খুঁজুন
                               
, ,
           

জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধাঞ্জলি

রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নতুন চার মন্ত্রীদুই প্রতিমন্ত্রী

শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় গতকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় চারজন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নতুন মন্ত্রী আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী–২ আসনের সংসদ সদস্য। রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কোষাধ্যক্ষ। এত দিন তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জামালপুর–১ আসনের সংসদ সদস্য। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী পার্বত্য বান্দরবান আসনের সংসদ সদস্য। আর বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ভোলা–১ আসনের সংসদ সদস্য।

হুমায়ুন কবির এত দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। আর শামীম কায়সার গাইবান্ধা–৪ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:০৫ অপরাহ্ণ
ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্যাংকলরিসিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী এলাকার নিয়ামত আলী, তার স্ত্রী ও মেয়ে এবং সিএনজিচালিত অটোরিকশার চালক লালন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে সিলেটের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য স্বস্তি, ভিসা নীতি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য স্বস্তি, ভিসা নীতি বাতিল

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত রাখার মার্কিন প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালতআদালত এই নীতিকে বেআইনি ঘোষণা করে বলেছে, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

 

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাস শুক্রবার দেওয়া রায়ে বলেন, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত ভিসা স্থগিতের নীতি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি কেন্দ্রীয় অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

আদালতের রায়ে বলা হয়, শুধু আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট শ্রেণির অভিবাসী ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া আইন নির্ধারিত কাঠামোর লঙ্ঘন। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, লাতিন আমেরিকা, বলকান, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।

এর আগে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, এসব দেশের অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। তবে অভিবাসী অধিকার সংগঠনগুলো এই নীতির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতের রায়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। মামলাটি দায়ের করেছিল অভিবাসী অধিকার রক্ষায় কাজ করা কয়েকটি সংগঠন এবং সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিক ও তাদের স্বজনদের জন্য ভিসার আবেদনকারী মার্কিন নাগরিকরা।

ট্রাম্প প্রশাসন শুরু থেকেই অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। তবে আদালতের সর্বশেষ রায়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত রাখার নীতিতে বড় ধরনের আইনি বাধা তৈরি হলো।

কালের আলো/এমএসআইপি

জ্বালানি সংকট কাটবে, তবে ধীরগতিতে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
জ্বালানি সংকট কাটবে, তবে ধীরগতিতে: অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই সমস্যা এক মাসে সমাধান হওয়ার মতো সমস্যা নয়। তবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। জ্বালানি সংকট সমাধান হবে; তবে ধীরগতিতে।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ ছাড়া অর্থনীতিতে কোনো কিছুই করা সম্ভব নয়। এ জন্য সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘একা অর্থমন্ত্রী বা সরকার কিছু করতে পারে না। বিনিয়োগের পরিবেশ তৈরিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় এসে বারবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে।’

ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠন এবং ওয়েবসাইট চালু করা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা কোথাও আটকে গেলে তা সমাধানে সরকার বদ্ধপরিকর। তবে কোথাও বাধার মুখে পড়লে ব্যবসায়ীদেরও নিজ উদ্যোগে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

এদিকে সরকারি দফতরে অযথা বারবার কাগজপত্র চাওয়া ও অনৈতিক অর্থ দাবির কারণে মানুষের যে অতিরিক্ত খরচ ও ভোগান্তি হয়, তা বন্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

আরও পড়ুন: গ্যাস হুট করে আনার জাদু নেই, সংকট সমাধানে লাগবে ২ বছর: অর্থমন্ত্রী

তিনি বলেন, ‘এই হয়রানি জ্বালানি সংকটের মতো নয় যে সমাধানে দুই বছর সময় লাগবে। সরকার চাইলে এই ‘হয়রানি ট্যাক্স’ বন্ধ করতে পারে।’

কালের আলো/আরডি/এমডিএইচ