লোহিত সাগরে হুথিদের হামলায় ৩ নাবিকের মৃত্যু নিশ্চিত করল পাকিস্তান
ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বুধবার (১২ আগস্ট) এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় তিন পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন।’
শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইসহাক দার বলেন, ‘সামরিক কাজে ব্যবহৃত নয় এমন একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান। এ ধরনের হামলা নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং নৌ চলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।’
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান।
তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখব।’
এর আগে গতকাল মঙ্গলবার ইয়েমেনের আল-মোখা উপকূলের কাছে লোহিত সাগরের প্রবেশমুখে তানজানিয়ার পতাকাবাহী ‘তিহামাহ’ নামে জাহাজটিতে ইরান-সমর্থিত হুথিরা হামলা চালায়।
দেশটির কোস্ট গার্ড কর্মকর্তারা নিশ্চিত করেন, বাব আল-মান্দেবের কাছে ওই জাহাজে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে জাহাজটির চারজন নাবিক ছিলেন- তিনজন পাকিস্তানি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক। বাকি দুজন হামলার পর জাহাজটির নাবিকদের উদ্ধার অভিযান আসা ইয়েমেনি নৌবাহিনীর সদস্য।
এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, ‘হামলার পর ইয়েমেনি নৌবাহিনী জাহাজটিকে সহায়তা করতে এগিয়ে আসে। কিন্তু তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। এতে দুইজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।
প্রসঙ্গত, লোহিত সাগরে হুথি ও সৌদি আরবের মধ্যকার নতুন নৌ-অবরোধ এবং মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক যুদ্ধের তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রাণঘাতী হামলাটি ঘটেছে। গত ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর একটি ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করে। এই অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী সৌদি সংশ্লিষ্ট জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।
সূত্র: বিবিসি, ডন
কালের আলো/আরডি/এমডিএইচ

আপনার মতামত লিখুন
Array