খুঁজুন
                               
, ,
           

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ
নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

আগামীকাল নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে সরে দাঁড়ান। এর একদিন আগে, বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি হিসেবে শপথ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথ শেষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক আবাসিক কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হচ্ছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার

কক্সবাজার থেকে বাইসাইকেল চালিয়ে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান।

জানা গেছে, স্থলপথে সমুদ্রপৃষ্ঠ থেকে বাইসাইকেল চালিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম পাহাড়ি তরুণ হিসেবে দাবি করা হচ্ছে বীর কুমারকে।

কক্সবাজার থেকে হিমালয়ের পথে

‘সি টু হিমালয়াস এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ নামে তাঁর এই অভিযান শুরু হয় ১৬ আগস্ট। কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন তিনি।

এরপর বাইসাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বীর কুমার। ভারতের শিলিগুড়ি হয়ে পরে নেপালে পৌঁছান তিনি। সেখান থেকেই শুরু হয় হিমালয়ের দুর্গম পথে সাইকেল অভিযানের কঠিন পর্ব।

৩৮ দিনের এই অভিযাত্রায় পাহাড়ি পথ, দীর্ঘ দূরত্ব এবং উচ্চতার পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হয়েছে তাঁকে।

শুধু এভারেস্ট জয় নয়, ছিল সচেতনতার বার্তা

বীর কুমার তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই অভিযানের উদ্দেশ্য শুধু হিমালয়ে পৌঁছানো ছিল না।

রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা নিয়ে সচেতনতা তৈরি করা ছিল অভিযানের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরতেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগেও করেছেন নানা সাইকেল অভিযান

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার তনচংগ্যা এর আগেও সাইকেলে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরেছেন। তিনি বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পাড়ি দিয়েছেন দেশের দীর্ঘ ক্রস-কান্ট্রি রুট।

এ ছাড়া ভারতের ১০টি রাজ্যেও সাইকেলে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অভিযানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত বীর কুমার। তিনি ‘কাপ্তাই ব্লাড ব্যাংক’ ও ‘ওয়াগ্গা ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করছেন তিনি।

এবার কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত তাঁর ৩৮ দিনের সাইকেলযাত্রা সেই ধারাবাহিকতায় যোগ করল আরেকটি উল্লেখযোগ্য অধ্যায়।

কালের আলো/এসএ

মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ
মিডল্যান্ড ব্যাংকে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ

মিডল্যান্ড ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উভয় পদেই কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রবেশনারি অফিসার

এই পদে আবেদন করতে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের এক বছরের প্রবেশনকাল থাকবে। এ সময়ে আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। সফলভাবে প্রবেশনকাল শেষ করতে পারলে ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার

এ পদে আবেদনের জন্য স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

বয়সসীমা

প্রার্থীকে সর্বোচ্চ ৩২ বছর বয়সী হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রবেশনারি অফিসার পদের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে দেখুন

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে দেখুন

আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬।

কালের আলো/এসএ

শিল্পকলার ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
শিল্পকলার ডিজির অতিরিক্ত দায়িত্ব পেলেন হারুন-অর-রশীদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাঃ হারুন-অর-রশীদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মোহাঃ হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।

এদিকে, দায়িত্ব পাওয়ার দিনই মোহাঃ হারুন-অর-রশীদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন বলে জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)কে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছিল সরকার। তার নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় পদটি শূন্য হয়। এরপর নিয়মিত মহাপরিচালক যোগদানের আগ পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো মোহাঃ হারুন-অর-রশীদকে।

কালের আলো/এমএসআইপি