খুঁজুন
                               
, ,
           

দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) কলকাতা থেকে মরদেহগুলো বাংলাদেশে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এদিন সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আর বিকেলে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।

এছাড়া ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে দেশে আনা হয়।

গত বুধবার (১৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করে।

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গতকাল রাতে কলকাতায় সৎকার করা হয়েছে।

এক্ষেত্রেও বাংলাদেশ উপহাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়েছে বলে জানানো হয়।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক সর্বনিম্ন: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
বাংলাদেশের ওপর মার্কিন শুল্ক সর্বনিম্ন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফ (পারস্পরিক শুল্ক) শুধু বাংলাদেশের জন্য নয়, বিভিন্ন দেশের ওপরই আরোপ করা হয়েছে। বাংলাদেশের ওপর সাধারণ শুল্কের বাইরে বর্তমানে ১০ শতাংশ ট্যারিফ প্রয়োগ করা হয়েছে, যা সর্বনিম্ন হারের মধ্যে একটি।

শনিবার (২২ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারতের যে-সব ব্যবসায়ী বাংলাদেশে এসেছেন, তাদের কেউ কেউ ইতোমধ্যে দেশে বিনিয়োগ করেছেন। তারা বাংলাদেশ ও ভারতের স্থলবন্দরগুলো পুরোপুরি কার্যকর করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, স্থলবন্দরগুলো বন্ধ থাকার কারণে ভারতীয় ব্যবসায়ীদের কাঁচামালের মূল্য বেড়ে যায় বলে তারা জানিয়েছেন। এছাড়া, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য একটি টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো তৈরির জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীরা এফবিসিসিআইয়ের নেতাদের কাছে দিয়েছেন। তিনি এসব প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে তাদের কিছু প্রস্তাব ও পরামর্শ রয়েছে। সরকার সেগুলো বিবেচনায় নিয়েছে।

বাণিজ্য বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আমদানি রফতানির তুলনায় বেশি। পৃথিবীর অনেক দেশেই আমদানি বেশি এবং রফতানি তুলনামূলকভাবে কম। এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রফতানি বাড়লে আমদানির পরিমাণও বাড়বে। রফতানি ও আমদানি মিলিয়ে দেশের মোট বাণিজ্যের পরিমাণ আরও বহুগুণ বাড়ানো প্রয়োজন। দেশের অর্থনীতির আকারের সঙ্গে বাণিজ্যের পরিমাণের সামঞ্জস্য থাকা দরকার।

তিনি বলেন, দেশটির আমদানি-রপ্তানি মিলিয়ে বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৮০০ বিলিয়ন ডলার। সেখানে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ৬০০ বিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনীতির আকারের সঙ্গে এই বাণিজ্যের পরিমাণ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সিলেটের আইনশৃঙ্খলা কেমন আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা কেমন দেখতে চাই। প্রথম হলো, সিলেটে আমরা কোনো মাদকের আনাগোনা দেখতে চাই না। দ্বিতীয়ত, সিলেটে আমরা কোনো অনলাইন জুয়া দেখতে চাই না। সিলেটে কোনো কিশোর গ্যাংয়ের তৎপরতা আমরা দেখতে চাই না। আমরা এ বিষয়ে এসএমপির কাছে আমাদের স্পষ্ট বার্তা দিয়েছি যে, আগামী দিনে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের কোনো তৎপরতা আমরা সিলেটে দেখতে চাই না।

এমপি মুক্তাদির বলেন, এসব সমস্যা নির্মূলে আইনের মধ্যে থেকে যা করা দরকার, তিনি তা করবেন।

চাকরিজীবীদের জীবনমান ও মূল্যস্ফীতির প্রভাব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রশ্নটি অর্থমন্ত্রীর কাছে করা উচিত। তিনি বলেন, মাননীয় অর্থমন্ত্রীর প্রশ্ন আপনি আমার কাছে নিয়ে এসেছেন। এই প্রশ্নের উত্তর তিনিই দেবেন।

গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজব্যবস্থা টিকিয়ে রাখা এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকদের মুক্তমনে প্রশ্ন করার অধিকারই সবচেয়ে বড় শক্তি। তিনি পুলিশ প্রশাসনসহ সরকারি সব প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান, যেন প্রশাসনিক কাজে পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে।

এর আগে, এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ ও তার অধীনস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে সারাদেশে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

সভায় স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।

রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এটি যেন সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘ মেয়াদে পরিচালনাযোগ্য হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এর আগে, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

সন্ত্রাসী-মাদক কারবারিদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
সন্ত্রাসী-মাদক কারবারিদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত নির্মূলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ব্যর্থ হলে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র বড় বড় হাসপাতাল, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীকে টার্গেট করে ভয়ভীতি, হুমকি এবং সর্বশেষ হামলার মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছিল। চক্রটির সাত সদস্যের মধ্যে পুলিশডিবি চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, লক্ষ্মীপুর, যাত্রাবাড়ী ও সাতারকুল থেকে তিনজনকে এবং হামলার দিন ঘটনাস্থল থেকে আরও একজনকে আটক করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের আরও কাজ করা বাকি আছে। এসব সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রকে নির্মূল করতে চাই।

আজকেও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি, তাদের অতিশীঘ্র হেফাজতে নিতে হবে। যারা এতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজরা রাতারাতি কোটিপতি হতে চায়। এগুলোই হয়তো তাদের উদ্দেশ্য। তারা গডফাদারদের নামও ব্যবহার করে। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যেই মূলহোতাকে গ্রেপ্তার করতে পেরেছে। সে বিদেশে ছিল। হুন্ডি ব্যবসায় লোকসান খেয়ে দেশে এসে কিছু সন্ত্রাসীকে একত্রিত করে চক্রটি গড়ে তুলেছে। তাদের টার্গেট ছিল ধনাঢ্য ব্যক্তিরা।

তিনি আরও বলেন, আমরা শুধু চাঁদাবাজদের তালিকা করছি না; চাঁদাবাজদের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকেন, তাদের তালিকাও করছি।

কালের আলো/আরডি/এমডিএইচ