খুঁজুন
                               
, ,
           

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

ফ্যাসিস্ট সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, ‘প্যারোলে মুক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার সময় মঞ্জুর করেছেন। আগামীকাল ভোরে তিনি কারাগার থেকে বের হয়ে স্বামীর জানাজায় অংশ নেবেন এবং দাফন শেষে পুনরায় কারাগারে ফিরবেন।’

এর আগে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে মা দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দীপাবলী নেওয়াজ। সেখানে প্যারোলে মুক্তির প্রক্রিয়া ও সময়ের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

মুন্সীগঞ্জ কারাগারের জেল সুপার মো. জান্নাত উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্যারোলে মুক্তির বিষয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে তার মেয়ে কারাগারে এসেছিলেন।’

এর আগে গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকেই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল।

পরিবারের পক্ষ থেকে দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, তৌফিক নেওয়াজ একজন বিশিষ্ট আইনজীবী হওয়ার পাশাপাশি ধ্রুপদি সংগীতেরও অনুরাগী ছিলেন। আজ দুপুরের পর তার জানাজা ও দাফনের স্থান চূড়ান্ত করার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার হন ডা. দীপু মনি।

বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। যদিও কয়েকটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তবে অন্যান্য মামলায় গ্রেফতার থাকায় তিনি মুক্তি পাননি।

চলতি বছরের গত ২৭ মে অসুস্থ তৌফিক নেওয়াজকে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে এসেছিলেন স্বজনেরা, যেন তিনি কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। সেটিই ছিল এই দম্পতির শেষ সাক্ষাৎ।

সে সময় তানি দীপাবলী বাবার অসুস্থতার কথা জানিয়ে দীপু মনির সাত দিনের প্যারোল আবেদন করলেও তখন তা মঞ্জুর করা হয়নি।

কালের আলো/আরডি/এমডিএইচ

শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ

নব-নির্বাচিত রাষ্ট্রপতি আগামী শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এমন বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মো. সাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্ভরযোগ্য ওই সূত্র জানায়, দেশের ২৩তম রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। শপথ নেওয়ার পর নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব নেবেন এবং নতুন মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গভবনে অবস্থান করবেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ২৪ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

টেকনাফ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
সাগর থেকে ধরে নিয়ে যাওয়া ২৪ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

সাগরে মাছ ধরার সময় টেকনাফ উপকূল থেকে ধরে নিয়ে যাওয়া ২৪ জেলে ও মাঝিমাল্লাকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১৯ আগস্ট) টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটসংলগ্ন নাফ নদীর শূন্য রেখায় আরাকান আর্মি ট্রলারে করে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বলে জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া।

সেখান থেকে তাদের তাদের টেকনাফ ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

দুপুরে জেটিঘাটে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুই দেশের সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় বিভিন্ন সময় আরাকান আর্মির হাতে এসব জেলে আটক হন।

তিনি বলেন, পরে বিজিবির প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা ২৪ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ছয়জন রোহিঙ্গা। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী উপস্থিত ছিলেন।

আরাকান আর্মির হাতে প্রায় নয় মাস জিম্মি থাকার পর দেশে ফিরেছেন সাবরাংয়ের কোয়ানছড়ি পাড়ার মো. শফিক। তিনি বলেন, ছয় মাঝিমাল্লা নিয়ে সেন্ট মার্টিনের পূর্বে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। সেই সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে ধরে নিয়ে যান।

শফিক বলেন, “প্রায় নয় মাস বন্দিজীবন কাটাতে হয়েছে। সেখানে আমাদের ওপর নির্যাতন চালানো হত। প্রতিদিন প্রায় সাত ঘণ্টা শ্রমিক হিসেবে কাজ করতে হত। কাজ করতে না চাইলে ব্যাপক মারধর করা হত। সারাদিনের জন্য দেওয়া হতো একবেলা ভাত।”

অবশেষে দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, “দেশে এসে বিজিবির কাছ থেকে নয় মাস পর ভালোভাবে খাবার পেয়েছি। সেখানে রোহিঙ্গাসহ আরও অর্ধশতাধিক জেলে আটকা রয়েছেন।”

সবশেষ ১৬ ফেব্রুয়ারি নাফ নদীর শূন্যরেখায় আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আরাকান আর্মির কাছে আটক থাকা ৭৩ জেলেকে ফিরিয়ে এনেছিল বিজিবি। তাদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং সাতজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিল।

কালের আলো/এম/এএইচ

তেলবাহী জাহাজের প্রকল্প বাদ, একনেকে অনুমোদন পেল ১০ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
তেলবাহী জাহাজের প্রকল্প বাদ, একনেকে অনুমোদন পেল ১০ প্রকল্প

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রকল্পটি বাদ দিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৫৮৯ কোটি ৮ লাখ টাকা।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকের ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ের দুটি তেলবাহী জাহাজ কেনার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের প্রকল্প রয়েছে। এর মধ্যে নতুন প্রকল্পের পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনীও রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ ১ হাজার টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সেপ্টেম্বর ২০২৬ থেকে আগস্ট ২০৩০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

দেশের ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ২০১ কোটি ৭০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব ছিল। মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬৩০ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা।

সড়ক ও জনপথ অধিদফতরের অধীনে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সক্ষমতা বাড়াতে ১১৫ কোটি ৭৩ লাখ ২৫ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ১০৭ কোটি ৯৭ লাখ টাকা।

ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষায় ২৯৮ কোটি ৬৫ লাখ টাকা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ নির্মাণে ৫৫৮ কোটি ৮৩ লাখ টাকার প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এছাড়া ঢাকার গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদীর সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ ৫১ হাজার টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৪২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান ৪২৪ কোটি ৭২ লাখ ৬১ হাজার টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হবে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৪৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয় কমানোর প্রস্তাব ছিল।

জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ১০১ কোটি ৮২ লাখ ৭৭ হাজার টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রথম সংশোধনীও অনুমোদন পেয়েছে। এতে ৬২৭ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় বাড়িয়ে প্রকল্পটির সংশোধিত ব্যয় ২ হাজার ৮৯৯ কোটি ৭১ লাখ ৬৬ হাজার টাকা করার প্রস্তাব ছিল। পাশাপাশি প্রকল্পটির মেয়াদ মার্চ ২০২৮ পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য ৪০ হাজার থেকে ৫৫ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রস্তাবটি অনুমোদন পায়নি। ১ হাজার ৪৫৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পটি আরও যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ; শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন; পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ