সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে ‘সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে করা সমঝোতা স্মারকের ৬০ দিনের মেয়াদ শেষ হয়েছে। এর পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওই সমঝোতার মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই। একই সঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণের প্রতীক হিসেবে ‘সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানিয়েছেন।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর লক্ষ্য ছিল বৃহত্তর একটি চুক্তির জন্য আলোচনা শুরু করা এবং যুদ্ধ বন্ধের পথ তৈরি করা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দুই দেশের মধ্যে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে।
সোমবার (১৭ আগস্ট) সমঝোতা স্মারকের ৬০ দিনের সময়সীমা শেষ হয়। এরপর ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতার মেয়াদ বাড়ানোর বিষয়ে তার প্রশাসনের কোনো আগ্রহ নেই। তবে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ট্রাম্পের দাবি, তার প্রশাসনের কর্মকর্তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে আলোচনা করছেন। তবে আইআরজিসি ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে।
অন্যদিকে, সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে আরও আগ্রাসী কৌশল নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসমাঈল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করায় ৬০ দিনের সময়সীমার আর কোনো বাস্তব গুরুত্ব নেই।
তিনি অভিযোগ করেন, সমঝোতা স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন শুরু করে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর আলোচনা শুরু করা সম্ভব হয়নি।
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে জবাব দেওয়ার জন্য ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে। ফলে সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
কালের আলো/আরডি/এমডিএইচ

আপনার মতামত লিখুন
Array