খুঁজুন
                               
, ,
           

নতুন মৌসুম শুরুর আগেই ইতিহাস গড়ছে প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
নতুন মৌসুম শুরুর আগেই ইতিহাস গড়ছে প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে ২১ আগস্ট। মাঠের লড়াই শুরুর আগেই ইতিহাস গড়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফুটবল লিগ। এবারই প্রথম উদ্বোধনী সপ্তাহান্তে ৯টি ক্লাব নতুন স্থায়ী প্রধান কোচের অধীনে মৌসুম শুরু করতে যাচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমের শুরুতে এত সংখ্যক ক্লাবের নতুন কোচ নিয়ে মাঠে নামার ঘটনা আগে কখনো ঘটেনি। লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, বোর্নমাউথ, নটিংহাম ফরেস্ট, ক্রিস্টাল প্যালেস, ফুলহাম ও ইপসউইচ টাউন—এই ক্লাবগুলোতে কোচ পরিবর্তনের ফলে লিগজুড়ে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, লিভারপুলের দায়িত্ব পেয়েছেন আন্দোনি ইরাওলা। ম্যানচেস্টার সিটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন এনজো মারেসকা। চেলসির ডাগআউটে এসেছেন জাবি আলোনসো। বোর্নমাউথের দায়িত্ব দেওয়া হয়েছে মার্কো রোজকে, নটিংহাম ফরেস্টের কোচ হয়েছেন অলিভার গ্লাসনার, ক্রিস্টাল প্যালেসে যোগ দিয়েছেন পিয়ের সাজ, ফুলহামের দায়িত্ব নিয়েছেন আলভারো আরবেলোয়া এবং ইপসউইচ টাউনের নতুন কোচ গ্যারি ও’নিল। নিউক্যাসল ইউনাইটেডও মাটিয়াস ইয়াসলাকে নিয়োগ দিতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০১৬–১৭ মৌসুমে ৮টি ক্লাব নতুন কোচ নিয়ে মৌসুম শুরু করেছিল, যা এতদিন সর্বোচ্চ ছিল। ওই মৌসুমেই ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়েছিলেন পেপ গার্দিওলা এবং চেলসির কোচ হয়ে অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিলেন আন্তোনিও কন্তে।

বর্তমানে প্রিমিয়ার লিগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী কোচ আর্সেনালের মিকেল আরতেতা। ২০১৯ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর তিনি এখন লিগের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তার চেয়ে দীর্ঘ সময় ধরে একই ক্লাবের দায়িত্বে আছেন শুধু আতলেতিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে।

নতুন কোচ মানেই নতুন কৌশল, নতুন পরিকল্পনা ও নতুন উদ্দীপনা। তাই মৌসুমের শুরুতে দলগুলোর পারফরম্যান্স কেমন হয়, তা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। উদ্বোধনী সপ্তাহেই নতুন কোচদের অধীনে থাকা কয়েকটি দলের মুখোমুখি লড়াইও থাকছে, যা মৌসুমের শুরুতেই বাড়তি আকর্ষণ যোগ করবে।

প্রিমিয়ার লিগের ইতিহাস বলছে, ১৯৯২ সালে লিগের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত মাত্র ছয়জন কোচ নিজেদের অভিষেক মৌসুমেই শিরোপা জিততে পেরেছেন। ফলে এবার নতুন দায়িত্ব পাওয়া কোচদের সামনে ইতিহাস গড়ার সুযোগ যেমন রয়েছে, তেমনি প্রত্যাশার চাপও থাকবে অনেক বেশি।

কালের আলো/এসএ

আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনের সময় থেকেই এ পদমর্যাদা কার্যকর হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি মো. দাউদ হোসেন বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশান-২ নম্বরের এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা সিদ্দিক গুলশান থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

কালের আলো/এমএসআইপি/এএইচ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।

কালের আলো/এএইচ/এমএসআইপি