খুঁজুন
                               
, ,
           

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের লাল কার্ড

লিওনেল মেসির জীবনে এখন সময় যেন দুই ভাগে বিভক্ত—বাবা হোর্হে মেসির মৃত্যুর আগে ও পরে। বাবার মৃত্যুর পর তৃতীয় ম্যাচে এসে অবশেষে গোল পেলেন আর্জেন্টাইন মহাতারকা। আর গোলটির সঙ্গে জড়িয়ে থাকল গভীর আবেগ।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ২৬ মিনিটে গোলটি করেন মেসি। ডান প্রান্ত থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জটলার মধ্য থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি।

গোলের পর দুই হাতের অনামিকা আকাশের দিকে তুলে প্রয়াত বাবা হোর্হে মেসি ও দাদি সেলিয়া অলিভেরাকে স্মরণ করেন মেসি। তাঁর ফুটবলজীবনে দুজনেরই ছিল গুরুত্বপূর্ণ অবদান। ছোটবেলায় দাদি তাঁকে নিয়মিত মাঠে নিয়ে যেতেন। আর বাবা ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ক্যারিয়ারের অন্যতম প্রধান পথপ্রদর্শক।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট মারা যান মেসির বাবা। এরপর আগের দুই ম্যাচে গোল পাননি তিনি। প্রথম ম্যাচে লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মায়ামি। পরের ম্যাচে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হারে দলটি। ওই ম্যাচে পেনাল্টিও মিস করেছিলেন মেসি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে শুধু গোলই নয়, মায়ামির প্রথম গোলেও অবদান ছিল মেসির। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ তৈরি করে তিনি ড্যানিয়েল পিন্টারের গোলের সুযোগ তৈরি করে দেন।

ম্যাচে ফিলাডেলফিয়ার হয়ে ১১ মিনিটে ইন্ডিয়ান ভাসিলেভ এবং ৫৮ মিনিটে নিল পিয়ের গোল করেন। ভিএআরের হস্তক্ষেপে স্বাগতিকদের একটি গোলও বাতিল হয়।

এই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এফসি ডালাসের পেতার মুসার চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন মেসি।

ম্যাচের যোগ করা সময়ে উত্তেজনাকর পরিস্থিতিতে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান।

ঘটনার সূত্রপাত কাভানের ভাই কুইন সুলিভান ও মায়ামির ইয়ান ফ্রের মধ্যে বাদানুবাদ থেকে। পরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন কাভান ও ব্রাইট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। কুইন সুলিভান দেখেন হলুদ কার্ড।

লাল কার্ডের কারণে ২২ আগস্ট ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না কাভান। তবে তরুণ এই ফুটবলারের সামনে রয়েছে বড় ভবিষ্যৎ। ১৮ বছর বয়সে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন। ২০২৬ সালে ফিলাডেলফিয়ার হয়ে নিয়মিত খেলছেন তিনি এবং এরই মধ্যে দুটি গোলও করেছেন।

মেসির জন্য অবশ্য এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল গোলটি। বাবার মৃত্যুর পর প্রথম গোল—তাই ক্যারিয়ারের ৯২১তম এই গোলটি অন্য সব গোলের চেয়ে তাঁর কাছে নিঃসন্দেহে আলাদা আবেগের হয়ে থাকবে।

কালের আলো/এসএ

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭২ জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গে আরও একজনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮২৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৪৬ হাজার ৭১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৮ হাজার ১৪৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন ছাড়পত্র পেয়েছেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

৭০ অনুচ্ছেদ পরিবর্তনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
৭০ অনুচ্ছেদ পরিবর্তনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তি রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের সংশোধিত ৭০ অনুচ্ছেদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘প্রায় ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে।’

কালের আলো/আরডি/এমডিএইচ

গর্ভবতী হওয়ায় ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, ক্ষোভের কথা জানালেন মিনি মাথুর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
গর্ভবতী হওয়ায় ‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, ক্ষোভের কথা জানালেন মিনি মাথুর

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করায় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম মৌসুমের সঞ্চালকের দায়িত্ব হারিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ও অভিনেত্রী মিনি মাথুর। ঘটনাটি তাঁকে ভীষণ হতাশ করেছিল বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘হটারফ্রাই’-এর ‘দ্য মেল ফেমিনিস্ট’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মিনি। সেখানেই তিনি জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর চতুর্থ মৌসুম শেষ হওয়ার পর দ্বিতীয় সন্তান সাইরাহর মা হতে যাচ্ছেন বলে জানতে পারেন তিনি।

পঞ্চম মৌসুমের প্রস্তুতির সময় আয়োজকদের নিজের গর্ভাবস্থার কথা জানান মিনি। তাঁর ধারণা ছিল, অডিশন পর্বে স্বাভাবিকভাবেই কাজ করতে পারবেন। তবে অনুষ্ঠানের ফাইনালের সময় গর্ভাবস্থা স্পষ্ট হয়ে উঠবে—এ বিষয়টিও তিনি আগেই প্রযোজনা দলকে জানিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত তাঁকে জানানো হয়, পঞ্চম মৌসুমে আর সঞ্চালকের দায়িত্ব দেওয়া হবে না। কারণ হিসেবে তাঁকে বলা হয়েছিল, “ভারতীয় দর্শক একজন গর্ভবতী সঞ্চালককে মেনে নিতে পারবেন না।”

বিষয়টি মেনে নিতে পারেননি মিনি। তিনি জানান, সিদ্ধান্তটি তাঁকে খুব হতাশ করেছিল। তাঁর মনে হয়েছিল, সময়ের সঙ্গে দর্শকদের মানসিকতা যে বদলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটি বুঝতে পারেননি।

পরে ‘ইন্ডিয়ান আইডল’-এর ষষ্ঠ মৌসুমে তাঁকে আবার ফেরার প্রস্তাব দেওয়া হয়। তবে তত দিনে তাঁর আগ্রহ কমে গিয়েছিল। তাই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

‘টল মল কে বোল’ অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করেন মিনি মাথুর। পরে এমটিভির ভিডিও জকি হিসেবে কাজ করেন। ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘মাইন্ড দ্য মালহোত্রাস’ তাঁর উল্লেখযোগ্য কাজগুলোর একটি।

পরিচালক ও চিত্রনাট্যকার কবির খান-এর সঙ্গে মিনির দাম্পত্যের বয়স ২৮ বছর। তাঁদের পরিচয়ও হয়েছিল কাজের সূত্রে।

একটি অনুষ্ঠানের শুটিংয়ে প্রথম দেখা হয় তাঁদের। তখন মিনি ছিলেন উপস্থাপক, আর কবির ছিলেন ফ্রিল্যান্স ক্যামেরাপারসন। পরে অনুষ্ঠানটির কাজে ভারতের বিভিন্ন জায়গায় একসঙ্গে ভ্রমণ করতে গিয়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

কালের আলো/এসএ