শাহজালালে ৩ লাখ টাকার বিদেশি মদ জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
সিআইআইডি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় প্রশান্ত লাল দাস নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের আরও ৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
সিআইআইডি জানায়, দুই যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার করা বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।
সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরে যাত্রীদের ব্যাগেজের ওপর নিয়মিত নজরদারির পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ যাত্রী ও ফ্লাইটে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় দিল্লি ফেরত ফ্লাইটটির দুই যাত্রীর ব্যাগেজে বিদেশি মদের সন্ধান পাওয়া যায়।
বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আনা এবং চোরাচালান প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array