রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করেছে ক্ষমতাসীন বিএনপি। সংসদে দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। এখন দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা।
এর আগে গত ১ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর দেওয়া হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বিএনপির মহাসচিবের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হওয়ায় এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী ধাপ সম্পন্ন হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি
