খুঁজুন
                               
, ,
           

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। সরকারপ্রধান হিসেবে এটিই হবে তাঁর প্রথম জাতিসংঘ ভাষণ।

অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাইডলাইন অনুষ্ঠান ও কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। জাতিসংঘ সফরের আগে অন্য কোনো দেশে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন সফরসূচি চূড়ান্ত করতে ব্যস্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

সবকিছু ঠিক থাকলে সফরকাল হবে আট থেকে দশ দিন। নিউইয়র্কে অধিবেশন শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে ফিরবেন তিনি।

এবারের অধিবেশনে বিশেষ তাৎপর্য রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় চল্লিশ বছর পর একই সঙ্গে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক মহলে নজর কেড়েছে।

২০০৬ সালে শেষবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর এবারের সফরকে স্মরণীয় করে তুলতে নিউইয়র্কে বড় নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে। জানা গেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ ইতোমধ্যে ভার্চুয়াল প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা নিউইয়র্কে জড়ো হবেন।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ছিল গত জুনে মালয়েশিয়া ও চীন। সেখানে জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও অন্যান্য বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর বেশ কয়েকটি দেশ থেকে আমন্ত্রণ এলেও জাতিসংঘ অধিবেশনের আগে অন্য কোনো সফর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন পরিকল্পনা সরকারের

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে সরকার। শিল্পকারখানার উৎপাদন সচল রাখা, গ্যাস সরবরাহ বাড়ানো, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, গ্যাসের সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামত করা হয়েছে। তবে এলএনজি কার্গো সরবরাহে কিছু সমস্যার কারণে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগছে।

শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে গ্যাস ও বিদ্যুতের বকেয়া বিল এককালীন পরিশোধের পরিবর্তে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

গ্যাসের ওপর চাপ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে দ্রুত পূর্ণ সক্ষমতায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। এতে শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, ভোলার নতুন গ্যাসক্ষেত্রের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে জরুরি পাইপলাইন নির্মাণ সম্পন্ন হয়েছে। দ্রুত এই গ্যাস জাতীয় পর্যায়ে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতেও বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশ থেকে আমদানিনির্ভরতা কমাতে ১ হাজার ৭৫০ মিলিয়ন স্ট্যান্ডার্ড ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যে ১৫০টি কূপ খনন ও উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে দীর্ঘদিন পর্যাপ্ত গুরুত্ব দিয়ে স্থলভাগে গ্যাস অনুসন্ধান করা হয়নি। এখন নতুন করে দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করা হচ্ছে।

এলএনজির আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গত বছরের একই সময়ে প্রতি ইউনিট এলএনজির দাম ছিল প্রায় ১২ থেকে ১৪ ডলার। বর্তমানে তা বেড়ে প্রায় ২৪ ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট ও ইউরোপের বাড়তি চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের ওপর চাপ তৈরি হয়েছে।

কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে গ্যাস সরবরাহ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।

তথ্য উপদেষ্টা বলেন, চলমান সংকট একদিনে তৈরি হয়নি; এটি বহু বছরের পুঞ্জীভূত সমস্যার ফল। সংকট কাটিয়ে একটি ভালো অবস্থায় যেতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তবে এ সময়ের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা নেই; বরং ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে সরকার।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন আনসার-ভিডিপির ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন আনসার-ভিডিপির ডিজি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে উৎসবমুখর ও গৌরবোজ্জ্বল পরিবেশে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান, নতুন পদায়নপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সদর দপ্তর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ উপমহাপরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. আসাদুজ্জামান গনীসহ চাকরিজীবনের ২০ বছর পূর্ণ করে পরিচালক ও উপপরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপসচিব পদে নতুন কর্মস্থলে পদায়নপ্রাপ্ত মোহা. ইয়াছিন আরাফাত এবং চাকরিজীবন শেষে অবসরে যাওয়া বিদায়ী কর্মকর্তা পরিচালক মো. আব্দুস সামাদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে অর্জিত এই পদোন্নতি কর্মকর্তাদের আগামী দিনের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট, ঢাকা মহানগরের ৪ জোনের অধিনায়ক এবং পদোন্নতিপ্রাপ্ত ও বিদায়ী কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষ আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য ইসির সঙ্গে বৈঠক করা হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের তফসিল, তারিখ নির্বাচন কমিশন নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফিং করবে।

বৈঠকে মূল আলোচ্য বিষয় পানি সরবরাহে ডেনমার্কের সহায়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। বলেন, রাজধানীতে পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা করবে। এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না।

এ প্রকল্প বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন সম্ভব হবে।

রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

কালের আলো/আরডি/এমডিএইচ