ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুতের বড় একটি অংশ ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ ব্যবহারের ধরন পরিবর্তিত হয়েছে। রাত ১২টার পরও প্রায় ১৮ হাজার মেগাওয়াটের মতো বিপুল বিদ্যুৎ চাহিদা দেখা যাচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে তিনি বিপুল সংখ্যক ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইককে উল্লেখ করেন, যেগুলো সাধারণত রাতে চার্জ দেওয়া হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এসব যানবাহনের একটি বড় অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে চার্জ দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে সরকার অভিযান চালাচ্ছে। তবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় বাধার মুখেও পড়তে হচ্ছে।
অনুষ্ঠানে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং তা মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন জ্বালানিমন্ত্রী।
মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আগুন লাগার ঘটনায় গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একটি এফএসআরইউ চালু রেখে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। দ্বিতীয় এফএসআরইউয়ের মেরামত শেষ হলে দুটি বয়লারের কার্যক্রম সমন্বয় করতে প্রায় ৭২ ঘণ্টার শাটডাউন প্রয়োজন হবে। ওই সময়ে গ্যাস সংকট সাময়িকভাবে আরও বাড়তে পারে।
মন্ত্রী জানান, মেরামতকাজে ব্রিটেন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন। মেরামতের প্রয়োজনীয় সামগ্রী বিদেশ থেকে আসার ২৪ ঘণ্টার মধ্যেই শুল্কসংক্রান্ত জটিলতা এড়িয়ে সরাসরি সাইটে পৌঁছে দেওয়া হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি। ২০২৯ সালের মধ্যে দেশে আরও তিনটি নতুন এফএসআরইউ স্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে। পায়রা, মোংলা এবং হিরণ পয়েন্ট বা খুলনা অঞ্চলে এসব টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধানে সরকার জোর দিয়েছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাপেক্সকে শক্তিশালী করতে নতুন দুটি রিগ কেনার আদেশ দেওয়া হয়েছে। দ্রুত নতুন কূপ খননের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের চলমান উদ্যোগ সফল করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নৈতিক সমর্থন কামনা করেন মন্ত্রী।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি




-20261119145050.jpg)















