সুনামগঞ্জে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫
সুনামগঞ্জের জানিগাঁও নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম শিউলি রানী দাস (২৯)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও যাত্রীরা জানায়, সোমবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় আসলে ঢাকা থেকে আসা অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে শিউলি রানি দাস ঘটনাস্থলেই নিহত হন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ৪ জন গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখ বলেন, সোমবার রাতে সিলেট থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধার করে। এসময় অনেক যাত্রী আহত হয়েছেন এবং ১ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালের আলো/আরডি/এমডিএইচ

আপনার মতামত লিখুন
Array