আজ মানিক মিয়া অ্যাভিনিউ ও সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্টে পারফর্ম করছেন যারা
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে দুটি বৃহৎ উন্মুক্ত কনসার্ট। ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ কনসার্ট দুটি সংগীতপ্রেমীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত রাখা হয়েছে।
মানিক মিয়া অ্যাভিনিউ: ‘বর্ষা বিপ্লবের গান’
জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হয়েছে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। আয়োজকরা জানিয়েছেন, জুলাই আন্দোলনে জন্ম নেওয়া মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে সংগীতের মাধ্যমে স্মরণ ও উদ্যাপন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
পারফর্ম করছেন যারা: আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান।
একক শিল্পী: আসিফ আকবর, র্যাপার সেজান, পারশা মাহজাবীন এবং কাজী আহনাফ তাহমীদ।
এক ভিডিও বার্তায় জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন দর্শক-শ্রোতাদের আহ্বান জানিয়ে বলেছে, ‘চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা আসছি… আমরা একসাথে গাইব আমাদের সম্মিলিত সাহস ও ভালোবাসার গান।’ অন্যদিকে শিল্পী আসিফ আকবর সামাজিক মাধ্যমে ভক্তদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিকে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যান: ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’।
পারফর্ম করছেন যারা: মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে।
সময়সূচি: কনসার্ট শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের সুবিধার্থে বেলা ১টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে।
বামবা সভাপতি হামিন আহমেদ জানান, জুলাই আন্দোলনে সংগীতাঙ্গনের গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং সেই তাৎপর্যকে লালন করতেই এ আয়োজন। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জীবন্ত রাখতেই এ কনসার্ট করা হচ্ছে এবং অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
রবীন্দ্র সরোবরে ‘সাউন্ড অব জুলাই’ সম্পন্ন
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রবীন্দ্র সরোবরে ‘জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স’-এর উদ্যোগে এবং বিডিজবসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘সাউন্ড অব জুলাই’ শীর্ষক র্যাপ, গান ও কবিতার আয়োজন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে তথ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’ প্রদর্শন, বিইউএফটি কালচারাল ক্লাবের নাটক ‘৩৬ জুলাই’, মেটালিক এররের পরিবেশনা এবং কাজী আহনাফ তাহমিদ, হান্নান ও সেজানসহ একাধিক র্যাপারের পরিবেশনা প্রদর্শিত হয়।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array