খুঁজুন
                               
, ,
           

ইউভেন্তুসের আগ্রহও শেষ, অ্যাস্টন ভিলাতেই থাকতে হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
ইউভেন্তুসের আগ্রহও শেষ, অ্যাস্টন ভিলাতেই থাকতে হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজকে

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা যেন থামছেই না। এক বছর আগে অ্যাস্টন ভিলা ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও প্রত্যাশিত কোনো প্রস্তাব না পাওয়ায় শেষ পর্যন্ত পুরোনো ক্লাবেই থেকে যেতে হয়েছিল তাকে।

সে সময় সৌদি প্রো লিগ, ইউরোপের শীর্ষ ক্লাব কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)—কোথাও থেকেই মার্তিনেজের জন্য সন্তোষজনক কোনো প্রস্তাব আসেনি। ফলে অনিচ্ছা সত্ত্বেও অ্যাস্টন ভিলাতেই ক্যারিয়ার চালিয়ে যান তিনি।

এরপর মাঠের পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। ধারাবাহিক নৈপুণ্যে তিনি আবারও ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসবেন বলে ধারণা করেছিলেন অনেকেই।

তবে সেই সম্ভাবনায় নতুন করে ভাটা পড়েছে। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব ইউভেন্তুস মার্তিনেজকে দলে নেওয়ার আগ্রহ থেকে সরে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। ফলে আপাতত তুরিনে যাওয়ার সম্ভাবনা নেই তার।

সব মিলিয়ে, এক বছর আগে নতুন চ্যালেঞ্জের খোঁজে অ্যাস্টন ভিলা ছাড়তে চাওয়া মার্তিনেজ এখনও একই ক্লাবেই আছেন। নতুন মৌসুমেও তার ভবিষ্যৎ ভিলা পার্কেই থাকবে কি না, নাকি শেষ মুহূর্তে কোনো বড় ক্লাব প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে—সেটিই এখন দেখার বিষয়।

কালের আলো/এসএ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, তবে একই সময়ে ৪৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশালে বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে তিন জন রয়েছেন।

চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট ১৬ হাজার ৫৪০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ২৮১ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জোটটি। এ সময় গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা এবং জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরের লালদিঘী জেলা পরিষদ চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খানের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনা করেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, হঠাৎ করে দেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কবলে পড়ল কেন, তার জবাব সরকারকে দিতে হবে। চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় কয়েক দিন ধরে গ্যাস না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গ্যাসের অভাবে বাসাবাড়ির পাশাপাশি শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, বিদ্যুৎ সংকটের মধ্যেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ভুতুড়ে বিলের নামে গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত ব্যবহারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিল পাওয়ার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সংকটের সময়ে বিদ্যুতের দাম বাড়ানো সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অবৈধ মজুতদারি, সিন্ডিকেট বা কৃত্রিম সংকটের মাধ্যমে কেউ বাজার অস্থিতিশীল করছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে।

জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম বলেন, দ্বিতীয় বার্ষিকী চললেও এখনো শহীদদের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হয়নি। দ্রুত গেজেট প্রকাশ করে তাদের পরিবারের রাষ্ট্রীয় মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তারা গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভুতুড়ে বিল বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশের দাবি জানান।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে এসব দাবির পাশাপাশি জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

কালের আলো/এসএকে

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- পরিহন বিভাগের মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে, ট্রাফিক-পল্লবী জোনের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, প্রকিউরমেন্ট বিভাগের শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিমে, চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন-নিরাপত্তা-১, নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার কথা বলা হয়েছে আদেশে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি