‘হাসিনা-হাদীর আসামিদের ফেরত দিয়ে বন্ধুত্বের কথা বলুন’
বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকার অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ভারতের এমন অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ ঘোষণা করার মতো’।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি।
সম্প্রতি নয়াদিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম দাবি করেন, ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া ওই আয়োজন সম্ভব ছিল না। তাঁর ভাষ্য, কোনো মামলায় আদালতের রায় হওয়ার পর সেই মামলার আসামিকে ভারতের মাটিতে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া বাংলাদেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বন্ধুত্বের কথা বলার আগে দুই দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করতে হবে। এর মধ্যে শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের আসামিদের ফেরত পাঠানো, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং সীমান্ত হত্যাকাণ্ডের মীমাংসার বিষয় রয়েছে।
তিনি আরও বলেন, এসব বিষয়ে সমাধান না করে শুধু বন্ধুত্বের কথা বলা অর্থবহ হবে না।
এদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের নতুন অনুরোধ ভারত প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array