পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ
জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।
৪৬ বছর বয়সী স্মিথ পাকিস্তানের টেস্ট ও সীমিত ওভারের—উভয় সংস্করণের দলের সঙ্গে কাজ করবেন। ১৯ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
গত কয়েক মাস ধরে পাকিস্তান দলে পূর্ণকালীন ব্যাটিং কোচের পদটি শূন্য ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগের দাবি আরও জোরালো হয়। এতদিন জাতীয় নির্বাচক আসাদ শফিক অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করলেও এবার সেই দায়িত্ব স্থায়ীভাবে নিলেন স্মিথ।
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে না খেললেও কোচ হিসেবে রয়েছে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা। ‘লেভেল-৪’ ডিগ্রিধারী স্মিথ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতানসের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার ক্রিকেট তাসমানিয়া ও হোবার্ট হারিকেনসের ব্যাটিং কোচ এবং দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্মিথ। সব মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটির সাহায্যে তাঁর সংগ্রহ ৭ হাজার ২৯ রান।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে ধারাবাহিকতায় ফেরানোই হবে স্মিথের প্রথম বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে টেস্টে ধারাবাহিক ব্যর্থতার মুখে থাকা দলটি আগামী ইংল্যান্ড সফরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array