খুঁজুন
                               
, ,
           

এএফসি চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই ইস্ট বেঙ্গলের কাছে হার রাজশাহী স্টারসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
এএফসি চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই ইস্ট বেঙ্গলের কাছে হার রাজশাহী স্টারসের

বল দখলে এগিয়ে ছিল রাজশাহী স্টারস। কিন্তু ফুটবলে শুধু বলের দখলই ম্যাচের ফল নির্ধারণ করে না, প্রয়োজন গোল করা। সেই কাজটিই নিখুঁতভাবে করেছে কলকাতার ইস্ট বেঙ্গল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচেই বড় হার দেখেছে বাংলাদেশের নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আজ ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছে তারা।

ম্যাচে গোলমুখে ১০টি শট নিয়েছিল রাজশাহী। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। কিন্তু কোনোটিই ইস্ট বেঙ্গলের গোলকিপারকে পরাস্ত করার মতো ধারালো ছিল না। বিপরীতে শুরু থেকেই রাজশাহীর রক্ষণে চাপ তৈরি করে কলকাতার দলটি। তাদের নেওয়া ১৫টি শটের ছয়টি ছিল লক্ষ্যে।

টুর্নামেন্ট শুরুর আগে রাজশাহী স্টারসের কোচ গোলাম রব্বানী ও অধিনায়ক শিউলি আজিম দুজনই বলেছিলেন, ইস্ট বেঙ্গলের বিপক্ষেই হবে দলের আসল পরীক্ষা। মাঠের লড়াইয়েও সেটিই প্রমাণিত হয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল। নবম মিনিটেই গোল করে কলকাতার দলটিকে এগিয়ে দেন ঘানাইয়ান ফরোয়ার্ড অলিভিয়া আনোকিয়ে।

২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাওঁ। এরপর ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন অলিভিয়া। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে রাজশাহী।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের দলটি। আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও শেষ মুহূর্তে গিয়ে ধার হারিয়েছে তাদের প্রচেষ্টা।

অন্যদিকে ইস্ট বেঙ্গল নিজেদের আক্রমণ অব্যাহত রাখে। একের পর এক আক্রমণে রাজশাহীর রক্ষণকে ব্যস্ত রাখার পর ম্যাচের শেষ দিকে চতুর্থ গোলটিও আদায় করে নেয় কলকাতার দলটি। গোলটি করেন সৌম্যা গুগুলোথ।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইস্ট বেঙ্গল।

এবারের এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগ বাংলাদেশের নারী ফুটবলের জন্য ঐতিহাসিক। টুর্নামেন্টের প্রথম দুই আসরে বাংলাদেশ থেকে কোনো ক্লাব অংশ নেয়নি। তৃতীয় আসরে বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে প্রথমবারের মতো এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের এই প্রতিযোগিতায় খেলছে রাজশাহী স্টারস।

অভিষেকটা অবশ্য স্মরণীয় হয়নি। তবে গ্রুপ পর্বে এখনো দুটি ম্যাচ বাকি।

‘এ’ গ্রুপে রাজশাহীর অন্য দুই প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি ও স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফসি। আগামী ২০ আগস্ট একই লিকাস স্টেডিয়ামে সাবাহ এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।

ইস্ট বেঙ্গলের কাছে বড় ব্যবধানে হারের হতাশা কাটিয়ে সেই ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে গোলাম রব্বানীর দলের। প্রথম ম্যাচে গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে না পারার ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ফল পাওয়াই এখন রাজশাহীর প্রধান চ্যালেঞ্জ।

কালের আলো/এসএ

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে একই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ নিয়ে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই দফায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

তার এই মন্তব্যের মধ্য দিয়ে দুদকের অভিযোগকে ব্যঙ্গাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি