ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
আগামী ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরদিন ১৯ আগস্ট থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রী পরিবহন শুরু হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস চলাচল করবে। এর পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাসসহ ঢাকার বাইরে আরও চারটি বাস এই সেবায় যুক্ত হবে।
প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেলে যাত্রী পাওয়া গেলে বাস চলাচল করবে। পরদিন থেকে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত যাত্রী পরিবহন শুরু হবে। যাত্রী চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ঢাকার যেসব রুটে চলবে
মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল এবং তালতলা-মতিঝিল রুটে বাস চলবে।
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে বাস।
তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে চলাচল করবে।
যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে একটি বাস চলবে। এছাড়া কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০-মতিঝিল, মিরপুর বাস ডিপোর অধীনে মিরপুর-মতিঝিল ও মিরপুর-১২-মতিঝিল এবং মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর-মতিঝিল রুটে বিশেষ বাস চলবে।
জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটেও বাস চলাচল করবে। পাশাপাশি গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটে বিশেষ বাস দেওয়া হবে।
ঢাকার বাইরেও নারী বাস সার্ভিস
ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট ও কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।
বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোর পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণও বাড়বে বলে আশা করছে সংস্থাটি।
কালের আলো/এমএসআইপি
আপনার মতামত লিখুন
Array