খুঁজুন
                               
, ,
           

ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার ফুটসাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ
ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার ফুটসাল চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরল আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা।

এই জয়ের ফলে টানা তৃতীয়বার মহাদেশীয় এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।

প্যারাগুয়ের লুকের কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। নির্ধারিত ৪০ মিনিটে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় লড়াই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে আর্জেন্টিনা। ৮ মিনিটে টমাস বারিউস গোল করে আলবিসেলেস্তেদের এগিয়ে দেন ১-০ ব্যবধানে।

গোল খেয়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেনি সেলেসাওরা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। লুকা গোল করে ম্যাচে সমতা ফেরান।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ফাইনাল। কিন্তু নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।

অতিরিক্ত সময়েও উত্তেজনা কমেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন লরেঞ্জো সামপ্রেদ।

তাঁর সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। একই সঙ্গে ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে তারা।

কালের আলো/এসএ

শাবনূরের পাঁচ শব্দের পোস্ট, সালমান শাহর মৃত্যু নিয়ে ফের জল্পনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
শাবনূরের পাঁচ শব্দের পোস্ট, সালমান শাহর মৃত্যু নিয়ে ফের জল্পনা

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’- শাবনূরের মাত্র পাঁচ শব্দের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে পোস্টে কোনো ব্যক্তি, ঘটনা বা প্রসঙ্গের নাম উল্লেখ করেননি তিনি।

সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আইনি তৎপরতা শুরু হওয়ায় শাবনূরের এই রহস্যময় পোস্টকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পোস্টটির সঙ্গে সালমান শাহর মৃত্যুর ঘটনার যোগসূত্র খুঁজছেন। তবে শাবনূর নিজে এমন কোনো দাবি করেননি।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এ ঘটনায় বিভিন্ন সময়ে শাবনূরের নামও আলোচনায় এসেছে। তবে অভিনেত্রী বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা দেখা দিয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল-অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে শুনানির পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের আগের একটি জবানবন্দির বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই জবানবন্দিতে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ কয়েকজনের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা, ইনজেকশন দেওয়া এবং পরে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগের কথাও সেখানে রয়েছে বলে জানান তিনি।

তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত সত্য নয়; এগুলো রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্ধৃত জবানবন্দির বক্তব্য।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের। নতুন করে মামলার তৎপরতার মধ্যেই শাবনূরের সংক্ষিপ্ত পোস্ট প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।

তবে তার পোস্টটি সালমান শাহর মামলা বা কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে শাবনূর এখনো কোনো ব্যাখ্যা দেননি। ফলে আপাতত পোস্টটির প্রকৃত প্রেক্ষাপট নিশ্চিত নয়।

সালমান শাহ ও শাবনূর নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিক্ষোভ’, ‘তোমাকে চাই’, ‘চাওয়া থেকে পাওয়া’ ও ‘আনন্দ অশ্রু’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন, যার ১৪টিতে তার নায়িকা ছিলেন শাবনূর।

কালের আলো/এসএ

সরকারি প্লট আত্মসাৎ

সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শুরু হয়নি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:১০ অপরাহ্ণ
সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্য শুরু হয়নি

আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। বুধবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে এদিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল।

তবে এদিন কোনো সাক্ষী আদালতে না আসায় দুদক সময় আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

এর আগে গত ৬ জুলাই একই আদালত আসামিদের করা অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ জুলাই দিন ধার্য করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন– রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক, মোহাম্মদ আব্দুল মঈন, ইফফাত হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

আসামিদের মধ্যে সালাম মুর্শেদী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। মামলার আসামিদের মধ্যে পলাতক আছেন মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার, রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান। বাকিরা জামিনে আছেন।
এদিন দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর শামীম হোসেন। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, বোরহান উদ্দিন, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম প্রমুখ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অসৎ উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ‘খ’ তালিকাভুক্ত গুলশান আবাসিক এলাকার সিইএন (ডি) ২৭ নং, হোল্ডিং নং-২৯, রোড নং-১০৪ প্লটটি পরিত্যক্ত ২৭ কাঠা সম্পত্তির তালিকাভুক্ত থাকা সত্ত্বেও অবমুক্তকরণ ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করেন।

পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদন করার মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

কালের আলো/এমএসআইপি

শেষ একনেক সভায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
শেষ একনেক সভায় মির্জা ফখরুল

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় শেষবারের মতো অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা শুরু হয়। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল অংশ নেন।

সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। একটি প্রকল্পে সংস্থার নিজস্ব অর্থায়নও রয়েছে।

উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা মেডিকেল কলেজের অনুপযোগী স্থাপনা পুনর্নির্মাণ, ১০টি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল ভবন নির্মাণের সংশোধনী, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনা, গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, ধরলা নদীর ডান তীর সংরক্ষণ, সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণ এবং তুরাগ নদ ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড সংরক্ষণ প্রকল্প।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ, জামালপুরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ডেসকোর এলাকায় বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবও সভায় উপস্থাপন করা হয়েছে।

সভায় প্রকল্পগুলোর ব্যয়, অর্থায়ন কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোট গ্রহণ হবে।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট শূন্য পদে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ