খুঁজুন
                               
, ,
           

সরকারের ১৮০ দিন

সংস্কার, স্বচ্ছতা ও উন্নয়নের পথে নতুন বাংলাদেশ

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
সংস্কার, স্বচ্ছতা ও উন্নয়নের পথে নতুন বাংলাদেশ

টানা দেড় দশকের ফ্যাসিবাদী ও একদলীয় শাসনের অবসানের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, দলীয়করণমুক্ত প্রশাসন, সামাজিক সুরক্ষা, শিক্ষা-স্বাস্থ্য, পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন এবং বিচারব্যবস্থার সংস্কারে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লক্ষ্য—একটি আধুনিক, জবাবদিহিমূলক, মানবিক ও টেকসই বাংলাদেশ নির্মাণ। ‘প্রতিহিংসার রাজনীতি’ থেকে বেরিয়ে ‘সহনশীলতা ও জবাবদিহিতার রাজনীতি’ প্রতিষ্ঠার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহারের ৩১ দফাকে সামনে রেখে গত ছয় মাসে নেওয়া হয়েছে বহুমাত্রিক সংস্কার কর্মসূচি।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সভায় ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক একটি ই-বুকের মাধ্যমে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অর্জনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

ভিআইপি সংস্কৃতির অবসান, প্রশাসনে স্বচ্ছতার বার্তা
সরকারের প্রথম ১৮০ দিনের অন্যতম দৃশ্যমান পরিবর্তন এসেছে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতে। ব্যক্তিপূজার অবসানে সরকারি-বেসরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক নেতাদের ছবি টানানোর দীর্ঘদিনের সংস্কৃতিও বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও প্রটোকলের আনুষ্ঠানিকতা কমিয়ে সাধারণ নাগরিকের মতো ট্রাফিক আইন মেনে চলার নজির স্থাপন করেছেন। ছয়জন ছাড়া অন্য সব মন্ত্রী ও উপদেষ্টার পুলিশি প্রটোকল বাতিল করা হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তার মাসিক মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিচ্ছেন। একই সঙ্গে সরকারি গাড়ি কেনা, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও আপ্যায়ন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতিতে ‘৩-আর’ কৌশল, বাজেটে মানুষের জীবনবাস্তবতা
অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকার গ্রহণ করেছে ‘৩-আর’—রিকভারি, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন কৌশল। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ‘জীবনবাস্তব’ বাজেট ঘোষণা করা হয়েছে, যার দীর্ঘমেয়াদি লক্ষ্য দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নিয়ে যাওয়া। ১২ আগস্ট পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ বিলিয়ন ডলারে। পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে ১৩টি দেশে পাঠানো হয়েছে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)।

নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। ‘ব্লু ইকোনমি’ কাজে লাগিয়ে ১ বিলিয়ন ডলারের মৎস্য রপ্তানির লক্ষ্য সামনে রেখে দেওয়া হয়েছে ২০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ। একই সঙ্গে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪ লাখ টন খাদ্যশস্য মজুতের রেকর্ড গড়েছে সরকার।

‘ফ্যামিলি কার্ডে’ প্রান্তিক মানুষের ক্ষমতায়ন
সামাজিক ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যে চালু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ ও ‘প্রবাসী কার্ড’। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যোগ্য পরিবারের নারী প্রধানের ব্যাংক হিসাবে প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ১৮০ দিনে ৭০ হাজার ৮৬১টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি সার ও বীজ সহায়তা হিসেবে ২০ হাজার ৪৮৩ জন কৃষককে দেওয়া হয়েছে ৫ কোটি ১২ লাখ টাকা।

শিক্ষা ও স্বাস্থ্য: মানবসম্পদে বিনিয়োগের নতুন দিগন্ত
মানবসম্পদ উন্নয়নে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির ২ শতাংশ বা ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি সংসদীয় আসনে ছেলে ও মেয়েদের জন্য পৃথক দুটি করে মোট ৬০০টি সরকারি আবাসিক মডেল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য খাতে ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ দর্শনকে গুরুত্ব দিয়ে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ৮০ শতাংশই নারী। পাশাপাশি ৫ হাজার নতুন এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং নাগরিকদের জন্য ইলেকট্রনিক হেলথ কার্ড চালুর প্রক্রিয়া এগিয়ে চলছে। এর অন্যতম লক্ষ্য বিদেশে চিকিৎসার পেছনে বছরে ব্যয় হওয়া বিপুল বৈদেশিক মুদ্রার চাপ কমানো।

সবুজ বাংলাদেশ ও অবকাঠামোয় গতি
পরিবেশ রক্ষায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রথম ১৮০ দিনেই ২ কোটি ২২ লাখ চারা রোপণ করা হয়েছে। কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদারে মাত্র ১৫ দিনে দেশজুড়ে ২ হাজার ১৬৫ কিলোমিটার খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দেশের সড়ক ও সেতুতে সমন্বিত ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য রেলে ২৫ শতাংশ ছাড়ও কার্যকর করা হয়েছে।

‘সবার আগে বাংলাদেশ’: ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি
‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে সরকার অনুসরণ করছে ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি। দীর্ঘ চার দশক পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের মাধ্যমে শ্রমবাজার সম্প্রসারণ এবং চীন সফরে ২১টির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মধ্য দিয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও বিচারব্যবস্থায় সংস্কার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হয়েছে। ‘জুলাই শহীদ ইনডেমনিটি অ্যাক্ট’-এর মাধ্যমে শহীদদের আইনি সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা কমাতে ৪৬ লাখ মামলার জট নিরসনের লক্ষ্যে ‘ই-জুডিশিয়ারি’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চ আদালতে বিচারক নিয়োগে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

সামনে আরও বড় পথ
সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডে অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনিক স্বচ্ছতা, সামাজিক সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো এবং বিচারিক সংস্কারের যে রূপরেখা উঠে এসেছে, তা আগামী দিনের বাংলাদেশ নির্মাণের ভিত্তি হিসেবে দেখছে সরকার। সংস্কারের এই যাত্রা কতটা টেকসই ও জনকল্যাণমুখী হয়, তার ওপরই নির্ভর করবে আগামী দিনের সাফল্য। তবে প্রথম ১৮০ দিনের উদ্যোগগুলো স্পষ্ট করেছে—উন্নয়নকে কেবল অবকাঠামোর নির্মাণে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান, অধিকার, মর্যাদা ও রাষ্ট্রীয় জবাবদিহিতার সঙ্গে যুক্ত করাই সরকারের ঘোষিত অগ্রাধিকার।

কালের আলো/এম/এএইচ

রাড্ডা সেন্টার দখলে ‘৪০ জনের চক্র’

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
রাড্ডা সেন্টার দখলে ‘৪০ জনের চক্র’

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় নেপথ্যের একটি বড় নেটওয়ার্কের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। ইন্ধনদাতা, অর্থদাতা, পরিকল্পনাকারী ও হামলা বাস্তবায়নকারীদের সমন্বয়ে প্রায় ৪০ জনের একটি তালিকা তৈরি করেছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। তালিকাভুক্তদের ধরতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ২০ জন। তাঁদের মধ্যে রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং দোকানদার সমবায় সমিতির সদস্য রয়েছেন। তবে তদন্তের মূল লক্ষ্য এখন সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের বাইরে গিয়ে ঘটনার নেপথ্যে থাকা অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা। কর্মকর্তাদের ভাষ্য, হামলার ‘মাথা’ হিসেবে যারা কাজ করেছে, তাদের ধরতে পারলেই ঘটনার প্রকৃত চিত্র সামনে আসবে। শাহ আলী থানায় করা মামলাটি গত রবিবার (০৪ অক্টোবর) ডিবিতে হস্তান্তর করা হয়েছে। যদিও ঘটনার শুরু থেকেই ডিবি তদন্তে যুক্ত ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • মাঠে ভাড়াটে, পেছনে অর্থ ও প্রভাবশালীরা
  • ইন্ধনদাতা-অর্থদাতা-পরিকল্পনাকারী শনাক্ত; ২০ গ্রেপ্তার
  • নেপথ্যের হোতাদের ধরতে দেশজুড়ে অভিযান

৪০ জনের তালিকা, দেশজুড়ে অভিযান

ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানিয়েছেন, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রায় ৪০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা আট থেকে ১০ জন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। বাকিদের ধরতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তালিকাভুক্ত ব্যক্তিদের অনেকে ঘটনার পরপরই এলাকা ছেড়ে ঢাকার বাইরে চলে গেছেন। তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে কেউ যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে বিষয়েও নজরদারি রাখা হয়েছে।

রাড্ডা সেন্টারের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির গতিবিধিও পর্যবেক্ষণে রেখেছে গোয়েন্দারা। ডিসি রাকিব খান বলেন, সরকার এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে। রাজনৈতিক পরিচয় থাকলেও জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

দখলের পর বহুতল ভবনের পরিকল্পনা

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা বলছেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার উচ্ছেদ করে জায়গাটি দখলে নেওয়াই ছিল স্থানীয় প্রভাবশালীদের একটি অংশের মূল লক্ষ্য। শুধু দখল নয়, পরে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনাও ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, এই পরিকল্পনায় কয়েকজন বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন। এখন সেই অর্থের উৎস এবং বিনিয়োগকারীদের পরিচয় খুঁজছে গোয়েন্দারা।

তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি প্রশ্ন—কেন একটি স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখলে এত বড় আয়োজন? জমির মালিকানা নিয়ে বিরোধের আড়ালে কি বড় কোনো বাণিজ্যিক স্বার্থ ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই জমির মালিকানা, আগের বিরোধ ও সম্ভাব্য ভবন নির্মাণ পরিকল্পনার তথ্য যাচাই করা হচ্ছে।

২৫০ অজ্ঞাত আসামির আড়ালে কারা

শাহ আলী থানায় করা মামলায় এজাহারনামীয় একমাত্র আসামি হানিফ মিয়া। তিনি ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মামলায় আরও প্রায় ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের দাবি, অজ্ঞাত আসামিদের বড় একটি অংশ ছিল ভাড়ায় আনা লোক। ভবন ভাঙচুর ও দখলচেষ্টায় অংশ নিতে অর্থের বিনিময়ে তাঁদের ঘটনাস্থলে আনা হয়েছিল।

এতে তদন্তে সরাসরি হামলাকারী ও নেপথ্যের সংগঠকদের মধ্যে একটি স্পষ্ট ব্যবধান তৈরি হয়েছে। মাঠে থাকা লোকজনের পরিচয় বের করার পাশাপাশি তাঁদের কে সংগঠিত করেছিল, কে অর্থ দিয়েছিল এবং কার নির্দেশে তারা কাজ করেছে—এসব তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।

হামলার রাতে মাইক্রোবাসে ‘নির্দেশনা’

তদন্ত কর্মকর্তাদের দাবি, ঘটনায় তিন রাজনৈতিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আবু হানিফ, শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লেলিন এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা ওরফে পাপেল।

তদন্তকারীদের ভাষ্য, ঘটনার রাতে তাঁরা একটি মাইক্রোবাসে করে ঘটনাস্থলে যান। সেখান থেকে হামলাকারীদের বিভিন্ন নির্দেশনা দেওয়ার তথ্য পেয়েছেন তাঁরা। ওই গাড়িতে আরও দুই থেকে তিনজন ছিলেন বলেও তদন্তে উঠে এসেছে। তবে এই তিনজনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। ডিবি জানিয়েছে, তাঁদের ধরতে অভিযান চলছে এবং তাঁরা পলাতক।

রাজনীতি ও দোকানদার সমিতির যোগসূত্র

ডিসি রাকিব খান জানিয়েছেন, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের একটি অংশের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। আরেকটি অংশ দোকানদার সমিতির সঙ্গে যুক্ত।

হামলা ও ভাঙচুরে যে সমমনা দোকানদার সমবায় সমিতির ব্যানার ব্যবহারের অভিযোগ রয়েছে, সেই সমিতির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সম্পাদক শাহ আলম ও অফিস সহকারী শাহাদাত রয়েছেন। অন্য দুজন হলেন সদস্য আতিকুর ও কামরুল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, সমিতির নাম ব্যবহার করে হামলাটি কীভাবে সংগঠিত করা হয়েছিল এবং এর সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের যোগাযোগ কতটা ছিল।

২০ গ্রেপ্তার, নজর ‘মাথাদের’ দিকে

ঘটনায় ডিবি ও পুলিশ মিলে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে বলে শাহ আলী থানার ওসি মো. রাজীব হোসেন জানিয়েছেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত একাধিক নেতা-কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব আহমেদ সোহেল, জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা এবং শাহ আলী থানা বিএনপির সদস্য সাইফুল ইসলাম খোকন। এ ছাড়া শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের আরও কয়েকজন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

নেপথ্যের অর্থের সন্ধানে তদন্ত

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় এখন পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, তাতে একটি বিষয় স্পষ্ট—ঘটনাটি শুধু আকস্মিক হামলা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থাগুলো। দখলের সম্ভাব্য উদ্দেশ্য, বিপুলসংখ্যক লোকের উপস্থিতি, অর্থের জোগান এবং রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের সম্পৃক্ততার তথ্য একসঙ্গে যাচাই করা হচ্ছে।

ডিবির ভাষ্য, সরাসরি হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করাই এখন অগ্রাধিকার। কার অর্থে হামলাকারীরা মাঠে নেমেছিল, কার পরিকল্পনায় দখলের উদ্যোগ এবং ভবিষ্যতে জায়গাটি কীভাবে ব্যবহারের পরিকল্পনা ছিল—এই প্রশ্নগুলোর উত্তর মিললেই রাড্ডা সেন্টারকাণ্ডের পূর্ণ চিত্র সামনে আসবে। তদন্ত এখন তাই হামলাকারীদের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে নেপথ্যের সেই ‘৪০ জনের’ কাছে—যাদের হাত ধরেই রাড্ডা সেন্টার দখলের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল বলে গোয়েন্দাদের ধারণা।

কালের আলো/এএএন/এমকে

এআইয়ের কারণে কি এক হয়ে যাচ্ছে মানুষের চিন্তা?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ
এআইয়ের কারণে কি এক হয়ে যাচ্ছে মানুষের চিন্তা?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানুষের কাজকে আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত করে দিয়েছে। লেখা তৈরি, পরিকল্পনা, তথ্য বিশ্লেষণ কিংবা নতুন ধারণা বের করার মতো কাজে কয়েক মুহূর্তেই এআইয়ের সহায়তা পাওয়া যাচ্ছে। ফলে শিক্ষা, কর্মক্ষেত্র থেকে শুরু করে সৃজনশীল বিভিন্ন কাজেও দ্রুত বাড়ছে এর ব্যবহার। তবে এআইয়ের এই সুবিধার পাশাপাশি নতুন একটি প্রশ্নও সামনে আসছে—মানুষ যত বেশি এআইয়ের ওপর নির্ভর করবে, তত কি তার চিন্তা ও সৃজনশীলতা একই ধরনের হয়ে উঠবে? সাম্প্রতিক কয়েকটি গবেষণার ফলাফল এই আশঙ্কার কিছুটা ইঙ্গিত দিচ্ছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাইকোলজি টুডে।

এআইয়ে সৃজনশীলতা বাড়লেও কমেছে বৈচিত্র্য

২০২৪ সালে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আনিল দোশি এবং ইউনিভার্সিটি অব এক্সেটারের অলিভার হাউজার ৩০০ জন অংশগ্রহণকারীকে ছোট গল্প লিখতে দেন।

অংশগ্রহণকারীদের একটি দলকে গল্পের ধারণা তৈরিতে এআইয়ের সহায়তা নেওয়ার সুযোগ দেওয়া হয়। অন্য দলকে কোনো এআই সহায়তা দেওয়া হয়নি।

গবেষণায় দেখা যায়, এআইয়ের সহায়তা নেওয়া গল্পগুলোকে তুলনামূলকভাবে বেশি সৃজনশীল হিসেবে মূল্যায়ন করা হয়েছিল। বিশেষ করে যাঁরা শুরুতে অপেক্ষাকৃত কম সৃজনশীল ছিলেন, তাঁদের লেখায় উন্নতি বেশি দেখা যায়।

তবে এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে আসে। এআইয়ের সহায়তায় তৈরি গল্পগুলো একে অপরের সঙ্গে তুলনামূলকভাবে বেশি মিল ছিল। অর্থাৎ ব্যক্তিগতভাবে প্রতিটি লেখার মান বাড়লেও সামগ্রিকভাবে গল্পগুলোর মধ্যে বৈচিত্র্য কিছুটা কমে যায়।

এআই মডেলের উত্তরেও একই প্রবণতা

২০২৬ সালে পিএনএএস নেক্সাস জার্নালে প্রকাশিত আরেক গবেষণায় ২২টি এআই মডেল এবং ১০০ জনের বেশি মানুষের সৃজনশীলতা পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, এআই মডেলগুলোর দেওয়া উত্তর মানুষের উত্তরের তুলনায় অনেক বেশি একই ধরনের ছিল। অর্থাৎ একই ধরনের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন এআই মডেলের উত্তরগুলোতে মানুষের উত্তরের তুলনায় বেশি মিল দেখা যায়। এর সম্ভাব্য একটি কারণ হিসেবে মনোবিজ্ঞানের ‘অ্যাঙ্করিং’ বা প্রাথমিক ধারণার প্রভাবের কথা বলা হচ্ছে।

প্রথম পাওয়া ধারণাই হয়ে উঠতে পারে ‘অ্যাঙ্কর’

মনোবিজ্ঞানী আমোস টভারস্কি ও ড্যানিয়েল কাহনেম্যান ১৯৭৪ সালের গবেষণায় দেখিয়েছিলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষ শুরুতে পাওয়া কোনো সংখ্যা, তথ্য বা ধারণার দ্বারা প্রভাবিত হতে পারে। এই প্রাথমিক তথ্য পরবর্তী চিন্তা ও সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে।

এআই ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটতে পারে। কোনো বিষয়ে মানুষ নিজে চিন্তা করার আগেই যদি এআইয়ের কাছ থেকে একটি উত্তর পেয়ে যায়, তাহলে সেটিই তার চিন্তার প্রথম ভিত্তি বা ‘অ্যাঙ্কর’ হয়ে উঠতে পারে। একই ধরনের প্রশ্নে লাখো মানুষ যদি এআইয়ের কাছ থেকে কাছাকাছি ধরনের উত্তর পান, তাহলে তাঁদের পরবর্তী চিন্তা ও ধারণার মধ্যেও কিছুটা মিল তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

তাহলে কি এআই সৃজনশীলতা নষ্ট করে দেবে?

গবেষণাগুলোর ফলাফল এমনটা বলছে না যে এআই ব্যবহার করলেই মানুষের সৃজনশীলতা হারিয়ে যাবে। বরং বিষয়টি নির্ভর করতে পারে এআইকে কীভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর। বিশেষজ্ঞদের আলোচনায় উঠে আসা একটি কার্যকর পদ্ধতি হলো—কোনো কাজ শুরু করার আগে নিজের চিন্তা তৈরি করা। ধারণাগুলো অসম্পূর্ণ বা অপরিণত হলেও প্রথমে নিজের মতো করে লিখে নেওয়া যেতে পারে। এরপর এআইকে সেই ধারণা পরিশীলিত, বিস্তৃত বা সংগঠিত করার কাজে ব্যবহার করা হলে ব্যক্তিগত চিন্তার স্বাতন্ত্র্য ধরে রাখা তুলনামূলক সহজ হতে পারে। অর্থাৎ এআইকে নিজের হয়ে চিন্তা করার যন্ত্র হিসেবে ব্যবহার না করে নিজের চিন্তার সহযোগী হিসেবে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ হতে পারে।

ভিন্নভাবে ভাবার গুরুত্ব বাড়ছে

সবাই যখন একই ধরনের এআই টুল ব্যবহার করছে এবং কাছাকাছি ধরনের উত্তর পাচ্ছে, তখন প্রচলিত ধারণার বাইরে গিয়ে চিন্তা করার গুরুত্ব আরও বেড়ে যেতে পারে। একই সমস্যার জন্য এআই যে সমাধান দিচ্ছে, সেটিই চূড়ান্ত ধরে নেওয়ার পরিবর্তে নিজের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও যুক্তি দিয়ে তা যাচাই করা প্রয়োজন। কখনো কখনো প্রচলিত বা নিরাপদ ধারণার বাইরে গিয়ে নতুন কিছু চেষ্টা করাই একজন মানুষের কাজকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে।

মানুষের অভিজ্ঞতার জায়গা এখনো আলাদা

মানুষের সৃজনশীলতার আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো ব্যক্তিগত অভিজ্ঞতা, আবেগ, হাস্যরস ও সহমর্মিতা। এসব বিষয় এআইয়ের সঙ্গে তুলনা করার ক্ষেত্রেও গবেষণা হয়েছে। ২০২৫ সালে নেচার হিউম্যান বিহেভিয়ার জার্নালে প্রকাশিত একাধিক গবেষণায় দেখা যায়, একই ধরনের সহানুভূতিশীল বার্তা মানুষ ও এআই—দুই পক্ষের নামে উপস্থাপন করা হলে অংশগ্রহণকারীরা মানবসৃষ্ট বার্তাকে তুলনামূলকভাবে বেশি সহানুভূতিশীল ও সহায়ক হিসেবে মূল্যায়ন করেছেন। এ থেকে বোঝা যায়, প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মানবিক সংযোগ এখনো সৃজনশীলতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।

এআইয়ের সঙ্গে মানুষের ভবিষ্যৎ সৃজনশীলতা

এআই নিঃসন্দেহে মানুষের কাজকে দ্রুত ও সহজ করে তুলছে। তবে একই সঙ্গে এর ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তার বৈচিত্র্য কমিয়ে দিতে পারে কি না—এ প্রশ্নটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই এআইকে ব্যবহার করার সময় নিজের চিন্তা, অভিজ্ঞতা ও কৌতূহলকে সামনে রাখা জরুরি। প্রথমে নিজে ভাবা, নিজের ধারণা তৈরি করা এবং পরে এআইয়ের সাহায্যে সেটিকে আরও উন্নত করা হলে প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সৃজনশীলতাও ধরে রাখা সম্ভব হতে পারে।

শেষ পর্যন্ত এআই হয়তো কাজের গতি বাড়াবে, কিন্তু কোনো ধারণাকে সত্যিকার অর্থে আলাদা করে তুলতে মানুষের নিজস্ব অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল চিন্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকতে পারে।

কালের আলো/এসএ

গুজব বা দরবৃদ্ধি দেখে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নয়: বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
গুজব বা দরবৃদ্ধি দেখে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নয়: বিএসইসি

মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডের নিট সম্পদ মূল্য (এনএভি) ও অন্যান্য আর্থিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ বিনিয়োগকারীদের প্রতি এ আহ্বান জানায় কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুঁজিবাজারে কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি এনএভির তুলনায় বাজারে উল্লেখযোগ্যভাবে বেশি দামে লেনদেন হতে দেখা যাচ্ছে। বাজারমূল্য ও ফান্ডের অন্তর্নিহিত নিট সম্পদমূল্যের মধ্যে এ ধরনের অস্বাভাবিক ব্যবধানকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে কোনো মিউচুয়াল ফান্ড নগদায়ন করা হলে ইউনিটহোল্ডারদের ফান্ডের নিট সম্পদমূল্যের চেয়ে বেশি অর্থ পাওয়ার সুযোগ নেই। তাই প্রকৃত এনএভি বিবেচনা না করে বেশি দামে ইউনিট কিনলে বিনিয়োগকারীর আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে।

বিএসইসি বলেছে, শুধু কোনো ইউনিটের বাজারদর বাড়ছে দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। একইভাবে গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার কিংবা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্ররোচনায় প্রভাবিত হয়েও বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে।

কমিশনের পরামর্শ, বিনিয়োগের আগে সংশ্লিষ্ট ফান্ডের সর্বশেষ প্রকাশিত ইউনিটপ্রতি এনএভি, আর্থিক অবস্থা, মেয়াদ ও পোর্টফোলিওসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে ঝুঁকি ও সম্ভাব্য রিটার্ন বিবেচনার পর সচেতনভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে বিএসইসি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি