মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি এ কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি কিসিঞ্জার মারা গেছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় কানেটিকাট অঙ্গরাজ্যের সাউথ কেন্টে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
পরিবারের পক্ষ থেকে ন্যান্সি কিসিঞ্জারের মৃত্যুর খবর জানানো হয়েছে।
হেনরি কিসিঞ্জার ২০২৩ সালের ২৯ নভেম্বর ১০০ বছর বয়সে মারা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে দেশটির পররাষ্ট্রনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়।
১৯৭৪ সালে হেনরি কিসিঞ্জারের সঙ্গে বিয়ের পর ন্যান্সি দীর্ঘদিন স্বামীর কূটনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী ছিলেন। বিভিন্ন আন্তর্জাতিক সফরে তাঁর সঙ্গে ভ্রমণ করেছেন তিনি। ১৯৭৭ সালে হেনরি কিসিঞ্জার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরও ওয়াশিংটনের পরিচিত দম্পতি হিসেবে তাঁরা বিভিন্ন রাষ্ট্রীয় নৈশভোজ, দূতাবাসের অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনে অংশ নিতেন।
নিউইয়র্ক শহরেও কিসিঞ্জার দম্পতির পরিচিতি ছিল। তাঁদের মূল বাসভবন ছিল সেখানে। বিভিন্ন জাদুঘরের উদ্বোধন, ফ্যাশন শো এবং দাতব্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তাঁদের নিয়মিত দেখা যেত।
১৯৮০-এর দশকের শুরু থেকে সামাজিক ব্যস্ততা কমিয়ে অবসর জীবন কাটাতে শুরু করেন তাঁরা। কানেটিকাটের সাউথ কেন্টে তাঁদের প্রায় ৩০০ একরের একটি বাড়ি ছিল। গ্রীষ্মকাল ও সাপ্তাহিক ছুটির সময় তাঁরা সেখানে কাটাতেন।
ন্যান্সি কিসিঞ্জারকে ঘনিষ্ঠজনেরা বুদ্ধিমতী, দক্ষ, আন্তরিক ও রসবোধসম্পন্ন নারী হিসেবে বর্ণনা করেছেন। তবে তাঁর জীবনের কিছুটা সময় স্বামীর বিতর্কিত রাজনৈতিক উত্তরাধিকারের ছায়াতেও কেটেছে।
হেনরি কিসিঞ্জার ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে উত্তেজনা কমানোর উদ্যোগ, চীনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ভিয়েতনাম যুদ্ধের অবসানে প্যারিস শান্তিচুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিসিঞ্জার। এ কাজের জন্য ভিয়েতনামের কূটনীতিক লে দুক তো’র সঙ্গে যৌথভাবে ১৯৭৩ সালের নোবেল শান্তি পুরস্কার পান তিনি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array