খুঁজুন
                               
, ,
           

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও একজন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও একজন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে এক সশস্ত্র ব্যক্তি হঠাৎ দোকানটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এ সময় দোকানে কর্মরত রাজুর বুকে গুলি লাগে। একই ঘটনায় অপর এক বাংলাদেশির পায়েও গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। পায়ে গুলিবিদ্ধ অপর বাংলাদেশি চিকিৎসা শেষে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

নিহত মো. রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজুর মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে।

এদিকে নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

কালের আলো/এসএ

অনুমোদন ছাড়াই পানি ও কেক উৎপাদন, রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
অনুমোদন ছাড়াই পানি ও কেক উৎপাদন, রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ও গুণগত মানসনদ না থাকায় খাবার পানি ও জন্মদিনের কেক উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘রোজ পিওর ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ নবায়ন না করেই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। একই সঙ্গে পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অভিযোগও পাওয়া যায়।

অন্যদিকে, একই এলাকার ‘শোয়াইব সিফাত বেকারী’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ডেকোরেটেড কেক বা জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের কাছে গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

নকশা ছাড়াই হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে লাইসেন্স দেয়: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
নকশা ছাড়াই হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে লাইসেন্স দেয়: সিডিএ চেয়ারম্যান

আবাসিক এলাকায় নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনে নকশাবহির্ভূত স্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে নগরের ট্রিটমেন্ট হাসপাতাল, ল্যানসেট হাসপাতাল, শেভরন বেলভিউ ও একুশে হাসপাতালে অভিযান চালানো হয়। সিডিএ চেয়ারম্যান নিজেই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সিডিএর প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল আজম ও স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে শেভরন হাসপাতালের ভবনে অনুমোদিত নকশার ব্যত্যয় দেখতে পায় সিডিএ। নকশা অনুযায়ী ভবনটির গ্রাউন্ড ও ফার্স্ট ফ্লোরে গাড়ি পার্কিংয়ের জায়গা থাকার কথা থাকলেও সেখানে বিভিন্ন স্থাপনা ও অভ্যর্থনা কক্ষ নির্মাণ করা হয়েছে। এ কারণে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিন মাসের সময় দেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রিটমেন্ট হাসপাতালে অভিযানকালে মালিকপক্ষ বা দায়িত্বশীল কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে হাজির হয়ে ভবনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বছরের পর বছর ধরে এসব বাণিজ্যিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, সিডিএর অনুমোদন না থাকা সত্ত্বেও স্বাস্থ্য অধিদপ্তর বা ডিজি অফিস কীসের ভিত্তিতে এসব হাসপাতালকে লাইসেন্স বা অনুমোদন দিচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সব বিভাগকে নিজ নিজ দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল হতে হবে। শুধু হাসপাতাল পরিচালনার লাইসেন্স থাকলেই হবে না, ভবনের নকশা ও অন্যান্য আইনগত অনুমোদনও নিশ্চিত করতে হবে।

সিডিএ জানিয়েছে, অভিযানে চিহ্নিত নকশাগত ত্রুটি ও অনিয়ম সংশোধনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অনুমোদন না নেওয়া হলে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি প্রতিষ্ঠান সিলগালা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নগরের অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিডিএ।

কালের আলো/এএইচ/এমএসআইপি

পাহাড়ি ঢলে আখাউড়ায় তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
পাহাড়ি ঢলে আখাউড়ায় তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার তিনটি ইউনিয়নের ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে প্লাবিত হয়েছে।

ভারী বৃষ্টির কারণে রোববার (২৩ আগস্ট) রাত থেকে সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত পানি বাড়ছে। তবে ধানি জমি তলিয়ে গেলেও বাড়িঘরে পানি প্রবেশ করেনি।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪০১২ হেক্টর ধানি জমি দুই সপ্তাহ আগে রোপণ করা হয়েছিল। আকস্মিক পানি বৃদ্ধির ফলে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দুই থেকে তিন দিনের মধ্যে পানি কমে গেলে ফসলি জমির ক্ষতি হবে না।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলে এই পানি দ্রুত সরে যাবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ধানি জমি তলিয়ে গেছে। এখন পর্যন্ত বাড়িঘরে পানি প্রবেশ করেনি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

কালের আলো/আরডি/এমডিএইচ