খুঁজুন
                               
, ,
           

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা : প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতদের সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের দেখতে যান আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি অনুদান পেতে বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। আহত ও নিহতদের স্বজনদের সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে ফরম জমা দিতে হবে। এরপর নিয়ম অনুযায়ী তারা সরকারি অনুদানের টাকা পাবেন।

তিনি বলেন, সকালের দিকে মহাসড়ক ফাঁকা থাকার সুযোগে অনেক চালকের মধ্যে দ্রুতগতিতে গাড়ি চালানো ও প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। এটি নিয়ন্ত্রণে আনা হবে। ফ্লাইওভারে যেভাবে গতি নিয়ন্ত্রণ করা হয়, একইভাবে মহাসড়কেও হাইওয়ে পুলিশ ও প্রশাসনের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা বাস্তবায়ন করা হবে।

ওসমানীনগর ও তাজপুর সড়কে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব দুর্ঘটনা রোধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

সিলেট-শেরপুর সড়কের অংশে ঘনঘন দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের দিকে। বৃষ্টিসহ নানা কারণে প্রকল্পের কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে সেপ্টেম্বর-অক্টোবরে প্রকল্পের কাজ দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নের বিষয়ে আগ্রহী ছিলেন। এলাকার সংসদ সদস্য ও মন্ত্রীরাও বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করছেন। মাটি ভরাটের কাজ সময়সাপেক্ষ হলেও বিদ্যমান সড়ক দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের কাজ শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

কালের আলো/এসএকে

সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর খবর: সত্য নাকি গুজব?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর খবর: সত্য নাকি গুজব?

ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবরকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ৬৮ বছর বয়সী হোর্হে মেসির জীবনাবসানের খবরটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মনে তৈরি হয় চরম উদ্বেগ ও কৌতূহল।

এই জল্পনার সূত্রপাত ঘটে মূলত আর্জেন্টিনার স্থানীয় কিছু সংবাদমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে। বিশেষ করে ‘ইনফোবে’ এবং ‘রোসারিও৩’-এর মতো কয়েকটি প্ল্যাটফর্ম দাবি করে, দীর্ঘ কয়েক মাস ধরে প্রাণঘাতী ও জটিল ব্যাধির সাথে লড়াই করার পর নিজের জন্মশহর রোসারিওর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হোর্হে মেসি।

পরবর্তীতে কাতালুনিয়া রেডিও-সহ বেশ কিছু আঞ্চলিক প্ল্যাটফর্মও আর্জেন্টিনার সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করে।

তবে খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এর সত্যতা নিয়ে দেখা দেয় বড় ধরনের প্রশ্নচিহ্ন।

কারণ, গুঞ্জন শুরু হলেও এখন পর্যন্ত লিওনেল মেসি, তার পরিবার কিংবা ইন্টার মায়ামি ক্লাবের পক্ষ থেকে কোনো প্রকার দাপ্তরিক বা আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এমনকি আন্তর্জাতিক স্তরের মূলধারার কোনো শীর্ষস্থানীয় বিশ্বখ্যাত সংবাদমাধ্যমও এই তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি।

বিশ্ব ফুটবলের এত বড় এক তারকার বাবার জীবনাবসানের মতো খবর সরাসরি অফিশিয়াল নিশ্চিতকরণের দাবি রাখে। ফলে এখন পর্যন্ত মেসির বাবার মৃত্যুর খবরটি সম্পূর্ণ সঠিক কি না নিশ্চিত নয়।

কালের আলো/জেএন/এমএসআইপি

কথিত প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
কথিত প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে

বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্ট ঘিরে বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে এমনিতেই তীব্র চাপে আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই পরিকল্পনা বাতিল করে ক্ষমা চাইলেও সমালোচনা থামেনি। এর মধ্যে তাঁর পদত্যাগের দাবিও উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে নতুন অভিযোগ।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। পরে উয়েফা ছাড়ার সময় ওই নারীকে সংস্থাটি বড় অঙ্কের অর্থ দেয়। তবে ইনফান্তিনোর মুখপাত্র অভিযোগটি ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। উয়েফাও অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করেছে, তবে তাদের দাবি, স্থানীয় একটি বিজনেস স্কুলে ওই নারীর এমবিএ পড়ার খরচ হিসেবে নিয়ম মেনেই অর্থ পরিশোধ করা হয়েছিল।

২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উয়েফার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ইনফান্তিনো। উয়েফার এক বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট নারীকে চাকরি ছাড়ার সময় অর্থ পরিশোধ করা হয়েছিল। তবে অর্থের পরিমাণ বা এর সঙ্গে ইনফান্তিনোর ব্যক্তিগত সম্পর্কের কোনো যোগসূত্র ছিল কি না, সে বিষয়ে সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।

টেলিগ্রাফ–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্কে থাকা ওই নারীকে ছয় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে ইনফান্তিনোর পক্ষ থেকে অভিযোগটি কঠোরভাবে অস্বীকার করা হয়েছে।

ফিফার এক মুখপাত্র টেলিগ্রাফকে বলেছেন, ইনফান্তিনো অভিযোগগুলো ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করেছেন এবং সেগুলো সম্পূর্ণ অসত্য। তাঁর আচরণ নিয়ে উয়েফা বা ফিফার কোনো কর্মী কখনো অসদাচরণ কিংবা নিয়ম ভঙ্গের অভিযোগ করেননি বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে উয়েফা জানিয়েছে, ওই নারীকে অর্থ দেওয়া হলেও তা ছিল তাঁর এমবিএ কোর্সের ফি পরিশোধের জন্য। সংস্থাটির দাবি, সে সময়কার প্রচলিত নিয়ম মেনেই অর্থ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে উয়েফা তাদের নিয়মকানুন আরও কঠোর করেছে।

নতুন অভিযোগটি এমন সময়ে সামনে এসেছে, যখন ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোকে নিয়ে আগে থেকেই তীব্র বিতর্ক চলছে। বিশ্বকাপের অংশীদারত্ব একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে পড়ার পর শেষ পর্যন্ত সেটি বাতিল করা হয়। পরে নিজের ‘ভুল’ স্বীকার করে ক্ষমাও চান ৫৬ বছর বয়সী এই সংগঠক।

পরিকল্পনা বাতিল হলেও ইউরোপের কয়েকটি ফুটবল সংস্থা ফিফার আয়োজন বয়কটের হুমকি দিয়ে রেখেছে। উয়েফা ও নরওয়ে ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থার ঘাটতির কথা জানিয়েছে। তাঁর পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।

তবে পরিস্থিতি পুরোপুরি তাঁর বিপক্ষে নয়। দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়েছে। সর্বশেষ বিশ্বকাপের সহআয়োজক মেক্সিকো এবং রানার্সআপ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও তাঁর পাশে রয়েছে। দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ তাঁর নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে।

উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অবশ্য এখনো স্পষ্ট কোনো অবস্থান নেয়নি।

ইনফান্তিনো ২০০০ সালে উয়েফায় যোগ দেন। ২০০৯ সালে সংস্থাটির সাধারণ সম্পাদক হন। এরপর ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন। সুইজারল্যান্ডে ইতালীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া ইনফান্তিনো বহু ভাষায় কথা বলতে পারেন। তাঁর ইতালি, সুইজারল্যান্ড ও লেবাননের নাগরিকত্ব রয়েছে।

২০০১ সালে লিনা আল-আশকারকে বিয়ে করেন ইনফান্তিনো। তাঁদের চার কন্যাসন্তান রয়েছে।

ফিফার বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে বিতর্ক, ইউরোপীয় ফুটবল সংস্থাগুলোর অসন্তোষ এবং এখন উয়েফায় তাঁর সময়কার কথিত সম্পর্ক নিয়ে নতুন অভিযোগ—সব মিলিয়ে ইনফান্তিনোর জন্য সময়টা যে বেশ কঠিন, তা বলাই যায়।

কালের আলো/এসএ

তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প শিগগিরই শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্প শিগগিরই শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ-নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘তিস্তা একটি বড় প্রকল্প। একটি প্রকল্প একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমাদের সরকারের বয়স মাত্র পাঁচ মাস। আমাদের কিছুদিন সময় দিন। অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব।

কুড়িগ্রামের নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, চিলমারী বন্দরসহ জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কুড়িগ্রামে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কোন মানুষের ঘরবাড়ি, হাট-বাজার, মসজিদ, মন্দির কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান যেন নদীতে বিলীন হয়ে না যায়, সে জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। প্রকল্পগুলো কত দ্রুত বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে আমরা মাঠপর্যায়ে পরিদর্শন করছি।

নদীভাঙন রোধে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভাঙনকবলিত মানুষের পাশে সরকার রয়েছে। ইতোমধ্যে কুড়িগ্রামের প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ চলছে। যেখানে আরও কাজের প্রয়োজন রয়েছে, সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হবে। পরে পানি সম্পদ প্রতিমন্ত্রী গাইবান্ধায় বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান দুটি প্রকল্প পরিদর্শন করবেন বলে জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব ও শফিকুল ইসলাম বেবু এবং জেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালের আলো/এসএকে