লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সাগরযাত্রা এড়ানোর আহ্বান রাষ্ট্রদূতের
লিবিয়া থেকে অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ পথে সাগরযাত্রা না করার জন্য বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।
সোমবার (১৭ আগস্ট) লিবিয়ার মিসরাতা শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় বিভিন্ন পেশায় কর্মরত তিন শতাধিক বাংলাদেশি অংশ নেন।
রাষ্ট্রদূত বলেন, লিবিয়ায় কর্মরত বাংলাদেশিরা সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে দেশের সুনাম বাড়াচ্ছেন। প্রত্যেক প্রবাসী নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের একজন প্রতিনিধি ও অনানুষ্ঠানিক রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেন। তাই স্থানীয় জনগণ ও নিয়োগকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।
তিনি বিশেষভাবে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। কোনো অবস্থাতেই ঝুঁকিপূর্ণ সাগরযাত্রার মাধ্যমে জীবন বিপন্ন করা উচিত নয়।
স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের প্রত্যাবাসনে বাংলাদেশ দূতাবাস লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে কাজ করছে বলেও জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিষয়ে তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা নিতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে রাষ্ট্রদূত বলেন, স্থানীয় কোনো বিষয়ে আবেগতাড়িত হয়ে মন্তব্য বা তথ্য শেয়ার করলে প্রবাসীরা অপ্রয়োজনীয় জটিলতায় পড়তে পারেন।
মতবিনিময় সভায় প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা, প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। রাষ্ট্রদূত সেগুলো মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দূতাবাস প্রবাসীদের কনস্যুলার ও কল্যাণমূলক সেবা আরও সহজে পৌঁছে দিতে কাজ করছে বলেও তিনি জানান।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array