খুঁজুন
                               
, ,
           

মির্জা ফখরুলের শপথ, শুরু হলো নতুন রাষ্ট্রপতি অধ্যায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
মির্জা ফখরুলের শপথ, শুরু হলো নতুন রাষ্ট্রপতি অধ্যায়

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিচারপতি, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

একই দিন নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একই সময়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নেন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বেরও অবসান হলো।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মন্ত্রিসভায় সম্প্রসারণ: ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
মন্ত্রিসভায় সম্প্রসারণ: ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে নতুন করে চারজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া চারজন হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ নিলেও নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর এখনো আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়নি। তবে ড. মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, আন্দালিভ রহমান পার্থ তথ্য মন্ত্রণালয়, সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এম. রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জানা গেছে।

এছাড়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। ওইদিন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

পরবর্তীতে মন্ত্রিসভায় কয়েকটি পদ শূন্য হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রীর পদটিও শূন্য হয়। এসব শূন্যতা পূরণ এবং মন্ত্রিসভায় সমন্বয় আনতেই নতুন করে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে যুক্ত করা হয়েছে।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের পর মন্ত্রিসভার কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করে তার গাড়িবহর।

এদিকে, শপথ অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনে আসতে শুরু করেছেন। আমন্ত্রণপত্রের কার্ড দেখিয়ে তাদের প্রবেশ করতে দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে ডাইভারশন রাখা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। একই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে এ পদটি শূন্য হয়। পরে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের মধ্যদিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বের অবসান হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে শপথের ডাক পেলেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে শপথের ডাক পেলেন ৬ জন

সরকার গঠনের ছয় মাসের মাথায় আকার বাড়ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভার। নতুন করে মন্ত্রী-প্রতিমন্ত্রীর তালিকায় যুক্ত হচ্ছেন পাঁচজন সংসদ সদস্য এবং একজন উপদেষ্টা। নতুন করে দায়িত্ব পেতে যাওয়া পাঁচজনকে ইতোমধ্যে শপথের জন্য বঙ্গভবনে ডাকা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার আগে তারা বঙ্গভবনে পৌঁছেছেন।

তাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন করে মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের মধ্য দিয়ে সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস হচ্ছে। এর ফলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বের পরিধিও বাড়তে পারে।

নতুন করে দায়িত্ব পেতে যাওয়া ব্যক্তিদের শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের বঙ্গভবনে ডাকা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন।

তবে কে কোন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশের আগে বিস্তারিত জানা যাচ্ছে না। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

নতুন তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় রাজনীতিতে তার দীর্ঘদিনের ভূমিকা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে মন্ত্রিসভায় নেওয়ার মধ্য দিয়ে বিএনপির বাইরে থাকা মিত্র রাজনৈতিক শক্তিরও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হওয়ার বিষয়টি সামনে এসেছে।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও নতুন করে সরকারের দায়িত্বে আসছেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির হয়ে দীর্ঘদিন কাজ করা এই নেতা দলের চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক সহযোগী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

লন্ডনে অবস্থানকালে বিএনপির আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগে তার ভূমিকা ছিল। সম্প্রতি তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা করা হয়েছিল। এবার মন্ত্রিসভায় তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালের জাতীয় সংসদেও এমপি নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি এবার মন্ত্রিসভায় তার দায়িত্ব আরও বাড়ানো হচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ