আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জরুরি বৈঠকে বসছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে দলের নীতিনির্ধারকদের মধ্যে বেশ কিছুদিন ধরেই আলোচনা ও বিচার-বিশ্লেষণ চলছে। তবে আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রার্থী চূড়ান্ত হওয়ার পরপরই বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বিকেল ৪টা। ফলে শেষ দিনেই প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন দাখিল করবে দলটি।
এদিকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম দলীয় হাইকমান্ডের বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির দায়িত্বশীল কোনো পর্যায় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি।
বৈঠক শেষে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
