জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটি গড়ে তোলা হয়েছিল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসব কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। পরে সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) থানা, উপজেলা ও পৌর শাখাগুলোতে ফলজ ও বনজ বৃক্ষরোপণের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন নেতাকর্মীরা।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা জনসম্পৃক্ততা আরও বাড়ানোর পাশাপাশি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি
