২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফাইনালে আলবিসেলেস্তেদের নিষ্প্রভ পারফরম্যান্সের পর লিওনেল মেসির একটি ড্রেসিংরুম ভিডিওসহ নানা ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’। এবার সেই জল্পনা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বুধবার (১৯ আগস্ট) বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এএফএ। ভিডিওতে দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘কখনো হাল ছেড়ো না’—এমন বার্তা দেওয়া হয়।
ভিডিওটির নেপথ্য বর্ণনায় বলা হয়, এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেকেই দেখতে চাননি। তবে আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। এর আগে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার কথাও তুলে ধরা হয়।
ফাইনাল ঘিরে ওঠা ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে এএফএর বার্তায় বলা হয়, নানা ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণা’ সত্ত্বেও দলটি ফাইনালে পৌঁছেছিল। কেউ যদি বলে ‘কিছু একটা ঘটেছিল’, তার উত্তর হবে—হ্যাঁ, ঘটেছিল। তবে সেটি ছিল একটি দলের জয় পাওয়ার জন্য সর্বস্ব দিয়ে লড়াই করা।
এএফএ জানায়, দলটি শেষ পর্যন্ত লড়াই করেছে এবং কখনো হাল ছাড়েনি। এর আগে অনেক কিছু জিতলেও এবার তাদের হার মেনে নিতে হয়েছে।
ভিডিওর শেষ দিকে রানার্সআপ পদক পাওয়ার পর লিওনেল মেসির কান্নার দৃশ্য দেখানো হয়। নেপথ্য বর্ণনায় বলা হয়, অধিনায়কের কান্না আবারও শিক্ষা দিয়েছে—জয়-পরাজয় যাই আসুক, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না।
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইন খেলোয়াড়দের গম্ভীর মুখে দেখা গিয়েছিল এবং গ্যালারিতে দেশটির কিংবদন্তি ফুটবলারদের উপস্থিতিও চোখে পড়েনি।
এ ছাড়া দাবি ওঠে, মাঠে নামার আগে মেসি নাকি সতীর্থদের ‘সবকিছু ভুলে যাওয়ার’ কথা বলেছিলেন। এনজো ফার্নান্দেজের প্রথম হলুদ কার্ড দেখার ঘটনাকেও কেউ কেউ সন্দেহের সঙ্গে দেখেন। এসব বিষয় ঘিরেই তৈরি হয় নানা তত্ত্ব।
তবে আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ এবং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াসহ সংশ্লিষ্টরা এসব দাবি প্রত্যাখ্যান করেছেন।
এর আগে তাপিয়া সমর্থকদের মিথ্যা ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, এসব প্রচারণার উদ্দেশ্য আর্জেন্টিনার ফুটবলকে অস্থিতিশীল করা এবং দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভক্ত করা।
তাপিয়ার ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারেনি কারণ স্পেন তাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে। তাই পরাজয়ের জন্য কোনো অজুহাত নেই এবং স্পেন ন্যায্যভাবেই জয় পেয়ে।
কালের আলো/এসএ
আপনার মতামত লিখুন
Array