করপোরেট হসপিটালিটি প্যাকেজও বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে তারা।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যর্থতার পর দলটির পারফরম্যান্স নিয়ে দেশটির ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ম্যাকাই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড।

অন্যদিকে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বেড়েছে। ডারউইনে চার দিনজুড়ে দারুণ ক্রিকেট খেলে ৯ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে সিরিজের প্রথম ম্যাচেই এমন সাফল্য পেয়েছে নাজমুল হোসেনের দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়েরা দাপট দেখিয়েছেন।

এখন তাই ম্যাকাই টেস্ট শুধু সিরিজের দ্বিতীয় ম্যাচ নয়, দুই দলের জন্যই আলাদা গুরুত্ব বহন করছে। অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজে সমতা ফেরানো, আর বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার সুযোগ—অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের।

কালের আলো/এসএ

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী

চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরে ঢালিউডে নানা গুঞ্জন ছড়াচ্ছিল। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হতে যাচ্ছে—এমন খবরের পাশাপাশি কোথাও কোথাও দাবি করা হয়, এরই মধ্যে বিয়েও সেরে ফেলেছেন তিনি। এত দিন এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পূজা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা জানান, তাঁর এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে যাচাই না করে তাঁকে নিয়ে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

পূজা লিখেছেন, কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর খবর প্রকাশিত হচ্ছে। কখনো কোনো পেশার মানুষের সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে সংবাদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় বিব্রত ও দুঃখিত বলেও জানান এই অভিনেত্রী।

বিয়ের গুঞ্জনের জবাবে পূজা স্পষ্ট করে বলেন, ‘বারবার বলতে চাই—আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’

এর আগে পূজা চেরীর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সেখানে এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ের আলোচনা এবং ঘনিষ্ঠদের বরাতে বিয়ে হয়ে যাওয়ার দাবির কথাও উঠে আসে। তবে তখন পূজার বক্তব্য পাওয়া যায়নি। ফলে ওই খবরের সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি।

এবার নিজের ফেসবুক পোস্টে আগের একটি সাক্ষাৎকারের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন পূজা। সেখানে তিনি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’ এবং পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই সবাইকে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি।

বর্তমানে ক্যামেরার সামনে তাঁর অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। পূজার ভাষ্য, তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত তাঁকে নিয়মিত শুটিং বা ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না।

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যাচাইহীন সংবাদ প্রকাশের বিষয়টি অবশ্য ভালোভাবে নেননি পূজা। নিজের পোস্টে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, কারও সম্পর্কে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের শামিল হতে পারে।

পূজা সতর্ক করে বলেন, তাঁর নীরবতাকে যদি কেউ ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে ব্যবহার করেন, তাহলে নিজের আইনি অধিকার রক্ষায় তাঁকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে।

সবশেষে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানান এই অভিনেত্রী। একই সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা এবং দর্শক-ভক্তদের ভালোবাসার প্রতি নিজের সম্মানের কথাও জানিয়েছেন তিনি।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী নায়িকা হিসেবে পরিচিতি পান ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘আগন্তুক’, ‘টগর’, ‘মাসুদ রানা’ ও ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কালের আলো/এসএ