খুঁজুন
                               
, ,
           

৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
৬ আগস্ট থেকে সবার জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে আগামী ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। এদিকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করা হবে বৃহস্পতিবার (৬ আগস্ট)।

মঙ্গলবার (৪ আগষ্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।  বুধবার সকাল ৯টায় ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে এবং প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে। এরপর থেকে এটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে।

প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

৪৬ বছর বয়সী স্মিথ পাকিস্তানের টেস্ট ও সীমিত ওভারের—উভয় সংস্করণের দলের সঙ্গে কাজ করবেন। ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

গত কয়েক মাস ধরে পাকিস্তান দলে পূর্ণকালীন ব্যাটিং কোচের পদটি শূন্য ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি আরও জোরালো হয়। এতদিন জাতীয় নির্বাচক আসাদ শফিক অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও এবার সেই দায়িত্ব স্থায়ীভাবে নিলেন স্মিথ।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে না খেললেও কোচ হিসেবে রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী স্মিথ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ক্রিকেট তাসমানিয়া ও হোবার্ট হারিকেনসের ব্যাটিং কোচ এবং দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্মিথ। সব মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ ৭ হাজার ২৯ রান।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধারাবাহিকতায় ফেরানোই হবে স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে টেস্টে ধারাবাহিক ব্যর্থতার মুখে থাকা দলটি আগামী ইংল্যান্ড সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

কালের আলো/এসএ

রাশিয়ার ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
রাশিয়ার ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭

রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রসৈকতে ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার কৃষ্ণসাগর উপকূলের ক্রাসনোদার অঞ্চলের আরখিপো-ওসিপোভকা গ্রামের কাছে এ ঘটনা ঘটে। জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে তখন সৈকত ও সমুদ্রে অনেক পর্যটক অবস্থান করছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং বিবিসি যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন পাহাড়ঘেঁষা এলাকা দিয়ে দ্রুতগতিতে উড়ে এসে সৈকতের ওপর বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এ ঘটনাকে বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা দাবি করে এর জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইউক্রেন। যুদ্ধ শুরুর পর থেকেই উভয় পক্ষ বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

ড্রোনটির প্রকৃত লক্ষ্য কী ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেনপন্থী কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকতে বিধ্বস্ত হতে পারে।

এদিকে রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়েছে, বিস্ফোরণের আগে মেশিনগানের মতো গুলির শব্দ শোনা যায়। এতে ধারণা করা হচ্ছে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করার চেষ্টা করেছিল।

সূত্র: বিবিসি

কালের আলো/এসএকে

চরকিতে ৬ আগস্ট আসছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
চরকিতে ৬ আগস্ট আসছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

আগস্ট মাসজুড়ে দর্শকদের জন্য চারটি ভিন্ন ঘরানার কনটেন্ট মুক্তির ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। রাজনৈতিক গল্প, পারিবারিক নাটক, কমেডি এবং অতিবাস্তবধর্মী ড্রামা—প্রতি সপ্তাহে একটি করে নতুন কনটেন্ট নিয়ে হাজির হবে প্ল্যাটফর্মটি।

আগস্টের প্রথম সপ্তাহে, ৬ আগস্ট চরকিতে এক্সক্লুসিভভাবে মুক্তি পাবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি নির্মাণ করেছেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। রাজনৈতিক দমন-পীড়ন, আদর্শ, রাষ্ট্র এবং দুই ভাইয়ের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, তানভীর অপূর্ব ও কেয়া আল জান্নাহ।

আগস্টের দ্বিতীয় সপ্তাহে, ১৩ আগস্ট মুক্তি পাবে চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’। মো. রিয়াজুল হক পরিচালিত এই কনটেন্টে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও আফসানা মিমি। একটি মিথ্যা, অসংখ্য চিঠি এবং এক দম্পতির ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।

২০ আগস্ট মুক্তি পাবে কমেডি ঘরানার চরকি ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি। মাহমুদুর রহমান পরিচালিত এ কনটেন্টে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু ও করভী মিজান। একজন উবারচালকের বিচিত্র অভিজ্ঞতার মাধ্যমে সুযোগ ও অপরাধের সূক্ষ্ম পার্থক্য তুলে ধরা হয়েছে গল্পে।

মাসের শেষ সপ্তাহে, ২৭ আগস্ট মুক্তি পাবে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ফুয়াদুজ্জামান ফুয়াদ পরিচালিত এই অতিবাস্তবধর্মী ড্রামায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও কাজী নওশাবা আহমেদ। ভালোবাসা, আশা এবং প্রতিকূলতার মধ্যেও মানুষের টিকে থাকার গল্প উঠে এসেছে এতে।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, আগস্টজুড়ে দর্শকরা চারটি ভিন্ন ঘরানার কনটেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি সেপ্টেম্বরে আরও নতুন ও বৈচিত্র্যময় কনটেন্ট মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

কালের আলো/এসএ