খুঁজুন
                               
, ,
           

এআই নিয়ে বিশ্বকে সতর্ক করলেন বিল গেটস, চান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
এআই নিয়ে বিশ্বকে সতর্ক করলেন বিল গেটস, চান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাপী নতুন ধরনের নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর মতে, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে একটি নতুন সংস্থা প্রয়োজন, যা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, বিমান চলাচলের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার আন্তর্জাতিক ব্যবস্থার আদলে কাজ করবে।

বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনাও করতে চান গেটস। তাঁর পরবর্তী চীন সফরে নভেম্বরে এ বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন।

গেটস মনে করেন, যুক্তরাষ্ট্র যদি বিপজ্জনক এআই মডেল তৈরির ক্ষেত্রে প্রথমে কিছু বিধিনিষেধ আরোপ করে, তাহলে চীনসহ বিশ্বের অন্যান্য দেশও একই ধরনের উদ্যোগে যুক্ত হতে পারে। বিশেষ করে যেসব এআই মডেল মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, সেগুলোর প্রকাশ ও ব্যবহার নিয়ে আন্তর্জাতিক সমন্বিত নীতিমালা চান তিনি।

এআইয়ের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক অণু তৈরি এবং জৈবিক হামলার সম্ভাবনা নিয়েও উদ্বেগ জানিয়েছেন গেটস। এ ধরনের ঝুঁকি শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য দেশগুলোকে সমন্বিতভাবে কাজ করার প্রস্তাব দিতে চান তিনি। তাঁর মতে, এতে প্রযুক্তি খাতের স্বাভাবিক উন্নয়ন বাধাগ্রস্ত না করেও বিপজ্জনক ব্যবহার ঠেকানো সম্ভব হতে পারে।

সম্প্রতি এআইয়ের সক্ষমতা নিয়ে তাঁর উদ্বেগ আরও বেড়েছে। গেটসের ভাষ্য অনুযায়ী, এআই এখন সাইবার হামলা চালাতে সক্ষমতা দেখাচ্ছে, একই সঙ্গে মানুষের চাকরি প্রতিস্থাপন এবং ব্যবহারকারীদের ওপর মানসিক প্রভাব তৈরির আশঙ্কাও রয়েছে।

বিশেষ করে সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটার প্রযুক্তি বাস্তব ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করে গেটস বলেন, এসব নিরাপত্তা ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

এআইয়ের কারণে কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। তাঁর মতে, প্রযুক্তির কারণে কিছু মানুষের চাকরি হারানোর বিষয়টি শুধু সাময়িক পরিবর্তন হিসেবে দেখলে চলবে না; সমাজ ও অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

এ পরিস্থিতি মোকাবিলায় এআই ব্যবহার করে মানুষের শ্রম প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপের ধারণাও দিয়েছেন গেটস। সেই অর্থ দিয়ে চাকরি হারানো মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা ও পুনঃপ্রশিক্ষণ কর্মসূচি চালানোর প্রস্তাব দিয়েছেন তিনি। পাশাপাশি সমাজে কিছু কাজ মানুষের জন্য সংরক্ষিত রাখার কথাও বলেছেন।

গেটস তাঁর সাম্প্রতিক লেখায় এআইয়ের এমন ভবিষ্যৎ নিশ্চিত করাকে বিশ্বের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন, যেখানে প্রযুক্তির কারণে বৈষম্য বাড়বে না এবং সমাজের দুর্বল শ্রেণি ক্ষতিগ্রস্ত হবে না।

তাঁর প্রস্তাবিত আন্তর্জাতিক সংস্থাটি কীভাবে কাজ করবে, তার পূর্ণাঙ্গ কাঠামো এখনো নির্ধারিত হয়নি। তবে গেটসের বক্তব্যে স্পষ্ট, এআইয়ের বিকাশকে শুধু প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে না দেখে এর নিরাপত্তা, কর্মসংস্থান, অর্থনীতি ও মানবসমাজের ওপর প্রভাব বিবেচনা করে বৈশ্বিক নীতিমালা তৈরির সময় এসেছে।

গেটসের এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন বিশ্বের বিভিন্ন দেশ এআই নিয়ন্ত্রণে নিজেদের নীতিমালা তৈরির চেষ্টা করছে। তাঁর মতে, দেশভিত্তিক বিচ্ছিন্ন উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও এখন জরুরি।

সূত্রঃ রয়টার্স

কালের আলো/এসএ

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এ ছাড়া বাণিজ্য, উন্নয়ন ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

কালের আলো/এমএসআইপি 

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নশিপে জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে চারঘাট থানা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় গোদাগাড়ী থানা দল।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।

খেলা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/আরডি/এমডিএইচ