ডায়ানার মৃত্যু নিয়ে নতুন বই লিখছেন ছোট ভাই চার্লস স্পেন্সার
রাজকুমারী ডায়ানার মৃত্যুর ৩০তম বার্ষিকী সামনে রেখে তাঁর জীবন ও মৃত্যুর নানা অজানা তথ্য নিয়ে নতুন বই প্রকাশ করতে যাচ্ছেন ছোট ভাই চার্লস স্পেন্সার। ‘সোয়ান সং: ডায়ানা, মাই সিস্টার’ শিরোনামের বইটি আগামী ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে প্রকাশিত হবে।
প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউস জানিয়েছে, বইটি মোট ১২টি ভাষায় অনূদিত হবে। এতে ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে সড়ক দুর্ঘটনায় ডায়ানার মৃত্যুর ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে সরাসরি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন চার্লস স্পেন্সার।
বই প্রকাশের সিদ্ধান্তের বিষয়ে স্পেন্সার বলেন, ডায়ানার মৃত্যুর তিন দশক পূর্ণ হওয়ার সময় নানা ভুল তথ্য ও অসত্য কথা ছড়িয়ে পড়ছে। তাই বোনকে নিয়ে সত্য ও ইতিবাচক স্মৃতিগুলো মানুষের সামনে তুলে ধরতেই তিনি বইটি লিখেছেন।
চার্লস স্পেন্সারের ভাষ্য, বইটির অন্যতম উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে ডায়ানা কেমন প্রাণবন্ত ও ব্যতিক্রমী মানুষ ছিলেন, তা তুলে ধরা।
১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর পর থেকেই তাঁর দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন চার্লস স্পেন্সার। সম্প্রতি হ্যারি ও তাঁর পরিবার স্পেন্সারের পৈতৃক বাসভবনে গিয়ে ডায়ানার সমাধি পরিদর্শন করেন।
ডায়ানার জীবন, রাজপরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এবং তাঁর আকস্মিক মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে মানুষের আগ্রহ রয়েছে। নতুন বইটি সেই ইতিহাসের ব্যক্তিগত ও পারিবারিক দিকগুলো সামনে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array