খুঁজুন
                               
, ,
           

সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ দুইবার: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও সংবিধান সংশোধনের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান যুক্ত করা হবে।

পাশাপাশি সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন এবং শহীদ একরামুল হক সাজিদের মাতা নাজমা খাতুন লিপি।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পরে মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

অনুষ্ঠানে ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাবি সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালের আলো/জেএন/এমএসআইপি

রেমিট্যান্সে সুবাতাস, ৮ দিনে যত ডলার পাঠালেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
রেমিট্যান্সে সুবাতাস, ৮ দিনে যত ডলার পাঠালেন প্রবাসীরা

বিগত কয়েক বছরের মতো চলতি ২০২৬-২৭ অর্থবছরেও দারুণ সুবাতাস বইছে রেমিট্যান্সে। চলতি আগস্ট মাসের প্রথম আটদিনেও অব্যাহত আছে এ ধারা। এই ৮ দিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৪২ দশমিক ৯ শতাংশ বেশি।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৬ থেকে ৮ আগস্ট- এই তিনদিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে, ৪ ও ৫ আগস্ট— এই দুইদিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন ডলার।

এদিকে, অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট তিন দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই রেমিট্যান্সের পরিমাণ ছিল তিন দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ছে। রেমিট্যান্সের এ ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কালের আলো/এসএকে

শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, আব্দুর রব ভুট্টো-জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, আব্দুর রব ভুট্টো-জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে থানায় জিডি

রাজধানীর রমনা থানায় শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ ছড়ানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ১ আগস্ট রমনা থানায় জিডিটি করেন নুরুল আফসার। জিডিতে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, এসব মাধ্যম থেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

জিডিতে উল্লেখ করা অ্যাকাউন্ট ও পেজগুলোর মধ্যে রয়েছে ‘Abdur Rab Bhuttow’, ‘Corruption in Media’, ‘Jawad Nirjhor’ ও ‘RTews24’। এসব অ্যাকাউন্টের একাধিক ফেসবুক লিংকও জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নুরুল আফসার জিডিতে নিজেকে ‘মাননীয় শিক্ষামন্ত্রীর পিও’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন, গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনকে নিয়ে বিভিন্ন ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন তিনি।

রমনা থানার জিডি সূত্রে জানা যায়, আবেদনটি ১ আগস্ট সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। জিডি নম্বর ৪৮।

জিডির নথিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

জিডির বিষয়ে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন মিয়া বলেন, সাধারণ ডায়েরির বিষয়টি তদন্তের জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে। তিনি বলেন, থানার পক্ষ থেকে একজন তদন্ত কর্মকর্তা (আইও) থাকলেও বিষয়টি সাইবার ইউনিটে তদন্ত করা হবে। তদন্ত শেষে সাইবার ইউনিট থেকে একটি প্রতিবেদন দেওয়া হবে।

জিডির বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মিয়া বলেন, জিডির বিষয়টি তদন্তের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে। থানার পক্ষ থেকে একজন তদন্ত কর্মকর্তা (আইও) থাকলেও মূলত বিষয়টি সাইবার ইউনিটই তদন্ত করবে। তদন্ত শেষে সাইবার ইউনিট থেকে একটি প্রতিবেদন দেওয়া হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, যাদের অবদান ও আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ ও গণতন্ত্র অর্জিত হয়েছে, শিশুদের তাদের সম্পর্কে জানানো অত্যন্ত জরুরি। এ জন্য শিশু-কিশোরদের উপযোগী বই, লেখনী ও চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্ব দিতে হবে।

রোববার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘শহিদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বই দুটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা ‘দশমিক’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাচ্চাদের জন্য বাংলাদেশের আসল ইতিহাস এবং যাদের কারণে আমরা স্বাধীন দেশ ও গণতন্ত্র পেয়েছি, তাদের সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানানো খুবই দরকার। কিন্তু সে অনুপাতে বই, লেখনী বা চলচ্চিত্র সেভাবে গড়ে ওঠেনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমরা সঠিক ইতিহাস তুলে ধরার জন্য কাজ করছি। এ ধরনের উদ্যোগে সার্বিক সহযোগিতা করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত রয়েছে।’

বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য এ ধরনের বইয়ের ইংরেজি অনুবাদ প্রকাশের ওপরও গুরুত্ব দেন তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, এতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম সহজেই বাংলাদেশের ইতিহাস এবং ত্যাগী নেতাদের অবদান সম্পর্কে জানতে পারবে।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন, “আই রিভোল্ট’ না বলতেন, তবে হয়তো আজ আমরা স্বাধীন দেশ পেতাম না।’’

তিনি বলেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছেন। তাদের এই অবদান নতুন প্রজন্মের কাছে তুলে না ধরলে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে পারে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করতে হবে। দেশে যেন পুনরায় ফ্যাসিবাদের উত্থান না ঘটে, সে জন্য সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর স্বত্বাধিকারী দীপান্ত রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, এস এম জিলানী, কে এম বাবর ও মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

আলোচক হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার টপি এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।

এ ছাড়া বক্তব্য দেন লেখক কালাম ফারায়েজি, বই দুটির লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা, কবি মিন্টু হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও তৌহিদুর রহমান আওয়াল।

কালের আলো/এম/এএইচ