খুঁজুন
                               
, ,
           

অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন তানজিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির ইতিহাস গড়লেন তানজিদ

কাল পেসার হাসান মাহমুদের দাপট, আজ বাংলাদেশের ব্যাটিংয়ের আলোচনার কেন্দ্রে তানজিদ হাসান। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই দুর্দান্ত সেঞ্চুরি করে বাঁহাতি এই ওপেনার জানিয়ে দিলেন—টেস্ট ক্রিকেটেও তিনি দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত।

ডারউইনের সবুজ উইকেটে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও শন অ্যাবটদের মতো অস্ট্রেলিয়ার বোলারদের সামলে ১৯৭ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন তানজিদ। ১৮৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে গড়েছেন নতুন এক ইতিহাস—অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান তিনি।

গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তানজিদের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি এরই মধ্যে নিজেকে পরিচিত করে ফেলেছেন। ৪০ ওয়ানডেতে একটি সেঞ্চুরির সঙ্গে আছে ৯টি ফিফটি। ৫৩ টি-টোয়েন্টিতে করেছেন ১৩টি ফিফটি। টেস্টে দেখার অপেক্ষা ছিল, এই সংস্করণে তিনি কতটা মানিয়ে নিতে পারেন।

ডারউইনে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তানজিদ ব্যাট হাতেই।

মুমিনুল হকের সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ১০২ রানের জুটি বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দেয়। এরপর নাজমুল হোসেনের সঙ্গে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের ওপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি। ড্রাইভ, পেছনের পায়ে ভর করে পাঞ্চ কিংবা ওয়েবস্টারকে ডাউন দ্য উইকেটে এসে মারা ছক্কা—সবকিছুতেই ছিল আত্মবিশ্বাসের ছাপ।

তানজিদের প্রথম ৫০ রান আসে ১০২ বলে, পাঁচটি চারে। পরের ৫০ রান করতে মাত্র ৮৬ বল খেলেন তিনি। এই সময়ে মেরেছেন আরও তিনটি চার ও একটি ছক্কা। সেঞ্চুরি করার পর ১০১ রানেই থামতে হয় তাঁকে।

তাঁর সেঞ্চুরির আরেকটি বিশেষত্ব, এটি অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম টেস্ট সেঞ্চুরি। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও অক্ষত থাকল। মুমিনুলের সঙ্গে তানজিদের ১০২ রানের জুটি অল্পের জন্য ভাঙতে পারেনি ২০০৩ সালে কেয়ার্নসে হাবিবুল বাশার ও হান্নান সরকারের গড়া ১০৮ রানের রেকর্ড।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে শেষ করার পর বাংলাদেশ আগের দিনই ১ উইকেটে ৯৬ রান করেছিল। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মুমিনুল ও তানজিদ মিলে অস্ট্রেলিয়ার বোলারদের আরও চাপে ফেলেন। অথচ প্রথম দিনের শেষে স্টিভেন স্মিথ বলেছিলেন, ডারউইনের উইকেট ‘ট্রিকি’ এবং বাংলাদেশের জন্য দ্বিতীয় দিনের ব্যাটিং সহজ হবে না।

তবে তানজিদের ব্যাটিংয়ে সেই ‘ট্রিকি’ উইকেটের ছাপ খুব একটা দেখা যায়নি। গতি, বাউন্স, সুইং কিংবা অস্ট্রেলিয়ান ফিল্ডারদের কথার চাপ—কোনোটিই যেন তাঁর মনোযোগ নষ্ট করতে পারেনি।

মজার ব্যাপার, তানজিদের সেঞ্চুরিতে স্মিথেরও সামান্য অবদান আছে। ব্যক্তিগত ৬২ রানের সময় স্লিপে ক্যাচ দিয়েছিলেন তানজিদ। কিন্তু সেটি নিতে পারেননি স্মিথ। শেষ পর্যন্ত সেই জীবনই কাজে লাগিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের ওপেনার।

ডারউইনের ‘ট্রিকি’ উইকেটে তাই শেষ পর্যন্ত প্রশ্নটা উইকেট নিয়ে নয়, বরং তানজিদের ব্যাটিং নিয়েই—দ্বিতীয় টেস্টেই যেভাবে অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিং সামলেছেন, তাতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন এক নির্ভরতার নাম হয়ে উঠতে যাচ্ছেন কি না, সেই আলোচনাই এখন সবচেয়ে বেশি।

কালের আলো/এসএ

ছুটির দিনে ওটিটিতে যা দেখতে পারেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
ছুটির দিনে ওটিটিতে যা দেখতে পারেন

সাপ্তাহিক ব্যস্ততার পর ছুটির দিনে বিনোদনের জন্য ওটিটিতে এসেছে সিনেমা ও সিরিজের বেশ কিছু নতুন আয়োজন। কমেডি, রাজনৈতিক ড্রামা, ক্রাইম-থ্রিলার থেকে ভৌতিক—পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন এসব কনটেন্ট।

১. ককটেল টু — নেটফ্লিক্স
২০১২ সালের ‘ককটেল’-এর সিক্যুয়েল হলেও নতুন সিনেমাটির গল্প আগেরটির সঙ্গে সরাসরি যুক্ত নয়। আধুনিক প্রজন্মের সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

২. মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি — নেটফ্লিক্স
হালকা মেজাজের জার্মান কমেডি। অলি তার ঘনিষ্ঠ বন্ধু ও বন্ধুর প্রেমিকা রেবেকার সম্পর্ক মেনে নিতে পারে না। তাদের বিশ্বভ্রমণের পরিকল্পনা ভেস্তে দিতে নানা কৌশল শুরু করে সে। কিন্তু রেবেকাও পাল্টা জবাব দিতে প্রস্তুত। বন্ধুত্ব, দ্বন্দ্ব আর হাস্যরস মিলিয়ে জমে ওঠে গল্প।

৩. আখরি সওয়াল — লায়ন্সগেট প্লে
রাজনৈতিক প্রোপাগান্ডা ও আদর্শিক সংঘাতকে কেন্দ্র করে তৈরি হাই-ভোল্টেজ ড্রামা। একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তাঁর গবেষণা সহযোগীর আদর্শগত দ্বন্দ্ব শেষ পর্যন্ত লাইভ টেলিভিশন টকশোতে পৌঁছায়। সেখানেই সামনে আসতে থাকে নানা অজানা সত্য। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তী।

৪. উমথেথো — নেটফ্লিক্স
ক্রাইম-থ্রিলার সিরিজটির গল্প এমবালিকে ঘিরে। দীর্ঘদিন নিখোঁজ থাকা ভাইকে হঠাৎ একটি ভয়ংকর জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে সে। ভাইকে অপরাধজগত থেকে ফিরিয়ে আনতে শুরু হয় তার বিপজ্জনক অভিযান।

৫. কদমবরি — অ্যামাজন প্রাইম ভিডিও
রহস্য ও ভৌতিক আবহের সিনেমা। প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলের মধ্যে বন্দি থাকা প্রেতাত্মাকে ঘিরেই গল্প। দুই চোরের কারণে আত্মাটি মুক্ত হওয়ার পর প্রাসাদে শুরু হয় একের পর এক অস্বাভাবিক ঘটনা। শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের অদ্ভুত আচরণ গল্পটিকে আরও রহস্যময় করে তোলে।

কালের আলো/এসএ

 

ডিএমপির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
ডিএমপির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫১২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ৪০ জন, ওয়ারীতে ৭০ জন, মতিঝিলে ৭১ জন, তেজগাঁওয়ে ৪৭ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।

অভিযানে ১ কেজি ২০৪ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৩৩৩ পিস ইয়াবা, ৫০ বোতল এস্কাফ সিরাপ ও ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া পাঁচটি মোটরসাইকেল ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

রোনালদো–জর্জিনার বিয়েতে সম্পত্তির শর্ত, বিচ্ছেদ হলে কী পাবেন জর্জিনা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
রোনালদো–জর্জিনার বিয়েতে সম্পত্তির শর্ত, বিচ্ছেদ হলে কী পাবেন জর্জিনা?

প্রায় এক দশকের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। পাঁচ সন্তান ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করেছেন তারা। বিয়ের পর এবার আলোচনায় এসেছে এই তারকা দম্পতির বিয়ের আর্থিক শর্ত।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদো ও জর্জিনা ‘সম্পত্তি পৃথকীকরণ’ কাঠামোর অধীনে বিয়ে করেছেন। অর্থাৎ বিয়ের আগে ও পরে দুজনের নিজ নিজ সম্পদ, আয় ও বিনিয়োগের ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ বজায় থাকবে। ভবিষ্যতে বিচ্ছেদ হলেও সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে ভাগ হয়ে যাওয়ার সুযোগ থাকবে না।

পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের নথিতে বিচ্ছেদের ক্ষেত্রে কার্যকর হওয়ার মতো কিছু শর্ত রয়েছে। এর একটি অনুযায়ী, বিচ্ছেদ হলে জর্জিনা রোনালদোর কাছ থেকে প্রতি মাসে ১ লাখ ইউরো ভাতা পেতে পারেন।

এ ছাড়া মাদ্রিদের লা ফিনচায় থাকা তাদের বিলাসবহুল বাড়িটির পূর্ণ মালিকানাও জর্জিনার কাছে যাওয়ার শর্ত রয়েছে বলে দাবি করা হয়েছে। ওই বাড়িটির মূল্য ৫০ লাখ ডলারের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘সম্পত্তি পৃথকীকরণ’ ব্যবস্থার ফলে রোনালদোর ফুটবল থেকে আয়, বিজ্ঞাপনী চুক্তি, ব্যবসায়িক বিনিয়োগসহ নিজস্ব সম্পদের ওপর তাঁর নিয়ন্ত্রণ বজায় থাকবে। সৌদি প্রো লিগের আয় কিংবা পেস্তানা সিআরসেভেন হোটেল ব্যবসা থেকেও তাঁর উপার্জন ব্যক্তিগত সম্পদ হিসেবেই বিবেচিত হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে এসব আর্থিক শর্ত নিয়ে প্রকাশিত তথ্যগুলো মূলত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে। বিয়ের সম্পূর্ণ নথি প্রকাশ্যে না থাকায় প্রতিটি শর্ত স্বাধীনভাবে যাচাই করা কঠিন।

রোনালদো ও জর্জিনার বিয়েতে তাদের পাঁচ সন্তান ছাড়াও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষী হিসেবে ছিলেন রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইসাও এবং জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে পা রাখলেও রোনালদো–জর্জিনার এই বিয়ের আর্থিক কাঠামো এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

কালের আলো/এসএ